আমাদের দেশেও এখন অনেক ছেলেমেয়ে স্বেচ্ছাসেবায় জড়িত এবং তারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছে তাদের আশেপাশের মানুষদের জীবনটাকে একটু সুন্দর করতে। জাগো এবং কমিউনিটি একশন এর দু’টি উদাহরণ। আমার প্রথম কমিউনিটি সার্ভিসের সুযোগ হয় আজ থেকে দশ বছর আগে। আমাদের হাইস্কুলের এডুকেশন ক্লাবের সদস্য হবার সুবাদে এলাকার একটি ফ্রী স্কুলে প্রতি বুধবারে যেতাম ইংরেজী পড়াতে। অসম্ভব সুন্দর একটি অভিজ্ঞতা ছিল সেটি। মনে আছে ছোট ছোট ছেলেমেয়েরা কাঁচা আম, পেয়ারা, ফুল নিয়ে হাজির হতো ক্লাসে আমাকে দেয়ার জন্য। এমন নির্ভেজাল ভালবাসা জীবনে খুব একটা জুটে না।
পরে ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য হিসেবে অনেক সুযোগ এসেছিল এবং প্রতিটি অভিজ্ঞতাই মনে কোন না কোন ভাবে দাগ কেটেছিল। অন্যের মুখে হাসি ফোটানোতে কি সুখ এটা যারা ভলান্টারী বা কমিউনিটি সার্ভিসেসে জড়িত তারা খুব ভাল বলতে পারবে। যখন সোহায়লা, নাবিলা, করভীর মত ছেলেমেয়েদের কর্মকান্ডের কথা পড়ি তখন নিজের অজান্তেই চোখে জল আসে। ভাবি এদের মত বড় মনের মানুষ কখনও কি হতে পারবো?
আমেরিকাতে এসে ভলান্টারী সার্ভিসের ব্যাপারটি নতুন করে আবার চোখে পড়লো। এই দেশে কমিউনিটি সার্ভিস অনেক হাইস্কুলে বাধ্যতামূলক। জীবনটাকে নতুন চোখে দেখতে শেখায় এমন স্বেচ্ছাসেবা। প্রথম যখন জানতে পারলাম যে আমি যেই হস্পিটালে কাজ করছি সেখানে বিভিন্ন বয়সের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক আছে তখন খুব অবাক হয়েছিলাম। আর এটিতো মাত্র একটি হস্পিটালের কথা। এমন অনেক অনেক প্রতিষ্ঠানে বিনে পয়সায় কাজ করে যাচ্ছে হাজার হাজার মানুষ শুধুমাত্র অন্যের মুখে হাসি ফোটাতে, সমাজের জন্য কিছু হলেও করবার আশায়। আমি একটা সময় এই দেশে কিছু মাস একটি বৃদ্ধাশ্রমে কাজ করেছিলাম স্বেচ্ছাসেবক হিসেবে। সেখানেও দেখেছিলাম প্রায় শ’খানেক মানুষকে প্রতিমাসে স্বেচ্ছাসেবকে হিসেবে কাজ করতে। পুরো ব্যাপারটিতে ভাষায় প্রকাশ করা যায়না এমন এক ধরনের নিরেট আত্মতৃপ্তি এবং আনন্দের উপাদান আছে।
আজ কাজের খাতিরে এক বৃদ্ধ ভদ্রলোকের সাক্ষাৎকার নেয়ার কথা ছিল। জানলাম সে অবসর গ্রহণ করবার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। শুধু আমি যেই হস্পিটালে কাজ করি সেখানেই সে ৪০০০ ঘন্টারও বেশি সময় কাজ করেছে স্বেচ্ছাসেবক হিসেবে। তার বয়স জিজ্ঞেস করা হয়নি, মুখোমুখি সাক্ষাৎকারে সেটি হয়তো জিজ্ঞেস করবো কিন্তু তিনি যে সত্তুরের কোঠা প্রায় পার করে ফেলেছেন সেটি চোখ বন্ধ করে বলে দেয়া যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৫ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



