টার্কি কখনই ওভাবে খাওয়া হয়ে উঠেনি। নিজেও কখনও টার্কি রোস্ট করিনি। সাহসেও কুলোয়নি - বিশালাকৃতির পাখি এটি। কালকে মনে মনে ভাবছিলাম কেউ যদি দাওয়াত দিত। অবিশ্বাস্য হলেও সত্যি যে ২৪ ঘন্টার মাঝে তিন তিনটি দাওয়াত পেয়ে গেলাম! তিনটিতে তো আর যাওয়া সম্ভব না তাই একটিতে দুপুরে গেলাম।
খাওয়ার অনেক আয়োজন ছিল এবং প্রত্যেকটি আইটেম অতিশয় সুস্বাদু। যদিও দেশের মতন না - মসলা, তেলের বালাই নেই কিন্তু তারপরও সুস্বাদু। আস্ত একটি টার্কির রোস্ট তো ছিলই, তার সাথে ছিল গার্লিক ব্রেড, কর্ন, মটরশুটি (কর্ন আর মটরশুটি দু'টোই সিদ্ধ করা হয়েছিল হালকা লবন এবং কোন এক ধরণের মসলা দিয়ে), ক্যাসেরোল (ক্যাসেরোল হচ্ছে এক ধরণের বাটি যেটিতে খাবার বানিয়ে সেটিতেই পরিবেশন করা হয়। ম্যাকারনি, সবজি, পনির ইত্যাদি মিশিয়ে ওভেনে বেক্ করতে দেয়া হয়), গ্রেভি, ম্যাশড পটেটো, মিষ্টি আলু (যেটিকে এখানে বলে ইয়াম) এবং পাম্পকিন পাই (যদিও খেয়ে কেউ বলতে পারবে না এটি মিষ্টিকুমড়ো দিয়ে তৈরী কোন খাদ্য, খেতে অনেকটা দেশের গাজরের হালুয়ার মত)। সাধারণত এই ধরণের খাবারই বানানো হয় থাংক্সগিভিং এ। অনেকেই এগুলোর সাথে রাখে cranberry সস্।
ভাল একটি দিন কাটালাম। দিন এখনও শেষ হয়নি। থ্যাংক্সগিভিং এর রাতে দেয়া হয় সবচেয়ে বড় সেল - মূল্যহ্রাসে বিক্রি হয় সবকিছু। আগে রাত ১২টায় খুলে যেত দোকানপাট, গত দু'বছর ধরে দেখছি অনেক দোকানপাট রাত ৯টাতেই খুলে যায়। সারারাত চলে বেচাকিনি। কাল সারাদিনও চলবে এই বেচাকিনি - একে এখানে বলে Black Friday। এই নামকরনের ইতিহাস আমার জানা নেই।
আমার আম্মু এখানে, সে মহা উৎসাহিত পুুরো ব্যাপারটি নিয়ে। আমরা রাত ৯টায় বের হবো, সে সন্ধ্যাবেলায় ঘুমোতে চলে গেছে রাত জাগতে হবে এই ভাবনাতে...।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



