সার্কাসের ভাড়
-অদ্বিতীয়া সিমু
যিশুর হর্ষিত চোখের তারায় সেদিন তোমায় দেখলাম-
একটা বিষ মাখানো খাম হাতে দাঁড়িয়ে আছ জোস্নাপাড়ায়।
দিব্যি-উগ্র একটা অবয়ব নিয়ে নগ্ন প্রেম হাতে
জলের ফেনার মত আকাশের নষ্ট মেঘের সাথে
কখনও মাতাল বিজলীর সংগে সটকে পড়ছ।
ভাবছ, আমার বিউগলের সুর তুমি ফাঁকি দেবে!
বাসী কোন উর্বশীর নক্ষত্র হাসিতে লুকাতে চাও!
তবু দেখি প্রকাশ্য চাঁদের আলোতে ধরা পড়-
আমার গভীর চেতনার চাঁদ তোমায় ছুঁয়ে দেয়।
তুমি পিছু ছুটতে থাক গোলাকৃতি দুপুরের সরু রাস্তা ধরে-
স্বরলিপির অক্ষম গুপ্তপথে তুমি অযথাই ছোট।
অবিন্যস্ত জলাভূমি শুধায়-কে পালায়?
আমি মৃদু হাসি-
ভাবি-
তুমি কোন সার্কাসের ভার!
এখনো বোঝনি-
আমি পোড় খাওয়া নারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


