পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিষয়টি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এই বিচারপ্রক্রিয়ায় কোনো দোষী ব্যক্তি কিংবা দোষী সাব্যস্ত হতে পারেন, এমন কারও জন্য কারও সুপারিশ কাম্য নয়।
আজ রোববার সন্ধ্যায় দীপু মনি তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ জামায়াতের অন্য নেতাদের ফাঁসি না দেওয়ার অনুরোধ জানিয়ে সম্প্রতি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। এই চিঠির প্রেক্ষাপটে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে তুরস্কের একটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদল। ভিসা শিথিল কর্মসূচির অপব্যবহার করে প্রতিনিধিদলটি যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ায় জামায়াতের নেতাদের পক্ষে দূতিয়ালি করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে দীপু মনি বলেন, তুরস্কের একটি বেসরকারি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তাদের সফরের ব্যাপারে আমরা আরও কাগজপত্র চেয়েছি। এখন পর্যন্ত আমরা যেসব কাগজপত্র পেয়েছি, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। কারণ, তুরস্কের সঙ্গে ভিসা শিথিল করার বিষয়ে যে চুক্তি রয়েছে, সেটির আওতায় তাদের নাগরিকেরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে অন অ্যারাইভাল ভিসা (আগমন-পরবর্তী ভিসা) পান। সেটি ব্যবহার করেই এনজিও প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করে। তবে সফরকারীদের সবাই বিশেষ সুবিধা পাওয়া ব্যক্তির তালিকায় থাকা পাসপোর্টধারী কি না, কিংবা যদি এই তালিকায় না হন তবে কী পরিচয়ে তাঁরা এসেছেন, সেটি জানার আছে। তবে তাঁরা বাংলাদেশে এসে যা করেছেন, তা ভিসা শিথিলের আওতায় কাজের মধ্যে পড়ে না। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডেকে এনে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। এ ছাড়া তুরস্ক সরকার সে দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তাদের অবস্থান জানিয়েছে। তাঁদের মূল কথা হচ্ছে, তাঁরা আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাননি। কিংবা হস্তক্ষেপ করতে চান না।’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গোলাম আযমসহ জামায়াতের অন্য নেতাদের মৃত্যুদণ্ড না দেওয়ার অনুরোধ করেছে তুরস্ক। সম্প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে এ অনুরোধ জানান তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। তুরস্কের এ তত্পরতাকে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ বলে মনে করছে। গত বুধবার বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের মাধ্যমে আঙ্কারাকে ঢাকা জানিয়ে দিয়েছে, আবদুল্লাহ গুলের এ ধরনের তত্পরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। আর বন্ধুরাষ্ট্র হিসেবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি মেনে চলবে তুরস্ক, এটাই বাংলাদেশের প্রত্যাশা। যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া শুরুর পর থেকে এই প্রথম কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সরাসরি এ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করল। তুরস্কের প্রেসিডেন্টের চিঠিটি ১৭ ডিসেম্বর আঙ্কারা থেকে পাঠানো হয়। ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয় ঢাকায় তুরস্কের দূতাবাস। গত বৃহস্পতিবার চিঠি দুটি বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




