সরকারের চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে অবৈধভাবে গোপনে বসবাস করছে বিপুলসংখ্যক বিদেশী নাগরিক। আগমনী ভিসায় ঢাকায় প্রবেশ করার পর পরই অনেক বিদেশীই লাপাত্তা হয়ে যাচ্ছে। পুলিশের কাছে তাদের কোনো হদিস নেই। লাপাত্তা হওয়া এসব বিদেশীদের অধিকাংশই আফ্রিকার নাইজেরিয়া ও ঘানার নাগরিক। পুলিশের বিশেষ শাখা এসব বিদেশী নাগরিকের হদিস পেতে জোর তদন্তে নেমেছে। তবে পুলিশের বিশেষ শাখা এ ব্যাপারে এখনো আশানুরূপ সাফল্য না পেলেও রাজধানীর উত্তরা এলাকায় বিপুলসংখ্যক বিদেশী নাগরিকের বসবাস সম্পর্কে নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১ বছরে এদেশে প্রায় ৪ হাজার বিদেশী নাগরিক প্রবেশ করেছে। তাদের বেশিরভাগই আফ্রিকার ঘানা ও নাইজিরিয়ার নাগরিক। এসব দেশের নাগরিকরা বিমানবন্দরে এসে আগমনী ভিসার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। বর্তমানে বাংলাদেশের কোনো ভিসা নীতিমালা না থাকায় বিনা কারণে তাদের প্রত্যাখ্যান করা যাচ্ছে না। তবে যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ থাকে কেবল মাত্র তাদেরই আগমনী ভিসা প্রদান প্রত্যাখ্যান করা হয়। গত ১ বছরে এমন প্রায় ২৫ জনকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। হারিয়ে যাওয়া আফ্রিকার নাগরিকরা ট্যুরিস্ট ভিসায় এদেশে প্রবেশ করলেও পরেও আর ভিসার মেয়াদ বাড়ায়নি। এমনকি সরকারি কোনো সংস্থাকেও তাদের অবস্থান সম্পর্কে অবহিত করেনি। বিপুলসংখ্যক বিদেশী নাগরিক গায়েব হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ায় পুলিশের বিশেষ শাখা তদন্তে নেমেছে। তাদের খোঁজে রাজধানীর বিভিন্ন এরাকায় গোয়েন্দাদের হানা অব্যাহত রয়েছে।
সূত্র জানায়, গত ১ বছরে ৪ হাজার আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক এক মাসের আগমনী ভিসায় এদেশে প্রবেশকারীদের বেশিরভাগই পর্যায়ক্রমে পাসপোর্ট অধিদফতর থেকে ভিসার মেয়াদ বাড়িয়েছে। ব্যবসায়িক ও লেখাপড়ার জন্য যারা এদেশে এসেছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বিশেষ বিবেচনা করে পাসপোর্ট অধিদফতর। ইতোমধ্যে ৪ হাজার আফ্রিকান নাগরিকের মধ্যে প্রায় ৩ হাজারই ফিরে গেছে। আর ঢাকাতে বৈধভাবে অবস্থান করছে প্রায় ৬শ' আফ্রিকান নাগরিক। কিন্তু ৪শ' নাগরিকের হদিস পাওয়া যাচ্ছে না। লাপাত্তা হয়ে যাওয়া এব নাগরিকদের সবাই কৃষ্ণাঙ্গ। তবে ইতোমধ্যে উত্তরা, মোল্লারটেক, আশকোনা ও নিকুঞ্জ এলাকায় বেশ কিছু আফ্রিকান নাগরিকের সন্ধান পাওয়া গেছে। তবে ঘন ঘন স্থান পরিবর্তনের কারণে তাদের শনাক্ত করতে জটিলতার সৃষ্টি হচ্ছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে, সরকারি সংস্থার চোখ ফাঁকি দিয়ে এদেশে বসবাসকারী আফ্রিকান নাগরিকরা বিশেষ উদ্দেশ্যেই গা-ঢাকা দিয়েছে। ইতিপূর্বে প্রতারণা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরা থানা পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওসব আফ্রিকান নাগরিক মাদক ব্যবসা, আদম পাচার, অসামাজিক কার্যকলাপ ও প্রতারণার মতো অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এমনকি ওসব কৃষ্ণাঙ্গদের কারোর কারোর বিরুদ্ধে এলসি খুলে আফ্রিকা থেকে বিভিন্ন পণ্য আমদানির আশ্বাসে বেশ কয়েকজন ধনাঢ্য ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগও রয়েছে। তাছাড়া রাজধানীর মাদক ব্যবসায়ীদের সাথেও গা-ঢাকা দেয়া আফ্রিকানদের নিবিড় সখ্য রয়েছে। এ চক্রের নারী সদস্যরা উত্তরার বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। তাদের আস্তানায় গিয়ে অনেক নিরীহ বাংলাদেশীই প্রতারণার শিকার হচ্ছে।
সূত্র আরো জানায়, ঢাকায় বর্তমানে বিভিন্ন ক্লাবে বেশ কয়েকজন নাইজিরিয়ান ও ঘানার খেলোয়াড় নিয়মিত খেলছে। কিন্তু খেলার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও অনেক খেলোয়াড়ই নিজ দেশে ফিরে যাচ্ছে না। তারা রাজধানীতেই আত্মগোপন করে বসবাস করছে। এ প্রেক্ষিতে গতবছরের মাঝামাঝি সময়ে ঘানা ও নাইজেরিয়ার খেলোয়াড়দের আগমনী ভিসা প্রদান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এতে বেশ ক'জন নাইজিয়ান ফুটবলারকে গত সেপ্টেম্বরে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়া হয়। উল্লেখ্য, গত এক বছরে প্রায় ৩০ বিদেশী নাগরিককে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে মাত্র ১৮ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক। বাকিরা জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




