একদিন তারা দেখতে খুব ভালো লাগত। আর ভালো লাগত উল্কার ছিটকে পড়া। একটি ঝরে পড়া তারা দেখার জন্য রাতকে রাত খোলা আকাশের নিচে কত যে বসে থেকেছি তার বুঝি কোন হিসাব নেই আজ আমার কাছে। খসে পড়া তারা দেখে আমার সেকি উল্লাস! আর মায়ের বকুনি শুনে যখন ঘুমাতে যেতাম তখন অংকের খাতা খুলে বসতাম আজ রাতে কতটি উল্কার সাথে আমার শুভ দৃষ্টি হয়েছে।
সেদিন এখন আর নেই। এখন খোলা আকাশ দেখার সুযোগই কোথায়? কাজ আর কাজ। কাজের ফাঁকে যদি কোন দিন অবসর পায়ও তাও খোলা আকাশ কোথায় পাব। থুক্কু খোলা আকাশ তো তার জায়গায়ই আছে নেই শুধু খোলা মাঠ কিংবা খোলা লন। আগের বাড়ি গুলোতে বড় বড় লন থাকতো, বারান্দা থাকত ওখানে বসে খোলা আকাশ দেখা যেত। আর এখন বাড়িওয়ালারা এতোই কমার্শিয়াল হয়ে গেছে খোলা লন তো দুরের কথা চিলেকোঠার মতো বদ্ধ খুপরি খুপরি বাড়ি তৈরি করে ভাড়া দিতে পারলেই খুশি। ওদের কাছে খোলা আকাশ দেখে আনন্দ পাওয়াটা একধরনের ছেলেমানুষী খেয়ালীপনা। কড়কড়া নোট হাতে আসলেই ওদের বত্রিশ দাঁত বেরিয়ে আসে খোলা আকাশ দেখে না।
ঢাকা শহরে তো কিছুদিন পর নিঃশ্বাস নেওয়ারও জায়গা থাকবে না। আগেরকার মানুষ ঘরে বসেই আকাশের তারা দেখত আর এখন ঢাকা শহরের মানুষ নভো থিয়েটারে গিয়ে কৃত্রিম তারা দেখে টাকা খরচ করে। আহা দুধের স্বাদ কি কভু ঘোলে মিটানো যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


