একা ঘুমোনোর দিন
-আবু মকসুদ
তীরের মাটি, উল্টানো নৌকা
সামনে যন্ত্রনাদগ্ধ সীমাহীনতা
একদিন উড়ে যাওয়া ভিনদেশী পাখি
স্মৃতি বিষন্নতায় কাতর
চারপাশে ভিড় করে মলিন আকাশ
ভরাট নদীখানি অপসৃয়মান
সন্ধ্যারানী নেমে এলো, দৈন্য বকুলগাছ
মনে পড়ে একা ঘুমোনোর দিন
সময়ের সুদীর্ঘ বাহুডোর পেরিয়ে
সর্বনাশা সাপলুডু খেলে
ক্লান্ত খেলুড়ে নেমে যেতে যেতে...
দিকচিহ্ন হারিয়ে বুনে ব্যথার পশম
কোঁচরে বকুল ফুল, মেয়েটি এলো
আমাকে চিনতে পারো? হঠাৎ মন ছুটলো ময়ুরাক্ষী ধরে
চৈত্র দ্বাদশীর রাতের সেই কাজল কথা
একদিন লিখেছিলো পরাগের উপশমগাঁথা
আকাশ আশ্চর্য উদার অনন্তযাত্রার আগে
আরো একবার ছড়ালো চন্দনঘ্রাণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


