জন্মঋণ
-আবু মকসুদ
আদিম বালিশের তলে গুপ্তকথা
পড়ে আছে, সহসা বেদনা চাড়া দিয়ে
উঠলে শরবনে লুন্ঠিত দেখি একটি
হরিৎ গ্রাম, একটি প্রানবন্ত নদী
নিজেকে খুঁজি উৎস মুখে
পাখির পালকে স্মৃতির শতদল,
বেদনা মোড়া গেট পেরিয়ে
উড়াবো রঙ্গিন ঘুড়ি
আমি নদীটির দিকে যাই
সারা জীবনের জমানো শষ্যকণা
অর্ঘ্য দিয়ে, বসেছি নত মুখে
বিনত ছিলাম না, তবুও বিনতি
একদিনের নৃত্যরতা নদী, গহন করাল
মৃত্যু মেখে কালো কফিনে শুয়ে
মরা তটে অজস্র পাখির কঙ্কাল
সাদা স্বপ্ন খুন হলো মৃত্যু গানে
আরো এগিয়ে গেলে ভাঙ্গা হাটে
তড়পায় সবুজ মাছগুলি
নীল সোয়াটার স্মরণে এলে
চন্দ্রাঘাতে এক পরি উড়ে আসে
গোপন আড়ালের জামরুল গাছ
আর সেই পোড়া চিহ্নটুকু বুকে
কাঁদামাটি চুঁইয়ে পড়ে নাভীতে
সময়ের কিছু দেনা, মাটির মায়া
আমাকে শোধতে হবে জন্মঋণ
কিছু প্রশ্ন আর পেতে হবে উত্তর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


