ভাঙ্গা স্বপ্ন
-আবু মকসুদ
এই বার বলি পাখিকথা
তার উড়বার ছিলো সাধ
হাঁটু জল নদীটি পেরুলেই
পেয়ে যাবে লক্ষিমন্ত উঠোন
আমি আর ভাঙ্গা স্বপ্নগুলো
বাড়ির দক্ষিনের বাগানে শিউলিঝোপ
ঘাসের গন্ধে উতলা মন, জোনাকপোকা
হঠাৎ বৃষ্টি, ঘাসের গন্ধ অঙ্গে মাখামাখি
আমি আর ভাঙ্গা স্বপ্নগুলো
সকালে পাতাপোড়া উৎসব
অবসন্ন রোদে পাখি ফেরা নীড়
হেলানো নিমগাছ ছুঁয়ে পুরনো রেলব্রিজ
আমি আর ভাঙ্গা স্বপ্নগুলো
উত্তর আকাশে চাঁদের ছায়া
ক্ষয়ে উঠা উঠানে মায়াবী পদছাপ
দুপুর পেরুলে দূরের সূর্যডুব।
আমি আর ভাঙ্গা স্বপ্নগুলো...
ঝরাপাতা মাড়িয়ে পৌঁছেছি দূরজন্মে
সঞ্চয় কিছু ধার করা কুসুমস্মৃতি
কালের তপোবনে খেলে না হরিণশিশু
এখন নত জলের কাছে
জীবনের সুরক্ষিত বাগানের বেড়া
ভেঙ্গেছে অনেক কাল
কিছুই বাকি নেই
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


