নিয়মিতভাবে ব্লগিং করা এখন আর সম্ভব হচ্ছে না। হঠাৎ করে দিনগুলো ছোট হয়ে গেছে। ঘড়ির কাঁটা ঘুরছে খুব জোরে। হয়তো বা, নতুন হাইপোথিসিস প্রমানে ব্যস্ত, ব্লগিং কোন নেশা নয়। চাইলে বিরতি নেয়া যায়। ছুটি নেয়া যায়। বাস করা যায় অন্য কোন জগতে। কে জানে কোনটা ঠিক?
বেশ কয়েকদিন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। না, নিজের বিয়ে না। সম্ভবত: নিজের বিয়েতে মানুষকে তেমন ব্যস্ত হতে হয় না যতোটা হতে হয় বাসার আপনজনের বিয়ের যাবতীয় আয়োজন করতে। হঠাৎ করে অভিজ্ঞতার পরিধি অনেক বাড়লো। খাবার আয়োজন, বাজার সওদা, সবদিকে চোখ রাখা, সবাইকে সন্তুস্ট রাখা, লোকজনকে আপ্যায়ন করা, সন্ধ্যা সাড়ে ছয়টার অতিথিকে রাত সাড়ে নয়টায় আপ্যায়ন করা। কিছু অতিথির ব্যস্ততার অজুহাতে না খেয়ে চলে যাওয়া। কিছু ভিআইপি অতিথির সঠিক আপ্যায়ন ও তেলানোর ঘাটতির অভিযোগ কানে আসা। অদ্ভুত। গত সাতদিনে আমার নিজের বয়স অনেক বেড়েছে। ধীরে ধীরে তা প্রকাশ করব। বাবা বলতেন, মানুষ চিনতে হলে তার সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরী করো। বিয়ের আয়োজন করা হয়তো সেধরণের ব্যবসায়িক সম্পর্ক তৈরীতে প্রশিক্ষণের জন্য একটা শর্ট কোর্স।
তবে যে বিষয়টি সবচেয়ে বেশী চোখে পড়ছে তা হচ্ছে সময় সচেতনতা। জিনিসের দাম বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, ঝামেলা বেড়েছে, যানজট বেড়েছে, শুধু কমেছে সময় সচেতনতা। দেরী করলেও নির্বিকার। তাড়া দিলেও নির্বিকার। মনে হয়, আমাদের সবার ঘড়ির কাঁটা থেমে গেছে একেবারে। আর আমরা দ্রুত হয়ে যাচ্ছি প্রস্তর মানুষ
।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৬ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



