কবি গুরুর একটা কবিতা আছে,এটা "শেষ লেখা"'র প্রথম দিনের সূর্য কবিতা।খুব ছোট কবিতা---
প্রথম দিনের সূর্য
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে-
কে তুমি?
মেলে নি উত্তর।
বৎসর বৎসের চলে গেল
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়-
কে তুমি?
পেল না উত্তর ।।
মানুষের সৃষ্টিকালের এক মাত্র জিজ্ঞাস্য....... আমি কে?
একই ভাবে আমরা সেই ভাবের প্রকাশ দেখতে পাই কাহ্নপাদের কবিতায়ও এটা বাংলা ভাষার আদি কবিতা চর্যাপদের ৭ নম্বর কবিতা।
কাহ্নপাদানাম্
(রাগ-পটমঞ্জরী)
আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা।
তা দেখি কাহ্ন বিমণা ভইলা।।
কাহ্ন কহিঁ গই করিব নিবাস।
জো মণ গোআর সো উআস।।
তে তীনি তে তীনি তীনি হো ভিন্না।
ভণই কাহ্ন ভব পরিচ্ছিন্না।।
জে জে আইলা তে তে গেলা।
অবণাগবণে কাহ্ন বিমণা ভইলা।।
হেরি সে কাহ্ন নিঅড়ি জিনউর বট্টই।
ভণই কাহ্ন মো হি অহি ন পইসই।।
ঋষি,দার্শনিক পিরহ তো বলেই দিছেন,"মিথ্যা মিথ্যা না তেমনি সত্যিও সত্যি না, আসলে কিছুই কিছু না,আবার আমি যে বলছি কিছুই কিছু না,এটাও কিছু না।"
সব ই আসলে মিথ্যা আবার সবই সত্যি।
মানুষ এখনও জানে না তার সৃষ্টি রহস্য, জানেনা বলেই সে এখনও সামনে এগিয়ে চলছে।চাঁদ এখনও আমাদের কাছে রহস্য বলেই চাঁদ এখনও আমাদের কাছে সুন্দর।
মৃত্যু রহস্যময় বলেই আজও আমরা অপেক্ষায় থাকি মৃত্যুর।
জীবনানন্দের মত বলতে হয়
"কবে যে আসিবে মৃত্যু,হে কিশোরী, বাসুমতি চালে ধোয়া সাদা হাত খান রাখ বুকে, গোরচরণারূপে আমি করিবো যে স্নান।"
বা "আমি যদি মরে যেতে পারতাম এই শীতে"
আমরা তাকে জানি না বলেই জগৎ আমাদের কাছে এত রহস্যের,একদিন কি জানা যাবে,মনে তো হয় না।আদি কালে মানুষ বুঝতো জগৎ এক মাত্রার দৈর্ঘ্য,পরে জানে না দুই মাত্রার প্রস্থ ও,আরও পরে জানে তিন - উচ্চতা। অনেক দিন চলছিল সেই ধারনা, হঠৎ একজন আমাদের শুধরে দেন,না চার মাত্রা- সময়ও একটা মাত্রা,এখন পর্যন্ত ধরা হয় জগৎ চার মাত্রার,আর তাই তো ধারনা করা হয় - সৃষ্টা যে জগৎ এ বাস করেন তা হয়তো চার মাত্রারও অধিক।
তাই জয়েস এর "শ্রেষ্ঠ উপহার" গল্পের মতই বলতে হয়,শ্রেষ্ঠ উপহারটা নিয়ে এই মায়ার জগৎ ত্যাগ করতে হবে,কিন্তু আফসোস-পাখি উড়ে যাবে,রয়ে যাবে পালক" জানা হবে না অপার রহস্যের সেই আজব কারিগরকে।
একটাই প্রার্থনা ওনার কাছে " ও কারিগর দয়ার সাগর,ও গো দয়াময়, চাঁদনী পসর রাইতে জানি আমার মরণ হয়"।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


