শেষ রাতে সহসা জেগে উঠি
বাতাস-গৃহের জানালা খুলে দিয়ে খুঁজি
অস্পষ্ট আলোর রেখা-
অন্ধকার আকাশে উড়ে বেড়ায়
এক ঝাঁক মেঘভর্তি বিস্ময়
বুঝতে পারি, প্রিয় রঙধনু
ভালো আছো নিশ্চয়।
বাতাসের আমন্ত্রণে জাগে
এক বুক কথা, হা-হা দীর্ঘশ্বাস
ধ্রূপদী নৃত্যে কাছে থাকে
আ্যম্ফিথিয়েটারের সকল ইথারীয় কুশীলব
এ নির্জনগহন রাতে, হাত রেখে হাতে।
পাতা উলটে চলে, একের পর এক
প্রচণ্ড গতিতে কাছে আসতে থাকে
ভেঙ্গে যাওয়া অনালোকিত কোন প্রতিচ্ছবি
কখনোবা ভাসে দূর তেপান্তরের মাঠ
জানি, হাঁটতে পারিনি কখনো-
শুধু খুঁজে ফিরি শূন্য শিউলিতলা
মধ্যরাতের চূড়োয় এখনো।
**********
আশরাফুল কবীর
২২শে আষাঢ়, ১৪১৯
মতিঝিল, ঢাকা।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




