সময়ের কোয়ান্টামে আজ সমস্তই ফেলে যাই
ফেলে যাই, খড়খুটোয় ছাওয়া একান্ত প্রিয় গৃহকোন
বাঁশবাগানের পাতার খসখস, গাঁয়ের মেঠোপথ
স্যাঁতস্যাঁতে ভাব, ধূলি-ধুসরিত মখমলি প্রাচীন চাদর
আদিগন্তে ক্ষনে ক্ষনে যা জড়িয়েছে আদর।
ফেলে যাই বৃষ্টির নূপুরধ্বণি
শ্রাবণ-মেঘলা দিনের যাযাবর বর্ষণ
আবেগের লতাগুল্মে সিক্ত দু’হাতের আলিঙ্গন
স্তুপীকৃত হওয়া শীতার্ত বকুল, বালিয়াড়ি বাড়িঘর
রঙ্গিন প্রজাপতিদের এক স্বপ্নবনভূম
বোধোদয়ের স্তরে স্তরে যা এঁকেছিল চুম।
আড়ে আড়ে ফেলে যাই মৌলিদের বাড়ি
লিঁচুবনের ঘনঝোপ
ধানশীষের ফাঁকফোকরে টেনে ধরা শীতকুয়াশার হিম
চন্দ্রমল্লিকার দিনদুপুর, স্পর্শকাতর সর্বকাল
মিয়ানো ধুলোরাশির অন্তরঙ্গ কলরোল, তার অন্তর্জাল।
ফেলে যাই লাল নীল দীপাবলী
মধুঁচাদ সুরেলা প্রহর সাথে অসংখ্য স্বপ্নের ছায়া প্রচ্ছায়া
অনন্ত যাত্রায় রেখে যাই সকল মেলবন্ধন
শেষপর্যন্ত ক্লাইম্যাক্সে খোলস ভেঙ্গে জেগে ওঠুক
কোন এক প্রতীক্ষারত রাত্রিঝিনুক
ঝাপটে ধরুক তার সান্ধ-পথের আবাহন নিয়ে।
আজ শেষবেলার চৌকাঠে
আমাকে তাড়িয়ে ফেরে কোন এক বসন্তদুপুর
তার লালিমায়-
এখনো জুঁইফুল গাছটির কথা প্রায়ই মনে হয়
কখনো দোলা দেয় চুইয়ে চুইয়ে পড়া জলফোঁটার অপূর্ব দৃশ্য
হামাগুড়ি দিয়ে আসে ফিসফাস করা কিছু অস্ফূট শব্দ
কুহেলিকাময়..
আলো আঁধারীতে চলে নিস্তব্দতার ফাঁক গলে
সারাংশ হয়ে দেখা দেয় নক্ষত্রদের উত্থান পতন
আমি কিংবা মৌলি
কিংবা অবাক করা কাহিনীসূত্র হয়ে চলে
ক্রৌঞ্চমিথুনের কথোপকথন।
*************
১৯ অগ্রহায়ন, ১৪১৯
মতিঝিল, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




