শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন অমার্জনীয় অপরাধ। জড়িত সামরিক কর্মকর্তাদেরও ডাকা হবে: রাশেদ খান মেনন
জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ২০, ২১ ও ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংঘটিত ঘটনাসহ তখন শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন, মামলা, তদন্তকাজ ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতির অনুকম্পা চাওয়ার পুরো বিষয়ের পুনঃতদন্ত হওয়া জরুরি বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কারণে এই সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য, আলামত ও নথিপত্র সরবরাহ করতে কমিটি স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে ওই ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্তের এবং সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিবেদনও তলব করেছে কমিটি।
দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সস্পাদক মুনীরুজ্জামান, ঢাবির শিক্ষক মুনতাসীর মামুন ও মো. আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসুল আলমের দেয়া এক চিঠির প্রেক্ষিতে গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক থেকে এসব নির্দেশনা দেয়া হয়।
বৈঠক শেষে স্থায়ী কমিটি সভাপতি রাশেদ খান মেনন সংবাদ ব্রিফিংয়ে বলেন, ঢাবির ওই ঘটনাটি জাতির সামনে বিস্তারিত প্রকাশ হওয়া উচিত। কমিটি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কমিটি মনে করে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন অমার্জনীয় অপরাধ। তিনি বলেন, আমরা ঘটনার শিকার শিক্ষক-শিক্ষার্থীদের বক্তব্যও গ্রহণ করবো। প্রয়োজনে জড়িত সামরিক কর্মকর্তাদেরও ডাকা হবে। বিষয়টির অবশ্যই সুরাহা হতে হবে। যেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটতে না পারে।
কমিটি সভাপতি রাশেদ খান মেনন বলেন, ২০০৭ সালের ঘটনাটি গত ক’বছরের মধ্যে সবচে’ ন্যাক্কারজনক। খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের চোখ বেঁধে সামরিক গোয়েন্দা সংস্থার লোকজন জিজ্ঞাসাবাদ করে। প্রতিবাদকারী ছাত্রদের ওপরও নির্যাতন করা হয়। অনেক ছাত্র এখনো পঙ্গু। শিক্ষক সমিতির নির্বাচন না করার জন্যও সামরিক গোয়েন্দা সংস্থা তখন হস্তক্ষেপ করে। অথচ অপরাধীরা মাফ পেয়ে নির্বিঘেœ চলে যায়। তাদেরকে জবাবদিহী করতে হয়নি।
রাশেদ খান মেনন বলেন, ঢাবির ৩ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ জনকে ওই ঘটনায় দণ্ডাদেশ দেয়া হয়েছিল। সকালে দণ্ড দিয়ে বিকেলে মওকুফ করে দেয়া হয়। যদিও দণ্ডপ্রাপ্তদের কেউ দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেননি। দণ্ড মওকুফ করা হলেও আদালতের দণ্ডাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। যে কারণে দণ্ডপ্রাপ্তরা এখন বিদেশে যেতে পারছেন না। আবেদনে সাজার কথা লেখা হলে ভিসা রিফিউজ করা হচ্ছে। ঘটনার শিকার শিক্ষার্থীদেরও সামনে চাকরিজীবন রয়েছে। এসব কারণে এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিষয়টির এখনই সুরাহা হওয়া উচিৎ।
তিনি বলেন, ওই ঘটনায় মিডিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছিল। নানাভাবে সংবাদ প্রচার-প্রকাশে বাধা প্রদান করা হয়। একটি বেসরকারি টিভি চ্যানেল বন্ধও করে দেয়া হয়েছিল। স্থায়ী কমিটিকে শিক্ষা মন্ত্রণালয় যে কর্মপত্র দিয়েছে তাতে সংঘর্ষের ঘটনা সম্পর্কে কিছুই উল্লেখ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য কিংবা নথি নেই। শুধু রয়েছে রাষ্ট্রপতির অনুকম্পার তথ্যটি।
স্থায়ী কমিটি প্রধান রাশেদ খান মেনন বলেন, অতীতেও জরুরি অবস্থা ও সামরিক শাসনের সময় শিক্ষক-শিক্ষার্থীদের চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তখনো ঢাবি ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিপক্ষ মনে করা হয়। এবারো তাই করা হয়েছে। কিন্তু এবার তো সামরিক শাসন ছিল না।
রাশেদ খান মেনন জানান, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর বিষয়টির আইনগত দিক, বিচার প্রক্রিয়া, পুনঃতদন্ত প্রক্রিয়া, নৈতিক ভিত্তি বিবেচনা করবে সংসদীয় কমিটি।
স্থায়ী কমিটির গতকালের বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত উপ-কমিটির প্রতিবেদন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর নিয়েও আলোচনা হয়।
রাশেদ খান মেনন জানান, সরকারি কলেজগুলোতে শিক্ষকদের অর্জিত ছুটি প্রদানে বাধাসমূহ এবং তাদের বেতন স্কেলের বিষয়টি দেখার জন্য একই উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের বিভিন্ন অনিয়ম তদন্তে কমিটির সদস্য শাহ আলমকে প্রধান করে চার সদস্যের আরেকটি উপ-কমিটিও গঠন করা হয়। এছাড়া দুটি তৃতীয় শ্রেণী থাকলে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ পাবে না বলে যে বিধান রয়েছে এক সপ্তাহের মধ্যে তা রহিত করে পরিপত্র জারি করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, এনসিটিবি কমিটিকে জানিয়েছেÑ এবার ২১ কোটি পাঠ্যপুস্তক ছাপা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।
তথ্যসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


