৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসঃ
৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হতে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯৩ সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে 'আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার'। ১৩ দফা দাবি নিয়ে এ বছর দিবসটি পালন করছেন আদিবাসী জনগণ। আদিবাসীদের অধিকার রক্ষায় জাতিসংঘ ১৯৯৫-২০০৪ প্রথম এবং ২০০৫-২০১৪ দ্বিতীয় আন্তর্জাতিক দশক ঘোষণা করেছে। রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন করার দাবী করেছেন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ। আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি যথাযথভাবে বাস্তবায়ন, আদিবাসীদের জন্য সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন, পৃথক ভূমি কমিশন গঠন, আইএলও কনভেনশন পুরোপুরি বাস্তবায়ন, ইউনিয়ন, উপজেলা ও জাতীয় সংসদে সংরক্ষিত আসন রাখাসহ ১৩ দফা দাবিকে সামনে রেখে আদিবাসী দিবস পালন করা হচ্ছে। নানা সমস্যার কারণে আদিবাসী সম্প্রদায়ের জীবন বিপন্ন। তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ভূমি বাজার অর্থনীতির কারণে মারাত্মকভাবে আক্রান্ত। আইএলও কনভেনশনের ১০৭ ধারার ১১ অনুচ্ছেদে আদিবাসীদের ভূমির ওপর ব্যক্তিগত ও যৌথ মালিকানা স্বীকার করা হয়েছে। জাতিসংঘ আদিবাসী অধিকারবিষয়ক ঘোষণাপত্র ২০০৭ এর ১০ নম্বর ধারায় বলা হয়েছে, আদিবাসীদের জোর করে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা যাবে না। বাংলাদেশ এ কনভেনশন ও ঘোষণাপত্রে স্বাক্ষর করা সত্ত্বেও একের পর এক আদিবাসীদের ভূমি দখল করে তাদের উচ্ছেদ করা হচ্ছে। নতুন পদ্ধতিতে আদিবাসী ভূমি দখল চলছে। আদিবাসীদের না জানিয়ে তাদের ভূমিতে উদ্যান, ইকোপার্ক, অবকাশকেন্দ্র নির্মাণ, সামাজিক বনায়ন, বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, আদিবাসী ভূমিকে খাস জমি ঘোষণা, হয়রানি, সরকারি ভূমি অফিসের দুর্নীতির মাধ্যমে আদিবাসীদের ভূমি দখল হচ্ছে। আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের পথ হিসেবে স্বতন্ত্র ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছেন আদিবাসী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। পাশাপাশি আইএলও কনভেনশনের আলোকে এ ব্যাপারে আইন ও বিধিমালা তৈরির দাবি জানান তারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


