একদিনের বৃষ্টি, বহুদিনের স্বপ্ন
ফকির ইলিয়াস
=========================================
বেশ আনন্দঘন পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হলো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতদিন তিনি মুখপাত্র হিসেবে সব নির্বাহীর কাজ চালিয়ে যাচ্ছিলেন। ওয়ান-ইলেভেনের পর আওয়ামী লীগ যখন বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ছিল তখন ইংল্যান্ড থেকে দেশে ফিরে দলের হাল ধরেন সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে ওবায়দুল কাদের, মুকুল বোস প্রমুখ নেতা দলের ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। আবদুল জলিল এবং ওবায়দুল কাদের অন্তরীণ হওয়ার পর মুকুল বোস সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হয়ে পড়েন।
শেখ হাসিনাকে গৃহবন্দি করার পর দলে সঙ্কট বেশ ঘনীভূত হয়। এরপরই শেখ হাসিনার নির্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম নেতৃত্বের সামনে সারিতে চলে আসেন। প্রজ্ঞার সঙ্গে মোকাবেলা করেন বিভিন্ন সঙ্কট।
সৈয়দ আশরাফুল ইসলামের একটি বিশেষ পরিচয় আছে। তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র। সৈয়দ নজরুল ইসলাম তার জীবদ্দশায়ই চেয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম একজন নীতিবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এর লক্ষ্যেই তাকে বিলাতে লেখাপড়ার জন্য পাঠান।
গেল টার্মে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন নিউইয়র্কে একটি সভায় তার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল। আমার সে সময়ই মনে হয়েছে, তিনি একজন আদর্শ মানুষ। দাম্ভিকতা তার ধারেকাছে ঘেঁষেনি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাকে এলজিআরডি মন্ত্রী করা হয়। বাংলাদেশে দলের সাধারণ সম্পাদকরাই সাধারণত এই পদে থাকেন। জিল্লুর রহমানও ছিলেন। বিএনপির আবদুল মান্নান ভূঁইয়াও ছিলেন। সে বিবেচনায় ধরেই নেয়া হয়েছিল সৈয়দ আশরাফ পরবর্তী সাধারণ সম্পাদক। পূর্ণ দায়িত্ব পাওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম, সাংবাদিক, দলীয় নেতাকর্মীদের মুখোমুখি বেশকিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, ওয়ান-ইলেভেন সৃষ্টি হয়েছিল রাজনীতিকদের ব্যর্থতার কারণেই। তার এই কথাটি এ সময়ে বেশ আলোচিত হচ্ছে। বিএনপি নেতা মওদুদ আহমদ এই বক্তব্যের বিরোধিতা করেছেন।
এ প্রসঙ্গে আরেকজনের বক্তব্য এখানে উল্লেখ করা বেশ জরুরি। তিনি হচ্ছেন তারেক রহমান। বর্তমানে বাস করছেন ইংল্যান্ডে। তিনি বলেছেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের প্রতি তার কোন ক্ষোভ নেই। কথাটি শুনে আমার বেশ হাসিই পেয়েছে। ওয়ান-ইলেভেনের কুশীলবদের প্রতি তার ক্ষোভ থাকবে কেন? ওয়ান-ইলেভেন তো সংঘটিত হয়েছিল তার আর তার সাঙ্গোপাঙ্গদের কারণেই। তারা যখন রাষ্ট্রটিকে ব্যক্তিগত তালুকে পরিণত করার চেষ্টায় ব্যস্ত ছিলেন তখনই এই দেশটিকে বাঁচানো অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেই কাজটি করতেই এগিয়ে আসেন সেনাপ্রধানসহ অন্য বাহিনীগুলোর প্রধানরা।
সে কথাটি আবারও বলেছেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ। বর্তমানে ফ্লোরিডা সফরে রয়েছেন তিনি। তিনি বলেছেন, ওয়ান-ইলেভেনের মূল্যায়ন দেশপ্রেমিক জনগণই করবে। তার এই কথাটি খুবই সত্য। ওয়ান-ইলেভেন হয়তো তার অভীষ্ট লক্ষ্যবিন্দুতে পেঁৗছতে পারেনি। কিন্তু একটি মহাসঙ্কট থেকে দেশকে রক্ষা করেছে এই ওয়ান-ইলেভেন। যারা ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশকে ব্যক্তিগত স্বার্থের স্বর্গরাজ্য করতে চেয়েছিল তাদের স্বপ্ন গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এজন্য ক্ষোভ তাদের থাকতেই পারে। মওদুদ, সাকা, কিংবা খোন্দকার দেলোয়াররা এখনও যে মানসিক ভারসাম্য হারাননি, সেটাই তাদের ভাগ্যের কথা!
দুই.
বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধিত হয়েছে। এখন থেকে ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা থাকছেন না। অঙ্গ সংগঠনগুলো তাদের নিজস্ব নেতৃত্বে চলবে। আদর্শগত মিল ঠিক রেখে একে অন্যের পরিপূরক হবে। এই উদ্যোগের সঙ্গে অন্য বড় দলগুলো কতটা সংহতি প্রকাশ করে তাও দেখার বিষয়। কারণ বাংলাদেশে ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করেছে দীর্ঘদিন। তাই এই ট্রাডিশন ভেঙে বেরিয়ে আসা কঠিন কাজ।
আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি প্রত্যুত্তরে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। গিয়েছিলেন তার প্রতিনিধিও। এটা বেশ ভাল উদ্যোগ। রাজনৈতিক সহনশীলতা এবং পারস্পরিক সম্মানবোধ যদি প্রতিষ্ঠিত হতো তবে বাংলাদেশে রাজনৈতিক সৃজনশীলতা প্রতিষ্ঠা পেত অনেক আগেই। তা হয়নি। আর এই দুরাচারী মনোভাবের পেছনে সবসময়ই থেকেছে একটি শক্তি। যে শক্তিটি বাংলাদেশের গর্বের ইতিহাস, রাজনৈতিক প্রজ্ঞার ইতিবৃত্ত বদলে দেয়ার প্রয়াসী হয়েছে বিভিন্ন সময়ে।
একটি বিষয় আমরা লক্ষ্য করছি, ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী না হয়েও রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। ড. মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্র চালাচ্ছে মূলত কংগ্রেসের গভর্নিং বডি। বাংলাদেশে তেমন সংস্কৃতি গড়ে ওঠেনি। যদি তা হতো তবে শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া এবং তাদের পরিবারনির্ভর রাজনীতি বাংলাদেশে এমন একত্ববাদ কায়েম করত না। করতে পারত না।
রাজনীতিতে খলনায়করা তৎপর থাকে সবসময়ই। এরা আগ বেড়ে নানা কথা বলে পরিস্থিতি ঘোলাটে রাখতে তৎপর হয়। তেমন কিছু বক্তব্য দিয়েছেন সম্প্রতি বিএনপি নেতা সাকা চৌধুরী। একদিকে বলেছেন, 'ইয়াজউদ্দিন, মইন উ আহমেদের মতো গাদ্দারদের বিএনপিই ক্ষমতায় বসিয়েছিল। এটা বলে প্রকারান্তরে তিনি নিজেদের ফন্দি-ফিকিরের কথাই বলে দিচ্ছেন আবার সম্প্রতি তিনি বলেছেন, তিনি ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন আহমদ, মইন উ আহমেদ, ব্যারিস্টার মইনুল হোসেন, মে. জে. (অব.) মতিন-এদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করবেন। তিন নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও মামলার হুমকি দিয়েছেন সাকা চৌধুরী। শিক্ষাগত যোগ্যতা 'নাই' বলার অপরাধে সাকার সংসদ সদস্য পদ খারিজ হওয়ার অবস্থা যখন দেখা দিয়েছে তখন তার এমন হুঙ্কার মানুষের হাসির খোরাক হচ্ছে বৈকি! নাগরিক হিসেবে বিচার তিনি চাইতেই পারেন। কিন্তু তা নিয়ে দম্ভ প্রকাশের কি আছে?
পিলখানা হত্যাকান্ডের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুটি যখন রাষ্ট্রে প্রধান ইস্যু তখন মানুষের চোখ ভিন্নখাতে প্রবাহের চেষ্টা একটি পক্ষ করেই যাবে। তা থেকে সতর্ক থাকতে হবে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে। ভিশন ২০২১ ফলপ্রসূ করতে হলে এর অবকাঠামোগুলো মজবুত করতে হবে। একদিনের বৃষ্টিতে যে ঢাকা শহর পুরোপুরি তলিয়ে যায়, সেই রাজধানী ও সেই দেশকে ডিজিটাল করা যে কত কষ্টসাধ্য তা কারও অজানা নয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে একেকটি মাফিয়াচক্র এমনভাবে জেঁকে বসে আছে যে তাদেরকে সরানো সহজ নয় মোটেও। তারপরও মানুষের ভিশন থাকে। আর তা বাস্তবায়ন করতে হলে ক্ষমতাসীনদের আরও কঠিন হতে হবে।
নিউইয়র্ক, ২৯ জুলাই ২০০৯
---------------------------------------------------------------------
দৈনিক সংবাদ। ঢাকা। ৩১ জুলাই ২০০৯ শুক্রবার প্রকাশিত
ছবি- এন্থনী ডোভার
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।