এ হয়তো আমাদের নিয়তি যে দু' নেত্রীর সম্পর্কের ধরণের ওপর দেশের ভালোমন্দের অনেক কিছুই নির্ভর করে। ফলে আমরা আশা করি রাজনৈতিক বিরোধের উর্ধে তাঁদের মধ্যে একটা ভালো ব্যক্তিক ও মানবিক সম্পর্ক থাকুক। সম্প্রতি সেরকম কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি।
এক টেবিলে ইফতারের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার বুধবার বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতা খালেদা ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব আছেন।
গত ১০ সেপ্টেম্বর সেনাকুঞ্জের ইফতার পার্টিতে একসাথ হয়েছিলেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়া।
এর আগে দুই নেত্রী পরস্পরকে ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে দুটি ইফতার পার্টি একইদিনে হওয়ায় একজনের ইফতার পার্টিতে অপরজনকে দেখা যায়নি।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণের জন্য বিরোধীদলীয় নেতাকে ৪০০টি সিনথেটিক শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামানের আবেদনে এ শাড়ির বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১৭ জন সাংসদের শাড়ি ও লুঙ্গি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে, আওয়ামী লীগের ২৭১ জন, জাতীয় পার্টির ২৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিন জন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দুজন রয়েছে।
খালেদা জিয়া ছাড়াও বিএনপি'র আরো ১২ জন সাংসদ আবেদন করায় তাঁদের প্রত্যেককে ৪০০টি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
রোজকার অজস্র দুঃসংবাদের চাপে আমাদের অনুভূতি এমনই অস্বস্ত হয়ে আছে যে, এরকম ছোটখাট ইতিবাচক খবরগুলিতেই স্বস্তি খোঁজা ছাড়া কী আর করার আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




