ওয়েস্ট ইন্ডজিকে টেস্ট ও একদিনের সিরিজে ২-০ ও ৩-০তে নিজদেশে বাংলাধোলাই শেষে জিম্বাবুয়েকেও নিজ দেশে সেমিধোলাই করেছে। কাল পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে। মুশফিক কেরিয়ার সেরা ৯৮ রান করলেও ২ রানের জন্য সেঞ্চুরীর দেখা পেলেন না। বাংলাদেশ আরেকটা শতরান মিস করলো। ম্যান অব দ্যা ম্যাচ ডলার মাহমুদ প্রথম ম্যাচে নেমেই ৮ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিলেন। মার্কিন ডলারের চাপে জিম্বাবুয়ে ডলারের এমনিতেই কাহিল অবস্থা। তারওপর বাংলাদেশী ডলারের তান্ডব ! এখন আফসোস হচ্ছে ৩য় ম্যাচে ওকে নিলে হয়তো চুনকামটা হয়েও যেতে পারতো। গতস্য শোচনা নাস্তি !
এই দুটি সিরিজ থেকে বাংলাদেশের কতোগুলো মৌলিক অর্জন আছে। এটা ক্রিকেটের জন্য ইতিবাচক।
প্রথমত: বেশ কিছু ম্যাচে বাংলাদেশকে চাপে পড়তে হয়েছে। চাপের মধ্যে থেকেও ম্যাচ বের করার অভ্যাস হলো।
দ্বিতীয়ত: ৩১২ রান দেখলেও ঘাবড়ানোর কিছু নেই সে শিক্ষাটাও হলো।
তৃতীয়ত: ক্রিকেট দলীয় খেলা। দল হিসাবে খেলার মানসিকতাও কিছু পোক্ত হলো।
চতুর্থত: ম্যাচ উইনারের সংখ্যা বৃদ্ধি। অমুক না খেললে দল জেতে না-এ রকম চরম অক্রিকেটীয় ট্যাবু থেকে আমরা মুক্তি পেলাম।প্রতি ম্যাচেই দুতিনজন করে দাঁড়িয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজে সাকিবের ভূমিকা প্রধান হলেও সাথে তামিম রিয়াদ রাজ্জাকদের ঝলক ছিলো। এখানে সিরিজ সেরা তামিম। ম্যাচগুলোতে আশরাফুল,সাকিব,তামিম আর ডলার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। সত্যিকারের বড়ো দলের এ বৈশিষ্ট্যটা আমরা আয়ত্ত্ব করতে শুরু করলাম।
পঞ্চমত: আত্মবিশ্বাসের পারদটা উঁচু হলো। যে কোন দলের সাথে নিজেদের আন্ডারডগ না ভেবে ফাইটার ভাববে।
সব শেষ কথা মাশরাফি-সাকিব জুটি আমাদের অধিনায়ক সমস্যারও সমাধানের আভাস দিচ্ছে।
একটানা অনেক জয় আর নতুন সুদিনের আভাস দেয়া সাকিববাহিনীকে অভিনন্দন !
সব সময়ের জন্য রইলো শুভ কামনা। সুদিনে দুর্দিনে আমরা ওদের পাশে থাকবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




