শুভ জন্মদিন বিটিভি ! আজ বিটিভির বয়স হলো ৫০। এটা শুধু বিটিভির নয় এটা বাংলা ভাষায় টিভি সম্প্রচারের ৫০ বছর পূর্তি।
গত ১৬ ডিসেম্বর ছিলো বাংলাদেশ বেতারের জন্মদিন। বেতারের বয়স হলো ৭৫ বছর। কিঞ্চিৎ বিলম্বে হলেও বেতারকে জানাই শুভ জন্মদিন।
বিটিভির আগে বাংলা ভাষায় টিভি সম্প্রচার হয়নি পৃথিবীর কোথাও। কিন্তু বেতারের ভাগ্যে সেটা জোটেনি। কারণ বেতারের আগেই কলকাতা বেতারের মাধ্যমে বাংলা ভাষায় বেতার সম্প্রচার শুরু হয়।
কিন্তু আমাদের দুটো সর্বাধুনিক প্রচার মাধ্যমের যাত্রার সাথে আমাদের জাতীয় ইতিহাসের কাকতালীয় মিল আছে। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর বিকালে ঢাকা বেতারের যাত্রা শুরু হয় পুরান ঢাকায়। নাজিমুদ্দিন রোডের ভাড়া বাড়িতে তার যাত্রা। বাড়িটির মালিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার। সেই ভবনের জায়গায় এখন রয়েছে বোরহানউদ্দিন কলেজের একাডেমিক ভবন। আমরা কি জানতাম তার ৩২ বছর পর আরেক ১৬ ডিসেম্বর বিকেলে তার অদূরে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাক্ষরিত হবে জাতীয় স্বাধীনতার দলিল ! বেতারে প্রথম গান গেয়েছিলেন শিল্পী লায়লা আরজুমান্দ বানু। তিনি ছিলেন আমাদের প্রিয় শিল্পী রুনা লায়লার আত্মীয়া। তাঁর স্বামী শামসুল হুদা চৌধুরী ছিলেন জাতীয় সংসদের স্পীকার।
টিভির জন্মও ডিমেস্বর, মানে আমাদের বিজয়ের মাসেই। লৌহমানব ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতো স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিটিভির তৎকালীন প্রধান (অধ্যক্ষ) জামিল চৌধুরীর নেতৃত্বে আমাদের সাহসী তরুণরা বাংলা ভাষাকে করেছিলেন প্রচারের মাধ্যম, সকল অফিশিয়াল কাজের মাধ্যম। বাংলা ভাষায় নথিতে নোট লেখার সূচনা বিটিভির সাহসী সারথীদের হাতে। বিটিভির প্রথম গানটি গেয়েছিলেন ফেরদৌসী রহমান। ১৯৬৪ সালে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় তিনি গেয়েছিলেন আনোয়ার উদ্দিন খানের সুরে আবু হেনা মোস্তফা কামালের লেখা গান-ওই যে আকাশ নীল হলো আজ/ সে শুধু তোমার প্রেমে/ ওই যে বাতাস বাঁশি হলো আজ/ সে শুধু আমার প্রেমে। বিটিভির প্রথম নাটক 'একতলা দোতলা'। লেখক শহীদ মুনীর চৌধুরী।
আমাদের জাতীয় সংস্কৃতির ইতিহাসে বিটিভির স্মরণীয় অবদান আছে। আজকের বেসরকারি টিভির সব মূল কারিগররা বিটিভির সৃষ্টি। বহু অসাধারণ অনুষ্ঠান উপহার দিয়েছে বিটিভি।
আশা করি একদিন বিটিভি আর বেতার ফিরে পাবে পুরনো সুনাম।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


