অপ্রকাশিত চিঠি
মানবী,
তুমিতো জান এই পৃথিবী কোন ফুলের বাগান নয়। এই পৃথিবীতে মানুষ কখনোই ফুল হয়ে ফোটেনা। কোন মানুষই ফুলের মত পবিত্র নয়। অথচ তোমাকে আমি প্রতিনিয়ত ফুল ভেবে ভুল করি। দৈববশে মানবী ভাবতে চেষ্টা করি। আমি ভুলে যাই তুমিও আমার মতো একজন মানুষ। সাধারণ একজন মানুষ। আর সেই মানুষের ভেতর থেকেই তুমি আমাকে জানান দাও তুমি একজন নারী। অথচ আমার মানবীয় মন বারবার তোমাকে ফুল ভাবতে চেষ্টা করে। কোন এক মানবী ভাবতে চেষ্টা করে। আমার ভুল হয়।
আমি জানি তুমি ফুল নও। তুমি মাধবীলতা নও, তুমি কনকচাঁপা নও। তুমি রক্তকরবী নও, তুমি রজনীগন্ধা নও। তুমি কাঁঠালীচাঁপা নও, তুমি গোলাপও নও। তুমি বকুল, জুঁই, চামেলী, বেলী, গাঁদা ওসবের কিছুই নও। তুমি বসন্তের সেই রক্তরাঙা শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া তাও নও। তুমি আষাঢ়ে ফোটা প্রথম কোন কদমফুলও নও। অথচ এই আমি প্রতি মুহূর্তে তোমাকে ফুল ভাবতেই পছন্দ করি।
আসলে মানুষ ভীষণ স্বার্থপর। মানুষ ভুল করে, পাপ করে, খুন করে, ঘেন্না করে, আবার একসময় ভালও বাসে। ফুলেরা মানুষের এসব কিছুই জানেনা। ওরা শুধুই ভালবাসতে জানে। ওদের নিপূণ সৌন্দর্যের মধ্য দিয়ে ওরা প্রকৃতির মাঝে অকাতরে ভালবাসা বিলিয়ে দিতে জানে। তুমি যেমন আমাকে দিয়েছো তোমার ভালবাসা। তাইতো তোমাকে ফুল ভাবতেই বেশী পছন্দ করি। তুমি ফুল হয়েই থাক আমার কাছে। আমার মতো কখনোই মানুষ হয়ে যেওনা। আমি মানুষ বলেই প্রতিনিয়ত পুরুষ হতে থাকি। অবলীলায় পুরুষের রূপ ধারণ করি। তুমি ফুল থেকে কখনো মানুষ হয়োনা বরং মানবী হয়েই থেকো। তুমি মানুষ হতে চাইলেই নারী হয়ে উঠবে। আর তুমি নারী হলে আমি মানুষ থেকে পুরুষ হয়ে উঠবো। তুমি মানবী হয়েই থাকো, দেখবে আমিও মানব হয়েই আছি। আমি মানব হলে একদিন ঠিক তোমার দেখা পাবো। সেদিন তুমি আমায় চিনবে তো?
- মানব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


