শিউলি বকুল কুড়োবার বেলা শেষ
কুয়াশা কাতর আজ সকালের ঘুম
নীল খামে আঁকা স্বপ্ন-সীলমোহর
শৈশব কেটে গেছে।
মাঠ বনভূমি কাদা-পিচ্ছিল পথ
পিছনে দাঁড়িয়ে যে যার ভূগোল জুড়ে
মগজের কোষে নিরুদ্দেশের পাখি
বিদ্যুৎ চমকায়।
আয়নাতে কার লাবণ্যরাশি ফোটে
চিনতাম যাকে মুখচোরা ছিল খ্যাতি
'বল্ না আয়না' কাহিনীর রানী
একাকী ঈর্ষাতুর!
শিল্পমুখর পট বদলের দিন :
গাঢ় ক্যানভাসে তারার দেয়ালি ফোটে,
স্তব্ধতা ভাঙে স্বরচিত সিম্ফনি
দ্বিধাবতী গান গায় ।
সে অর্বাচীনা বুকের বৃষ্টিপাত
কপট যুবার সমুদ্রে ঢেলে দেয়,
কী যে পরিহাস, বহুগুন হয়ে ফেরে
মেঘেদের অপচয়।
উৎসব গেছে, সমারোহ নেই আর
কান্নাদীর্ঘ দিনপঞ্জীর পাতা,
ফেরে না কখনো নামতা শেখার দিন
যৌবন দরোজায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


