এই রাত সময় টা বড়ই অদ্ভূত । বৈচিত্র্যময় অনূভুতির ডালি নিয়ে সাজিয়ে বসে সময় টা । কেমন যেন এক বিন্দুতে এসে মিলে যায় সবকিছু । অবিরত প্রিয়হারা এক কান্নার সুর বেজে চলে দূরে কোথাও। ডাহুকের অবিশ্রান্ত ডাকটা কেমন যেন রহস্যময় করে তোলে সময় টাকে । দূর থেকে কোথাও একটা গানের সুর ভেসে এসে কোথায় যেন হারিয়ে যায় বারবার ।
সময় টা এক এক বয়সে আবার এক এক রকম অনুভূতির জন্ম দেয় । ছোট বেলার রাত মানে বাবা মায়ের কোলে গুটিসুটি মেরে বিভোর হয়ে ঘুমানো । ঘুমের রাজ্যে রাজ্য জয়ের স্বপ্ন দেখে হঠাত হেসে ওঠা অথবা ভূতের স্বপ্ন দেখে নিজের অজান্তেই কেদে উঠে মা কে জড়িয়ে ধরা ।
কৈশরের রাত মানে কানে হেডফোন গুজে একটু গোপনে রোমান্টিক গান শোনা আর গোপন প্রেয়সী কে নিয়ে রঙ্গিন স্বপ্নের জাল বোনা । রাতের আকাশ টাও তখন থাকে রঙ্গিন । মুক্ত বিহঙ্গে ডানা মেলে উড়ে হাজারো স্বপ্নঘুড়ি ।
যৌবনের রাত মানে উদাস মনে সিগারেট ফোকা আর আকাশের তারা গোনা । কারও কাছে বা প্রেমিকার সাথে রোমান্স বিনিময়ের এক উপযুক্ত সময় । কেউ বা জীবনের কষাঘাতে জর্জরিত হয়ে দিকভ্রান্তের মত ভবিষ্যতের ভাবনায় ব্যাকুল ।
বার্ধক্যের রাত মানে জীবনের সোনালী দিন গুলোর দিকে ফিরে চাওয়া আর একটা দিন বাচার জন্য আকুলতা নিয়ে ঘুমুতে যাওয়া ।
রাত বাড়তে থাকে । চারদিকের অন্ধকার গুলো আরও গাঢ় হয় । ডাহুক পাখির ডাক টা আরও রহস্যময় হয়ে যায় । ল্যাম্পপোষ্টের আলো তীব্রতর হয় । মানুষের ভাবনা গুলোও বৈচিত্র্য খুজে পায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



