স্কুলে একবার আমার খুব ইচ্ছে হল দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার। তো যথারীতি যারা অংশ গ্রহণে ইচ্ছুক তাদের নাম চাওয়া হল। আমি তো নাচতে নাচতে নাম জমা দিলাম। একদিন ক্লাশে খবর এল যারা দৌড় প্রতিযোগিতায় নাম জমা দিয়েছে তাদের কে মাঠে যেতে হবে। আমি তো মহা খুশি এ ফাঁকে ক্লাশটাও একটু ফাঁকি দেওয়া যাবে আর প্রতিযোগিতায় অংশ গ্রহণের অতি উৎসাহপনা তো ছিলোই। আমরা সবাই খুশিতে ডগমগ করতে করতে মাঠে উপস্থিত হলাম।
আমাদের পিটি স্যার মাঠের দুই পাশে দুটা লাইন আঁকলেন এবং আমাদের কে তিনটা গ্রুপে বিভক্ত করে এক গ্রুপকে দাঁড় করিয়ে দিলেন।১ম গ্রুপেই আমি পড়লাম।অনেকেই বাঁশি বাজানোর আগেই দৌড় দিচ্ছিল স্যার আবার ওদেরকে জায়গামত দাঁড় করিয়ে দিলেন এবং বললেন বাঁশি বাজলেই দৌড় দিবে। স্যার বাঁশি তে ফুঁ দিতেই আর দেরি নেই। জীবনের সকল শক্তি নিয়ে জোরসে দিলাম এক দৌড়। ভাবছি আমার চেয়ে জোরে দৌড়ানোর ক্ষমতা আর কারো নেই। না, দেখি আমার আগে অলরেডি আরো দুজন দৌড়ে যাচ্ছে। দৌড়ে অপর প্রান্তে দাঁড়ানো ম্যাডামকে ছুঁয়েই ফিরে আবার দৌড় দিলাম। আমি ম্যাডামকে ২য় বার ছুঁয়ার পূর্ব মুহুর্তে আছি ঠিক তখনই একজন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এবং সে ম্যাডামকে ছুঁয়ে ফেলল এবং ৩য় স্থানে নিজের নামটি লিখিয়ে নিল। আমার খুব মন খারাপ হল। বিষন্ন মনে ঘরে ফিরলাম।
এবার মনস্থির করলাম যেমন খুশি তেমন সাজোতে অংশ নিব। কোন সিলেকশন রাউন্ড-টাউন্ড নেই ইচ্ছে মতো সেজে বসে থাকলেই হয়। কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না কি সাজব। বড়
দুবোন কে জানালাম আমার দুঃখ এবং ইচ্ছের কথা। সবাই মিলে বসে গেলাম কি সাজব তা নিয়ে চিন্তা করতে। মেজো আপু বলল তুই কাউন্ট ড্রাকুলা সাজ্। ঐ সময়টিতে ড্রাকুলা নিয়ে খুব মাতামাতি হচ্ছিল। আর আমরাও সবাই সেবা প্রকাশনীর ড্রাকুলা বইটি সবে মাত্র পড়ে শেষ করেছি। সবাই একমত । কিন্তু ড্রাকুলা সাজতে বড় বড় দাঁত লাগবে, লম্বা লম্বা নখ লাগবে, মুখোশ লাগবে। কোথায় পাব এসব? বড় আপু বলল দাঁড়া ব্যবস্থা করছি। দেখি, ও একটা মোটা আর্ট পেপার নিয়ে এল। তারপর দুজন বসে বসে নখ বানালো, কাগজকে পানের খিলির মতো করে দাঁত বানালো এবং কেটে একটি মুখোশ বানালো। এবার লাল রং দিয়ে দাঁত ও নখে রক্তের ছোপ দিল। মুখোশটিতে মাথার খুলি, হাড়গোড় ইত্যাদি এঁকে মোটামুটি একটা ভৌতিক ভৌতিক ভাব নিয়ে এল।
এবার দুজন মিলে আমার মুখে ম্যাকআপ করা শুরু করল।ইচ্ছে মত পাউডার দিয়ে মুখটিকে সাদা বিড়ালের মতো করে নিল। এবার চোখের চারপাশে কাজল দিয়ে খুব করে কালো করে এঁকে তার চতুর্দিকে লাল আলতা দিয়ে সার্কেল করল। ঠোঁটে টকটকে লাল লিপষ্টিক দিয়ে দুপাশে আলতা দিয়ে রক্তের ধারা এঁকে দিল। তারপর নখ ও দাঁত গুলো লাগিয়ে দিল। সব তো হল কিন্তু আলখেল্লা! আলখেল্লা ছাড়া তো কাউন্ট ড্রাকুলার মতো লাগবে না। এখন আলখেল্লা কোথায় পায়? মেজো আপু করল কি আম্মার বোরখা টা এনে আমার গায়ে চড়িয়ে দিল। বোরখাটা অনেক ঢিলেঢালা আমাকে পুরো গিলে ফেলেছিল। হাতগুলো পুরো ঝুলে পড়ছিল। আসলেই মনে হচ্ছিল যেন একটা আলখেল্লা পড়েছি। একজন বলল কাউন্ট এর মাথায় অবশ্যই একটা মুকুট থাকা চাই। বড় আপু দ্রুত কাগজ কেটে তার উপর চিত্রকর্ম করে একটা মুকুট বানিয়ে ফেলল। মুকুট টা পড়াতেই আমার কাউন্ট ড্রাকুলার সাজ পরিপূর্ণ হল। ওরা বলল- "দেখ তুই যদি কাল ঠিক এমনটি সাজ নিতে পারিস তাহলে স্বয়ং কাউন্ট ড্রাকুলাও কনফিউজড হয়ে যাবে -হু ইজ দ্য রিয়েল?" তো আমি সব কিছু ঠিকঠাক করে দেখে নিলাম কারণ কাল স্কুলে সাজার সময় কেউ আমাকে হেল্প করার থাকবেনা।
পরদিন স্কুলে গেলাম খুবই আনন্দের সাথে আর অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কতক্ষণে সব খেলাধুলার পর্ব শেষ হবে এবং আমি ড্রাকুলা হব। এদিকে আমাদের ক্লাশের যারা দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে তাদের নাম ঘোষিত হচ্ছিল। শুনি আমার নামটাও উচ্চারিত হচ্ছে। আমি তো অবাক! তাহলে স্যার বাছাই পর্বে আমাকে বাদ দেননি। কিন্তু আমার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণের আগ্রহটা তো তখন মরে গেছে । সে আগ্রহ অন্য দিকে ডাইভার্ট হয়ে গেছে। তবুও সারিতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। বাঁশী বাজার সাথে সাথে দৌড়ও দিলাম একখান। কিন্তু কোন লাভ হল না। আমার আগেই তিন জন দড়ি ছুঁয়ে ১ম, ২য় ও ৩য় স্থান দখল করে নিল। অবশ্য আজ সেদিনের মত মন খারাপ হল না। কারণ আমি তো তখন অন্য ধ্যানে মগ্ন।
একসময় খেলাধুলার পর্ব শেষ হল।স্যার রা বলল - "যারা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে তারা তারাতারি তৈরি হয়ে মাঠে চলে আস।" আমি দৌড়ে একটি খালি ক্লাশরুমে ঢুকে পড়লাম এবং সাজতে লাগলাম ঠিক যেমনটি আমার বড় বোনেরা শিখিয়ে দিয়েছে তেমনটি করে।সাজ শেষ হতে আমি মাঠে চলে এলাম। দেখি আমার পিছনে পিচ্চি-পাচ্চারা (ওয়ান/টু এর ছাত্র-ছাত্রীরা) লাইন ধরেছে। আমি সামনে সামনে হাঁটছি হ্যামিলনের বাঁশীওয়ালার মতো পিছে একঝাঁক ছেলেমেয়ে। আমার সামনে পিছনে বড় বড় করে লিখা কাউন্ট ড্রাকুলা। অনেকরই এ ওয়ার্ড দুটি অচেনা। তারা বলতে লাগল দেখ দেখ ভুত সেজেছে।
হাতের কৃত্রিম নখ গুলো আইকা দিয়ে লাগিয়েছিলাম তাই খুব একটা ঝামেলা হয়নি কিন্তু কৃত্রিম দাঁত গুলো কোনভাবে দাঁতের ফাঁকে আটকে রাখতে হচ্ছিল তাই আমার খুবই কষ্ট হচ্ছিল। বার বার খুলে আসছিল আবার লাগাতে হচ্ছিল। একে তো কাগজের তার উপরে ইয়া লম্বা লম্বা, ভিজে নরম হয়ে গিয়েছিল তবুও ঠোঁট দিয়ে চেপে আটকে রাখলাম কোনভাবে। স্যার দের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম। জুলিয়ানা আপা (উনাকে সবাই ভয় পায় কারণ উনি একটু রাফ সবার সাথে ) এসে আমার হাত চেপে ধরল - "এই মেয়ে তুমি কি সেজেছো বলছ না কেন? তোমার নাম এবং কি সেজেছ বল।" আমি ভয়ে ভয়ে বললাম। বলেই ওখান থেকে পালালাম। আসলে সবাই নিজে থেকেই বলছিল ওরা কি সেজেছে এবং কেন? আমি সেটা জানতাম না। পালানোর সময় শুনলাম এক ম্যাডাম আমার নাম ধরে বলছে - "ওর মতো একটা শান্ত মেয়ে এমন একটা সাজ নিবে আমি তো কল্পনাও করিনি। আমি ভাবলাম অন্য কেউ।" আমি তো আরো ভয় পেয়ে গেলাম ওদিকটায় আর
গেলাম না।
এক সময় শেষ হল প্রতিযোগিতা। সবাই যার যার সাজগোছ ছেড়ে অপেক্ষা করতে লাগল পুরষ্কার বিতরণীর। অনেকেই অনেক কিছু সেজেছে, অর্থবহ - ন্যায়দন্ড, রিক্সাওয়ালা, গাঁয়ের বধু, স্কুল টিচার আরো কত কি। আমার সাজটায় ছিল অর্থহীন। তাই মনে প্রাইজ পাওয়ার আশা ক্ষীণ। একে একে সব গুলো ইভেন্ট এর পুরষ্কার দেওয়া শেষ হল। সব শেষে এল "যেমন খুশি তেমন সাজো" এর পালা। সবার আগে ঘোষিত হল ৩য় পুরষ্কার। না আমি না অন্য কেউ। ২য় পুরষ্কারেও আমার
নাম এল না। আমি আশায় ছেড়ে দিলাম। এতো ভাল ভাল থিম থাকতে কি আর আমার টা ১ম হবে! কিন্তু তাই হল। ১ম স্থানেই আমার নাম ঘোষিত হল। যখন প্রাইজটা নিতে গেলাম তখন বড় সিস্টার বলল - "এই তুমি কি সেজেছো বলোত আমাদের সবাইকেতো একদম তাক লাগিয়ে দিয়েছ।খুব ভালো হয়েছে তোমার সাজটা।" আমি শুধু একটা হাসি দিয়ে পুরষ্কারটা নিয়ে চলে আসলাম।
বাসায় যখন আসলাম ১ম পুরষ্কারটা হাতে নিয়ে তখন আপুরা বলল যাক আমাদের পরিশ্রমটা তাহলে বৃথা যায়নি। সবাই অনেক খুশি হল। আসলে জীবনটা কত সহজ ছিল তখন! ছোট খাট বিষয় নিয়ে কতই না মজা হত! আর এখন অনেক সময় অনেক বড় আনন্দও শেয়ার করার জন্য সবাইকে একসাথে পাওয়া যায় না। তাও ভালো যে মোবাইল ফোন টা আবিষ্কৃত হয়েছে। অন্তত কাছে না পেলেও দূর থেকে আনন্দ ভাগাভাগি করা যায়। ধন্য হোক মোবাইল ফোন ধন্য হোক তার আবিষ্কারক!!!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


