বিগত কেয়ারটেকার সরকারের আমলে সরকারী সিদ্ধান্তক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে সারা দেশের ন্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ছোট বড় ২২ টি হাট বাজারের প্রায় পাঁচ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের পর দুই বছর অতিবাহিত হলেও উচ্ছেদকৃত ব্যবসায়ীদের নতুন করে জায়গা বরাদ্দ দেয়া হয়নি। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জায়গা বরাদ্দ না পেয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ বরাদ্দ না পেয়ে চালা তুলে ব্যবসা করলেও চলতি বর্ষা মৌসুমে তারা দারুণ বিপাকে পড়েছেন। কেউবা আবার হারিয়ে ফেলেছেন দোকানের পজিশনের দখলও।
সরেজমিনে লক্ষীকোল, বনপাড়া, মৌখাড়া, আহম্মেদপুর, জোনাইল, রাজাপুর, জালশুকা ও ধানাইদহ সহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, দুই বছর আগে প্রশাসনের নির্দেশে এসব হাটবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ীর দোকানপাট অবৈধ স্থাপনার অজুহাতে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু হাতে গোনা দু-একটি হাটবাজার ছাড়া অদ্যাবধি বাকি হাটবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন কিংবা নতুনভাবে দোকান নির্মাণের জায়গা বরাদ্দ দেয়া হয়নি। এসব দোকান উচ্ছেদের ফলে একদিকে যেমন দোকান মালিক বা ব্যবসায়ীরা বেকার হয়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছে এসব দোকানে কর্মরত প্রায় আট সহস্রাধিক কর্মচারী। কাজ হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে তারা এখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
উপজেলার লীকোল বাজারে প্রায় দুই শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই বাজারের উচ্ছেদকৃত রতন শাহ, আসলাম, ফজলুর রহমান সহ প্রায় ২০/২৫ জন ব্যবসায়ী বলেন, আমরা বাজারের জায়গা বরাদ্দ নিয়ে ছোটখাট দোকান করে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলাম। কিন্তু ফখরুদ্দিনের সরকার আমাদের পথের ফকির বানিয়ে গেছে। নতুনভাবে জায়গা বরাদ্দের জন্য উপজেলা ভূমি অফিসে যথাযথ নিয়মানুযায়ী আবেদন করা স্বত্ত্বেও এখনও পর্যন্ত জায়গা বরাদ্দ দেয়া হয়নি। বাধ্য হয়ে আমরা খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ব্যবসা করছি। বৃষ্টি-বাদলের সময় আমাদের দূর্ভোগের সীমা থাকে না।
রাজাপুর ও লক্ষীকোল বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উচ্ছেদ অভিযানের পরে আমরা আবেদন করেও জায়গা বরাদ্দ পাইনি। কিন্তু এ সুযোগে প্রভাবশালীরা আমাদের জায়গা দখল করে ঠিকই ঘর তুলেছে, কিন্তু আমরা স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি।
চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ জানান, আসলে সে সময় সরকারী নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নামে জায়গা বরাদ্দ না দেওয়ায় বর্তমানে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই বিপাকে পড়েছেন।
বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসাহাক আলী বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও উদ্ধারকৃত স্থানগুলো আবার পূণর্দখল হয়ে গেছে। কিন্তু নিয়ম অনুযায়ী বরাদ্দ না দেওয়ায় তিগ্রস্থ ব্যবসায়ীরা স্থায়ী ঘর করতে পারছেন না। ফলে ব্যবসায়ীক ভাবে তারা আরও বেশী তিগ্রস্থ হচ্ছেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, ইতিপূর্বে দু'একটি হাটবাজারে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষেতে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। অবশিষ্ট হাট-বাজারগুলোর ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




