শাফিক আফতাব-------
বরুণদা শুনুন, আমার বাবা তাঁর পিতার কাছে উত্তরাধিকার সূত্রে
একটি সিন্ধুক পেয়েছিলেন,
আর ক’বিঘা জমি, আর জীবনযাপনের জন্য কতিপয় আদর্শ।
কথাগুলো বাবা উজ্জীবিত রেখেছিলেন আজীবন,
তাঁর পিতার আদর্শলিপি আমাদের অধ্যয়ন করিয়েছেন বহুবার ;
জমিগুলো নবজাতক সন্তানের মতো পরিচর্যা করেছিলেন !
জীবন নাটকে বাবার পার্ট যখন শেষ হলো :
প্রস্থানকালে তিনি তার বাবার গুলোয় আমাদের হস্তান্তর করেন।
উত্তরাধিকারসূত্রে আমরা মালিক হই ; ওসবের।
অথচ দেখুন,
কথা আর কণ্ঠস্বর অবিকল হস্তান্তর হলো,
জমিগুলো শুধু রঙ বদলালো,
সিন্ধুকটি রক্ষা করা গেলোনা ; বরুণদা
সারারাত ঘুণে পোকাড়া ক্যাটর ক্যাটর সংগীতে ঘুম হারাম করে দেয়।
আমার মনে হয় ; বরুণদা, সময় আবহমান ট্রেনে চড়ে ঝিকিঝিকি যায়
আর ঘুণে পোকাড়া আমাদের খাবলে খায়,
আমরাও তো সেগুন কাঠের সিন্ধুক বরুণদা,
দেখুন না, বরুণদা ; কী তরতাজা যুবক আপনি বিভাগোত্তরকালে ;
অথচ এখন তোমার খুঁটির গিঁট আলগা হয়ে গেছে।
চামড়ায় পড়েছে শ্যাওলার ভীড়, স্যঁতস্যঁতে আস্তর।
বরুণদা সব ধসে যায়,
শুধু কথা থেকে যায়, আমরাও কদিন পর ; শুধু কথা হয়ে যাবো,
অথচ আমাদের বোধ নেই : আমরা প্রতিদিন সৃষ্টি নয়, ক্রমে ক্রমে ক্ষয়ে যাচ্ছি,
এক আবহমান ঘাতকের ঘষায়।
১০.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




