শাফিক আফতাব -----------
পরিপূর্ণ উত্তাপে গোলাপের মতো ফুটে ওঠো ;
আর আমি ফুটে কলাফুলকলি।
শ্বাসে মিষ্টি আবেশের ওম, আর চোখে ঢুলুঢুলু ঘুম।
মনে হলো ; এলো বুঝি ভালোবাসার মৌসুম।
মূলত তুমি এলে রক্তে বেজে ওঠে আবহমান সঙ্গীত ;
বুদবুদ আর ভুরভুরি ওঠে আমার শান্ত স্নিগ্ধ দিঘির ;
আমাদের কাছাকাছি সংলগ্নতায় পালায় হাড় কাঁপানো শীত ;
আর তুমি আমি রচি তখন পৃথিবীর শাশ্বত সুন্দর নীড়।
এই শেষ ফাগুনের রাতে আমাদের দেহ থেকে বিচ্ছূরিত হচ্ছে সুবাস,
তারি মোহনীয় আবহে বালিশের কভারে ফুটছে অজস্র গোলাপ,
জোনাকীরা ফুটে ফুটে ভরে দিয়েছে ফাগুন রাতের আকাশ,
কাছাকাছি আমরা যেন ক্রমাগত বলেই যাচ্ছি পাগলের প্রলাপ।
তুমি ফুটো, আমি ফুটি, তাই ফোটে পৃথিবীর ফুল ;
পৃথিবী সুন্দর হয়, এই রাতে ; যদি তুমি আমি হই অনুকূল।
১২.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




