শাফিক আফতাব---------
প্রকৃতি তুমি সেদিন রুদ্র হয়েছিলে,
তোমার অবাধ বিচরণ ক্ষেত্রে সাজানো হয়েছিলো আমার সিংহাসন
কফি কালারের শেরওয়ানী
সম্রাট আকবর-মার্কা জুতো আর
নবাব সিরাজউদ্দৌলার রাজমুকুট পড়ে যখন আমি
সিংহাসনে সমাচিন এবং
লালগালিচার অভ্যর্থনা নিয়ে অলংকৃত করলাম বরমঞ্চের বুদ্ধদেবমুর্তি
ওদিকে যখন আমার প্রিয়তমা তাঁর চব্বিশ বসন্তের জমানো ভালোবাসাগুলো
তুলে দিতে নিজকে প্রস্তুত করছে,
গীতগাতালীতে মুখরিত হয়ে আসছে চারপাশ
মনের গহীনে কী সুন্দরের ঘ্রাণ উতলা করে তুলছে আমাকে
আমি এইমাত্র আলিঙ্গন করবো প্রিয়তমাকে
আর তখনই তুমি বিকট গর্জনে প্রকম্পিত করে তুললে তোমার অবারিত আকাশ
ঝড়ো বাতাসে লণ্ড ভণ্ড করে দিলে আমার সাধের সাজানো রাজসিংহাসন
ঝড়ের ঝাপটায় বৃক্ষরা মাথা আঁচড়াতে থাকলো পাগলিনীর মতোন,
বুলডোজারে গুড়িয়ে গেলো আমার বাসনা।
আমার প্রিয়তমা ভেসে গেলো নিরুদ্দেশে, অজানায়.....
আমি নেউল কুকুরের মতোন কোনোমতে খুপরীতে গিয়ে ঢুকলাম
আমার বহুদিনের স্বপ্নগুলো ভূলুণ্ঠিত হলো।
সেদিন থেকে রাজভোগ খাবার ইচ্ছে হয় না আমার
দেখারও ইচ্ছে হয় না............
১৮.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




