অ নু বা দ ক বি তা
রুবেন দারিও
(রুবেন দারিও (১৮৬৭-১৯১৬ খ্রী.): নিকারাগুয়ান হিস্পানি ভাষার কবি। দারিওর কবিতায় মিশে আছে হিস্পানি ও হিস্পানি আমেরিকার রোমান্টিকদের নাগরিক থিমগুলো-যেমন: প্রগতি, গণতন্ত্র, কেরানিতন্ত্রের বিরোধিতা, স্বাধীনতা ইত্যাদি। কবিতাটি দারিওর "সংগস্ অফ লাইফ এন্ড হোপ"গ্রন্থ থেকে নেয়া। হিস্পানি থেকে ইংরেজিতে ভাষান্তর করেন লাইসান্ডার কেম্প। বাংলায় অনুবাদ করেছেন রায়হান রাইন।)
রুজভেল্টের প্রতি
যে স্বর পৌঁছাবে তোমার কাছে, শিকারী, অবশ্যই তা কথা বলবে
বাইবেলের সুরে কিংবা ওয়াল্ট হুইটম্যানের কবিতায়।
তুমি আদিম এবং আধুনিক, সরল এবং জটিল;
তোমার এক ভাগ জর্জ ওয়াশিংটন আর অন্যভাগ নিমরদ।
তুমিই যুক্তরাষ্ট্র,
ভবিষ্যৎ হানাদার তুমি শাদাসিধা আমাদের আমেরিকার
শরীরে যার ভারতীয় রক্ত, যে আমেরিকা এখনও
প্রার্থনা করে খ্রীস্টের কাছে এবং কথা বলে হিস্পানি ভাষায়।
তুমি তোমার জাতির শক্তিমান এবং গর্বিত মডেল;
তুমি সংস্কৃতিবান এবং সমর্থ; তুমি বিরোধিতা করো তলস্তয়ের।
তুমি একজন আলেকজান্ডার নেবুচাদনেজ্জার,
মারদাঙ্গা ঘোড়া এবং ঘাতক ব্যাঘ্র।
(তুমি শক্তিমত্তার অধ্যাপক,হালের চন্দ্রগ্রস্তরা যেমন বলে)।
তুমি ভাবো, জীবন হলো আগুন
প্রগতি মানে গায়ের জোরে ঢুকে পড়া,
ভবিষ্যৎ হলো তোমার বুলেট
যেখানটায় গিয়ে আঘাত করে।
না।
যুক্তরাষ্ট্র মহৎ এবং ক্ষমতাবান।
সে যখন কাঁপে, এক গভীর আতঙ্ক
ছড়িয়ে পড়ে আন্দেজের বিশাল মেরুদন্ড বেয়ে।
যদি সে চেঁচায়, শব্দটি হয় সিংহের গর্জনের মতো।
এবং হুগো বলেন গ্রান্টকে: "তারকাগুলো তোমার।"
(আর্হেন্তিনার ভোরবেলার সূর্য নগ্নভাবে আলো ছড়ায়;
জেগে উঠছে চিলির তারারা...) সম্পদশালী একটি দেশ,
ম্যামোনের ধর্মবিশ্বাস থেকে যুক্ত হচ্ছে হারকিউলিসের ধর্মাচারে;
যখন স্বাধীনতা, সহজ বিজয়ের পথকে
করছে আলোকিত, নিউইয়র্কে উঁচিয়ে ধরছে তার টর্চ।
কিন্তু আমাদের নিজেদের আমেরিকা, যার আছে কবি
নেজাহুয়ালকোয়ল্টের সেই প্রাচীন কাল থেকে;
যে সংরক্ষণ করেছে মহান ব্যাক্কাসের পদচিহ্ন,
এবং একদা শিখেছে প্যানিক বর্ণমালা,
এবং মন্ত্রণা নিয়েছে তারাদের; আরও জানতো যে আটলান্টিসের কথা
(আমাদেরকে ঘণ্টাধ্বনির সংকেত জানিয়ে যে নাম এসেছিল প্লাতোতে)
এবং যারা এর জীবনের প্রথম মুহূর্তগুলোর সময় থেকেই বেঁচে ছিলো,
আলোকে, আগুনে, সুগন্ধে এবং ভালোবাসায়-
মকতেজুমা ও আতাহুয়ালপার আমেরিকা,
কলম্বাসের সুগন্ধী আমেরিকা,
ক্যাথোলিক আমেরিকা, হিস্পানি আমেরিকা,
সেই আমেরিকা যেখানে মহান ক্যুহতেমক বলেন:
"পুস্পশয্যায় আমি নেই" -আমাদের আমেরিকা,
হারিকেনে কাঁপতে থাকা, ভালোবাসায় কম্পিত:
হে স্যাক্সন চক্ষু এবং বর্বর আত্মার মানুষেরা,
আমাদের আমেরিকা বাঁচে। এবং স্বপ্ন দেখে। এবং ভালোবাসে।
এবং সে সূর্যের কন্যা। সতর্ক হও।
হিস্পানি আমেরিকা দীর্ঘজীবী হোক!
হিস্পানি সিংহের সহস্র বাচ্চারা মুক্ত হয়ে গর্জন করছে।
রুজভেল্ট, স্বয়ং ঈশ্বরের ইচ্ছায়, অবশ্যই তুমি হবে
এক মৃত বন্দুকধারী এবং ভয়ানক শিকারী,
আমাদেরকে তোমার লোহার থাবায় আটকে ফেলার আগে।
আর যদিও তোমার সবকিছুই আছে, তোমার অভাব আছে একটা জিনিসের।
সেটা হচ্ছে, তোমার কোনো ঈশ্বর নাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


