'নিশ্চই আমরা সবার কর্মফল/ভাগ্য নিজের নিজের গলায় হারের মত ঝুলিয়ে দিয়েছি।' হুমায়ূন আহমেদ শেষদিকে একটা কথা বেশি বলতেন, দেয়াল এও লিখেছেন। কুরআনের একটা আয়াত, অনেকটা এই রকমই।
প্রশান্তিযাত্রার অশান্ত স্রোতের প্রথম লহরে স্বাগত।
ক্বাফ-হ্বা-ইয়া-আইন-স্বোয়াদ!
এ হল আপনার মহান প্রভুর রহমতের/দয়ার যিকর/স্মরণ/গল্প,
যা তিনি আপন বান্দা/প্রতিনিধি যাকারিয়া আলাইহিস সালামের উপর করেছিলেন।
যখন তিনি আপন প্রভুকে বিনয়ের সাথে নিচু কন্ঠে ডাকলেন,
বললেন, রব আমার! আমার শরীরের হাড়গুলো হয়ে পড়েছে দুর্বল।
বৃদ্ধাবস্থার দরুণ মাথা ('র রঙ) হয়ে পড়েছে আগুনের শিখার মত শুভ্র।
আর প্রভু আমার! আপনার কাছে কিছু চেয়ে কখনো ফিরে যাইনি।
আমার অন্তর্ধানের পর ধর্ম থেকে দূরে থাকা কাছাকাছি মানুষগুলোর সম্ভাব্য কাজকে ভয় পাচ্ছি। তারা হয়ত ধর্মের প্রতি বিমুখ হয়ে পড়বে।
আর আমার স্ত্রীও সন্তান ধারণ করার মত শারীরিক অবস্থানে নেই।
আপনি আপন অনুগ্রহে আমাকে দান করুন এক বিশেষ উত্তরাধিকারী।
যিঁনি স্বর্গীয় করুণায় আমারো উত্তরাধিকারী হবেন, উত্তরাধিকারী হবেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের বংশের নবুয়্যতের ধারার।
প্রভু আমার! আপনিও তাকে আপন সন্তুষ্টির পাত্র করে নিন।
ইয়া যাকারিয়া!
ইন্না নুবাশ্মিরুকা (নিশ্চই আমি সৃষ্টিকারী)
বি গুলামিন ইসমুহু ইয়াহইয়া (ইয়াহইয়া নামধারী তবপুত্র/সেবক/দাস/প্রতিনিধিকে)
যাঁর পূর্বে এই নামে আর কাউকে আমি সৃষ্টি করিনি!
(লক্ষ্যণীয়, গোলাম অর্থ সুনির্দিষ্ট পিতার পুত্র/কারো পক্ষ থেকে কর্মসম্পাদনকারী/ কারো দাস/ কারো প্রতিনিধি। এখানেই অনেক রহস্য লুকায়িত আছে। কারণ একই রকম আয়াত দেখেছি ইব্রাহিম আ. ও ইসমাঈল আ. বিষয়ে। যখন ইসমাঈল আ. জন্ম নেয়ার বর্ণনা পাই, সেখানে লেখা, আল্লাহ গুলামিন হালিম সৃষ্টি করলেন ইব্রাহিম আ.'র জন্য। কখন গোলাম অর্থ পুত্র আর কখন প্রতিনিধি, এই অর্থে গন্ডগোল বাঁধাতেই কি খ্রিস্টধর্মে স্বয়ং ঈসা আ. কে পুত্র বলা হচ্ছে এবং তারপর সমস্ত মানুষকেই পুত্র বলা হচ্ছে মহান আল্লাহর? যেহেতু ইসলাম নির্ভর আলোচনা, তাই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে অনুসিদ্ধান্তে আসা যায়।)
যাকারিয়া আলাইহিস সালাম আর্জি জানালেন, প্রভু আমার, আমার এখানে গুলাম (পুত্র) কীভাবে জন্ম নিতে পারে?
স্ত্রী সন্তানসম্ভবা হবার দিক দিয়ে শারীরিকভাবে রহিত,
আর আমি নিজে বয়সের কারণে শুকিয়ে যাবার পর্যায়ে পৌছে গেছি।
বললেন, অবাক হয়ো না!
এভাবেই হবে।
তোমার প্রভু বলেছেন!
এই সন্তান সৃষ্টি করা আমার জন্য সহজ,
নি:সন্দেহে আমি এর আগে তোমাকে সৃষ্টি করেছি!
(সূরা মারইয়াম, প্রথম কয়েকটি আয়াত।)
এখানেই কবি নিরব।
আল্লাহ এর আগে সৃষ্টি করেছেন অনাগত সন্তানের পিতাকে। কীভাবে সৃষ্টি করেছেন? পিতা এবং মাতার দ্বারা। সুস্থ পিতা এবং মাতার দ্বারা। আর তাঁর পুত্র কীভাবে জন্মাচ্ছেন? উভয়েই শারীরিক দিক দিয়ে অপ্রযোজ্য এমন পিতা এবং মাতা দ্বারা।
এখন, আয়াতটা স্পষ্ট বলছে,
সুস্থ পিতা এবং মাতার মাধ্যমে সন্তান সৃষ্টি করা আল্লাহর জন্য যেমন,
এই পিতা এবং মাতা দ্বারা সন্তান সৃষ্টি আল্লাহর জন্য ঠিক তেমনি।
তাহলে লজিক্যাল ডিডাকশনে, রেশনালিটিতে শেষ পর্যন্ত কী দাঁড়ায়?
বাবা এবং মা যেমনই হোক এবং যেভাবেই হোক, তারা কোন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হল, আল্লাহ সৃষ্টি করেছেন। এবং দুটা একইভাবে।
* কর্ম এখানে মার খেয়ে যায়।
* বিধাতা এখানে অনির্বচনীয় একচ্ছত্রতা নিয়ে চেয়ে আছেন।
* কিন্তু দেখা যাচ্ছে, এই বিষয়টার প্রার্থনা বিধাতার কাছ থেকে আসেনি বরং সৃষ্টির কাছ থেকে এসেছিল প্রথম আয়াতে।
*** সব মিলিয়ে বলা যাচ্ছে, সৃষ্টি প্রার্থনা করছেন, যেনতেন সৃষ্টি নন, স্বয়ং একজন নবী আলাইহিস সালাম। এবং মহান নবীর প্রার্থনা স্রষ্টা অকল্পনীয়ভাবে কবুল করে নিচ্ছেন- লজিকের বাইরে গিয়ে।
সহায়ক আয়াত, এ বা দু আয়াত পরে,
ইয়া ইয়াহইয়া! (হে ইয়াহইয়া আলাইহিস সালাম! অর্থাৎ যাকারিয়া আলাইহিস সালাম পুত্রপ্রাপ্ত হলেন। সেই মহান পুত্রের সাথে কথা হচ্ছে।)
আমার প্রেরিতপুস্তিকা/কিতাব (তাওরাত) কে দৃঢ়ভাবে ধরে রাখুন!
আমরা তাঁকে বাল্যকালেই হিক্বমাহ/অন্তর্জ্ঞান/সার্বিকজ্ঞান/নুবুয়্যাত দান করেছি।
আপন অনুগ্রহে তাঁকে পবিত্রতায় ভূষিত করেছি, তিনি ছিলেন বড়ই স্রষ্টাসচেতন/পরহেজগার।
আপন পিতামাতার প্রতি তিনি ছিলেন খুবই বিনয়ীভাবে আগত। সাধারণ ছেলেদের মত অবাধ্যতা তাঁর মধ্যে ছিল না।
এবং সালাম হোক ইয়াহইয়া আলাইহিস সালামের উপর,
তাঁর আগমনের দিন,
তাঁর ঘুমিয়ে পড়ার দিন,
তাঁর পুনরায় জাগ্রত হওয়া/ উত্থিত হওয়ার দিন।
আর হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা! আপনি কিতাবে/পবিত্র গ্রন্থে (কুরআনে) যিকর/স্মরণ/ঘটনা বর্ণনা করুন
মারইয়াম আলাইহাস সালাম এঁর।
যখন তিনি পরিবার থেকে দূরে সরে ইবাদাতের জন্য পূর্ব দিকের ঘরে চলে এলেন,
আর নিজের পরিবার ও সমস্ত মানুষ থেকে নিজেকে সরিয়ে নিলেন পর্দার আড়ালে,
(যেন অদৃষ্টপূর্ব সৌন্দর্য আপন চাদর উঠিয়ে দেয়)
আমি তাঁর প্রতি আমার পক্ষ থেকে রূহ/ফিরিশতা জিব্রাঈল আলাইহিস সালামকে পাঠালাম,
তখন জিব্রাঈল আলাইহিস সালাম তাঁর সামনে মানবীয় রূপে আগমন করলেন,
মারইয়াম আলাইহাস সালাম বললেন,
নি:সন্দেহে আমি তোমার কাছ থেকে মহান রবের প্রতি আশ্রয়প্রার্থণাকারী! যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে থাকো।
ক্বালা (জিব্রাঈল আলাইহিসি সালাতু ওয়াস সালাম বললেন,)
ইন্না মা আনা (নিশ্চয়ই আমি,)
রাসূলু রাব্বি (আল্লাহর রাসূল/ আল্লাহর প্রেরিতজন/ আল্লাহর বাণীবাহক ফিরিশতা,)
লি আহাবা লাকি গুলামান্ যাকিইয়্যাহ্ (এসেছি আপনার প্রতি পবিত্র এক সন্তান পৌছে দিতে।)
মারইয়াম আলাইহাস সালাম বললেন,
আমার গুলাম (এক্ষেত্রে পুত্র এবং সার্বিক ক্ষেত্রে প্রতিনিধি/দাস) কীভাবে জন্মাতে পারে?
যেখানে আমাকে কেউ এখনো ছোঁয়নি?
আর আমিও দুষ্কর্মশীল নই।
জিব্রাঈল আলাইহিস সালাম বললেন,
অবাক হবেন না,
এমনি হবে, আপনার প্রভু যা চান,
আমার জন্য তা কোন কষ্টসাধ্য বিষয় নয়।
আর এজন্য হবে, যেন তা মানুষদের জন্য নিদর্শন হয়ে রয়, আমাদের পক্ষ থেকে রহমত হয়ে রয়।
আর এই বিষয় পূর্বনির্ধারিত।
মারইয়াম আলাইহাস সালাম ধারণ করলেন সন্তান। জনবসতি থেকে দূরে চলে গেলেন তারপর।
প্রসববেদনা তাঁকে এক খেজুর বাগানের তলায় ফেলে দিল।
তীব্রকষ্টে তিনি বলতে শুরু করলেন,
হায়! আমি আগেই যদি মরে যেতাম! আর ভুলে যেত সবাই আমাকে!
তখন তাঁর নিচ থেকে (জিব্রাঈল আলাইহিস সালাম অথবা স্বয়ং ঈসা আলাইহিস সালাম) কথা বলে উঠলেন,
অস্থির হবেন না! নি:সন্দেহে আপনার প্রভু আপনার নিচে/অধীনে/থেকে এক প্রবাহ তৈরি করে দিয়েছেন।
অথবা,
আপনার অধীনে এক অতি উচ্চ মর্যাদার সন্তান দান করেছেন।
আর খেজুরের গাছকে নিজের দিকে ঝুঁকিয়ে নিন,
তা আপনার উপর তরতাজা পাকা খেজুর বর্ষাবে।
তাই আপনি খাদ্য গ্রহণ করুন, পান করুন। সুন্দর সব নিদর্শন দেখে প্রাণ জুড়িয়ে নিন। যে কোন মানুষের দেখা পেলেই ইঙ্গিতে জানিয়ে দেবেন, আমি মহান দয়াময় প্রভুর জন্য নিরবতার ব্রত রেখেছি। আজ কোন মানুষের সাথে কথা বলব না।
তারপর তিনি সেই শিশুকে কোলে তুলে নিয়ে আপন জাতির বসতিতে ফিরে এলেন।
তারা বলতে লাগল,
মারইয়াম! তুমি আজব কিছু একটা নিয়ে এসেছ!
হে হারুনের বোন! না তোমার বাবা খারাপ লোক ছিলেন না তোমার মা।
মারইয়াম আলাইহাস সালাম ওই শিশুর প্রতি ইঙ্গিত করলেন,
ওরা বলতে লাগল,
আমরা কী করে এর সাথে কথা বলব? ও তো সদ্যোজাত শিশু।
ক্বালা (বললেন, নবজাত শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,)
ইন্নি আবিদুল্লাহি (নিশ্চই আমি আল্লাহর আবদ=পক্ষ থেকে কর্মসম্পাদনকারী,)
আসানিয়াল ক্বিতাবা ওয়ায্ আলানি নাবিইয়্যাহ্ (যার প্রতি কিতাব নাযিল হয়েছে এবং যিনি নবী আলাইহিস সালাম!)
আর আমি যেখানেই রই না কেন, তিনি আমাকে স্পষ্ট বরকত বানিয়েছেন।
আর যতক্ষণ আমি বেঁচে আছি, তিনি আমাকে নামাজ ও যাকাতের নির্দেশনাদাতা বানিয়েছেন। বানিয়েছেন আপন মাতার প্রতি সুষ্ঠু আচরণকারী। তিনি আমাকে কুকর্মশীল ও অবাধ্য করে তৈরি করেননি।
আর আমার উপর সালাম হোক,
আমার জন্মের দিনে,
আমার ঘুমের দিনে,
আমার পুনরুত্থানের দিনে।
এই হলেন ঈসাবনুল মারইয়াম!
এটুকুই হল সত্যি কথা, যাতে এই মানুষেরা সন্দেহ পোষণ করে!
আল্লাহর মর্যাদার সাথে এই বিষয় যায় না যে, তিনি কাউকে আপন পুত্র করবেন! তিনি এই (মুখাপেক্ষীতা) হতে পবিত্র/মুক্ত। যখন কোন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন, শুধু এই আদেশই দেন,
কুন্ (হও,)
ফা ইয়া কুন্ (আর তা হয়ে যায়!)
(আয়াত সমাপ্ত)
এখন,
* এই সন্তান আগমন করবেন এটা পূর্বনির্ধারিত। ফেইট।
* সন্তান এক্ষেত্রে পিতার প্রয়োজন ছাড়া জন্মেছেন।
* যে আল্লাহ মাত্র জন্ম নিতে থাকা সন্তানের মুখ থেকে খেজুর গাছের ডাল ঝোঁকানোর পরামর্শ পাঠাতে পারেন, যে আল্লাহ এও জানেন যে, খেজুর গাছের ডাল ঝোঁকালে তা থেকে পাকা খেজুর অসুস্থ মাতা মারইয়াম আলাইহাস সালাম এর কাছে পৌছে যাবে, তাঁর জন্য সরাসরি উপর থেকে খেজুর পাঠানোও সমস্যা নয়।
* নবীগণ জন্মের সময় থেকেই নবী, জন্মের সময় থেকেই কিতাবের অধিকারী, জন্মের সময় থেকেই শরীআহ্ এর অধিকারী। তাই তাঁদের প্রতিটা বিষয় সালামের অধিকারী। এবং তখন থেকেই পবিত্রতার অধিকারী, মা-বাবার বাধ্য। সৎকর্মের নির্দেশদাতা।... এবং এভাবেই তাঁদের তৈরি করা হয়েছে। অর্থাৎ তাঁদের প্রতিটা বিষয় পূর্বনির্ধারিত।
প্রশান্তিযাত্রার পরবর্তী পর্বের শুরু হোক ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে নূহ আলাইহিস সালাম থেকে। এগিয়ে যাক স্বয়ং মুহাম্মাদুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হয়ে চরম ও পরম প্রভুর সুকঠিন পূর্বনির্ধারিত ভাগ্যের পথে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




