"আজি ঝরঝর মুখর বাদল দিনে
জানিনে জানিনে কিছুতে কেন যে মন মানে না..."
জানালার পাশে দাড়িয়ে গুনগুন করে গুরুর লাইন ভাঁজছি। ঝিরঝির লয়ে গগনাশ্রু ঝরছে তো ঝরছেই। মাঝে মাঝে হাত বাড়িয়ে তার শীতল স্পর্শসূখ নিচ্ছি। শুধু আকাশের অশ্রুই বুঝি উষ্ঞ হয়না!!!
অনেক ছোটবেলায় এরকম বৃষ্টির মাঝেই কাউকে ভাললাগার অনুভূতি অনুভব করেছিলাম। আজও আমার কাছে অনুভুতি টা সেদিনের মতই মনে হয়। মনে হয় এই তো মূষল ধারে বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই, আমি, অপু, অনিক, সোনিয়া, সেতু, মূন্নী, মূনমূন আপু ভীষন আনন্দে ঝুম বৃষ্টিতে আমাদের ছোট্ট মাঠে দৌড়াদৌড়ি করছি। ছোটখাট ফাইজা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। আনমনে ভিজছে বৃষ্টিতে। ওর দিকে তাকিয়ে আমার মনে হল ও যেন আমাদের পরিচিত সেই ফাইজা নয়। ওর বাস অন্য কোথাও। পরীর দেশের ও যেন এক ছোট্ট পরী। ওর ভেজা চুল, সিক্ত দুটি মায়াময় চোখ, গোলাপী ঠোঁট সবই যেন এক অদ্ভুত বর্ননাতীত সৌন্দর্য। তাকিয়েই রইলাম তাকিয়েই রইলাম।
কতইবা বড় হব তখন, ক্লাস ফাইভে পড়ি। তখনো জানিনা ভালবাসা কারে কয়। প্রেম বলতে চিনি তখন সালমান শাহ- সাবনূর বা মৌসুমির যুগল গান। এর বেশি কিছু না। কিন্তু ওই দিনের পর থেকে ফাইজাকে দেখতে লাগলাম অপরিচিত এক দৃষ্টিতে। ওকে না দেখলে ভাল লাগতো না। সুযোগ পেলেই তাকিয়ে থাকতাম ওর দিকে। দেখতাম নয়ন ভরে প্রকৃতির রহস্য।
ফাইজা হয়তো এই সময়ে তার ভালবাসার মানুষটির সাথে গল্পে ব্যস্ত। জানিনা।
আর আমি স্মৃতির জাবর কাটতে কাটতে বৃষ্টি দেখি। কল্পনার ডানায় ভর করে চলে যাই সেই ছোট্ট হালকা পাতলা মেয়েটির কাছে, যে আনমনে ভিজছে বৃষ্টিতে, ভেজা চুলে দাঁড়িয়ে আছে। চিবুক গড়িয়ে জলের ফোঁটা তার রক্তিম অধরের স্বাদ নিচ্ছে.... আমি একা তাকে দেখছি, শুধুই দেখছি দূর থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


