সমাজের অলিগলি ঘুরে কোথা কি ঘটলো
তার প্রয়োজন হবে না আমার।
কার হাতে ভাঙলো তোমার ভালোবাসার কাঁকন
নগদে মুনাফা লুটে কোন্ কামুক মাতাল
লুফে নিলো সাজানো বাগান-
সে খবরে প্রয়োজন নেই তো আমার।
কোনো পেটুকের উচ্ছিষ্ট খাবার তুমি নও
নও কোনো পচে যাওয়া বিষাক্ত ফল-
মোদ্দা কথা আর সব লোকদের থেকে
ব্যতিক্রমী কোনো চিহ্ন নেই তোমার শরীরে।
ওই সব লোকাদের আওতায় ফেলো না আমাকে!
হাটুরে পণ্যের মতো এপিঠ ওপিঠ দেখে
দরদাম করে তোমাকে কিনতে হবে
এ রকম ইচ্ছেও আমার নেই।
প্রথাসিদ্ধ এ বিকিকিনির হাটে ঘুরে ঘুরে
অবশেষে যখন নিতান্ত মূল্যহীন হয়েই পড়বে
দ্বিধার দেয়াল ভেঙে একবার জানিও তখন
সমুচিত মূল্যেই তোমাকে নেবো।
প্রকাশ: 21.07.1989
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



