আঁধারের শীর্ষ ছুঁয়ে সাগরের নীল জলে ডুবে গেছে পূর্ণিমা চাঁদ।
বিশীর্ণ এ পথ ধরে এক বুক জ্যোছনার হাসি কী করে দেখাবো আমি?
দিন কেটে রাত এলে দীঘল প্রান্তরে অমাবস্যার আঁধার দেখে
কী করে বুঝবে তুমি এখানে পূর্ণিমা ছিলো
প্রাণান্ত হাসির উত্তাল তরঙ্গ ছিলো!
কাল রাতে সাঁই সাঁই করে বয়ে গেছে প্রলুব্ধ বাতাস
বুকের তোরঙ্গ খুলে এক ঝাঁক পাখি
তারই সাথে মিলিয়ে নিয়েছে পাখার দাপট।
কাল রাত বাস্তবিক আমার নিজস্ব ছিলো-
আজ রাত শুধুই তোমার!
দিনভর রাতভর টুপটাপ ঝিরঝির
এইরূপ একটানা বর্ষণের শেষে যদিবা জানতে চাও
এই বুকে কতোটুক্ রক্তের প্রতিজ্ঞা ছিলো-
আমি দেখাবো সাগর আর নীল জলে ডুবন্ত পূর্ণিমা চাঁদ।
প্রকাশ: 23.09.1989
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


