« আগের সংবাদ
মিয়ানমারের মেইখতিলা শহরে সহিংসতার পর জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা —ছবি: রয়টার্স
মিয়ানমারের মেইখতিলা শহরে সহিংসতায় পুড়ে যাওয়া ঘরবাড়ি—ছবি: রয়টার্স
মিয়ানমারের মেইখতিলা শহরে সহিংসতার পর বৌদ্ধ নেতা ও পুলিশের সহায়তায় ঘরবাড়ি থেকে বেরিয়ে আসছেন মুসলিম পরিবারের সদস্যরা—ছবি: রয়টার্স
মিয়ানমারের কেন্দ্রস্থলে অবস্থিত মেইখতিলা শহরে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সহিংসতার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, তৃতীয় দিনের মতো শহরটিতে সহিংসতা অব্যাহত থাকায় দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন আজ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা প্রচার করা হয়।
প্রেসিডেন্ট থেইন বলেছেন, জরুরি অবস্থা জারির ফলে শহরটির আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা সেনাবাহিনীর জন্য সহজ হবে।
শহরটিতে সহিংসতায় এ পর্যন্ত ২০ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার সকালে আটজন নিহত হয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি (এমপি) উইন থেইন জানিয়েছেন, সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার শহরটিতে এক বৌদ্ধ দম্পতি ও এক মুসলমান স্বর্ণ ব্যবসায়ীর মধ্যে বাগবিতণ্ডার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
গত বছর মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় ১১০ জন নিহত ও এক লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এরপর থেকে দেশটিতে বিভিন্ন সময় জাতিগত সহিংসতার ঘটনা ঘটে চলছে। এসব সহিংসতা মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
প্রথম আলো। এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




