নিয়মকানুনের কড়াকড়ির ফলে ভারতের হাইড্রোকার্বন সেক্টরে বিদেশী জ্বালানি প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারিয়ে ফেলছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সান্তোস লিমিটেড এবং ইতালির এনি এসপিএ সে দেশে ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর লাইভমিন্টের।
নিজেদের তিনটি ব্লকসহ হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড (এইচওইসি) ছাড়ার পরিকল্পনা করেছে এনি। ২০০৮ সালে বারেন এনার্জি অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটিতে এনির স্বত্ব ৪৭ দশমিক ১৬ শতাংশে দাঁড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রায়ত্ত হাইড্রোকার্বন কোম্পানির একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বিদেশী প্রতিষ্ঠানগুলো ভারত ছাড়তে চায়। এ জন্য তাদের দোষ দেয়াও উচিত নয়। এনি তাদের তিনটি ব্লক ছাড়ার পাশাপাশি এইচওইসিতেও স্বত্ব ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। একই কথা সান্তোসের ক্ষেত্রেও বলা যায়।
পরিবেশ, বন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স নিতে সমস্যা হওয়ার কারণে মূলত প্রতিষ্ঠানগুলো ভারত ছাড়ার কথা ভাবছে বলে জানা গেছে। অবস্থা এখন এমন এক পর্যায়ে গেছে যে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা অচলাবস্থা নিরসনের চেষ্টা করছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী উদ্যোগগুলো বিচ্ছিন্ন, কোনো সমন্বিত প্রচেষ্টা নয়। আন্দামান, নিকোবর এবং বঙ্গোপসাগরে অবস্থিত ব্লকগুলো পরিবেশ, বন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়।
জানা গেছে, রাজস্থান ব্লক নিয়ে এনি নির্দিষ্ট করে কিছু বলেনি। সুপ্রিম কোর্টের কাছে তারা কোনো ডেজার্ট অ্যাকশন প্ল্যানও পাঠায়নি। ব্লকে ন্যূনতম বিনিয়োগও করা হয়নি। বিদেশে বিশেষ করে রাশিয়ায় প্রতিষ্ঠানটি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।
এনি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের এএন-ডিডব্লিউএন ২০০৩/২ ব্লকের ৪০ শতাংশ এবং অয়েল ও ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেডের মহানদী ব্লক এমএন-ডিডব্লিউএন ২০০২/১-এ ৩৪ শতাংশ স্বত্বের অধিকারী। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্লকে এনিকে মহাকাশ মন্ত্রণালয় থেকে অনুমতি দেয়া হয়নি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের রকেট স্টেজ ইমপ্যাক্ট জোন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। একইভাবে রাজস্থানে সংরক্ষিত ‘মরুজঙ্গল’ এনির ব্লকের এক-তৃতীয়াংশ অঞ্চলে পড়ায় প্রতিষ্ঠানটি সমস্যার ভেতর আছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা নির্ণয়ের বিষয়টি অমীমাংসিত থাকায় সান্তোসও ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী সান্তোসকে এনইসি ডিডব্লিউএন ২০০৪/১ এবং এনইসি ডিডব্লিউএন ২০০৪/২ ব্যবহার করতে দিচ্ছে না। দুটো ব্লকই বেঙ্গল বেসিনের ১৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটারজুড়ে রয়েছে। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল নিয়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধ রয়েছে।
এ বিষয়ে ভারতের জ্বালানিমন্ত্রী এস জয়পাল রেড্ডি বলেন, ‘বিদেশী প্রতিষ্ঠানগুলোর ভারত ছাড়ার বিষয়ে আমি অবহিত নই। এ বিষয়ে আমাকে কোনো প্রতিষ্ঠান থেকেই কিছু বলা হয়নি।’
তবে সান্তোস এবং এনির আগে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান স্ট্যাটঅয়েল, ব্রাজিলের পেট্রোলিও ব্রাসিলিয়েরো এবং যুক্তরাজ্যের বিজি গ্রুপ ভারত ছেড়ে গিয়েছিল। এনি, সান্তোস ও এইচওইসি কারও কাছ থেকেই এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
( দৈনিক বণিক বার্তায় গত ২৯ জুন প্রকাশিত )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




