১
অভিমানের মুখে অসংখ্য কুচিকুচি হাওয়ার দোলা
রোদেলাদুপুর গলে পড়ে ধীরে;
ধীমানে খেলে না কোনো চতুরখেলা।
ইচ্ছের পালতোলা নৌকার লগি মারে জোরে,
কে যায় আনমনে চলে? বিধবাবাতাসে ভাসে লাশের গন্ধ;
কাশবনে ওড়ে বৃষ্টিভেজা ক্লান্তকাপড়ের যুবতীরা।
শরীর থেকে খসে পড়ে বোধের আকুতি -
আগন্তকের পা পড়েছে সামনে; মাটি কাঁপছে, বুক দুরুদুরু।
২
কাজেরটেবিল জুড়ে ডাকছে কতশত কাজ
এলোমেলো চিন্তার চিড়; বসে আছি আলসে দিনভর।
আজরাতে নক্ষত্র গুনেগুনে ভরে নিবো গণিতাভিধান;
বহমান নদীর কান্নার হাহাকার আর পাড়ভাঙার
নিষ্ঠুরশব্দে ফেলে যাবো এইসব অতীতের কথা।
ধূসর সন্ধ্যায় বাজার-ঘাটে কারফিউ-নিরবতা নেমে এলে; একা।
ঘরের জানালায় বাতাসের অহেতুক চুমু, তুমি
বিষণ্ন দেশলাইজ্বেলে ডেকো না ঘুমের বিছানায়।
হাড়গোড় মুড়ে বসে আছি স্তব্ধতায়
বোধের নির্জনে ডাক শুনি - একান্ত কবিতা-উৎসব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


