অয়ন আরেফিন
বাংলা একাডেমী থেকে উদ্ধৃতিবহুল অনেক আলোচনা গ্রন্থ বেরিয়েছে এমন একজন গবেষক পণ্ডিতের কাছে আমরা একবার গিয়েছিলাম আমাদের ছোটকাগজটি নিয়ে। কাগজটি কেবলই প্রেসমুক্ত, নুতন কাগজে আঠার গন্ধ তখনও তীব্ররকম; হাতের মধ্যে নিলেই একধরনের উত্তেজনা হয়। সেই উত্তেজনার রেশ নিয়ে আমরা গেছি তার কাছে; আমাদের কাগজটির একটি সংখ্যা তাকে দিতে পারলে আমাদের ভাল লাগবে এই ভেবেও তার কাছে যাওয়া। তার কক্ষে প্রবেশ করতেই আমাদের আনন্দজনিত উত্তেজিত ভঙ্গিতে তিনি কোন উদ্দেশ্যের ইঙ্গিত হয়তো খোঁজেন, হয়তো ভাবেন এই বুঝি তার পকেট থেকে বিশ টাকা বেরিয়ে গেল; এই ভেবে তার ঘাম ছুটে যায়। যেই মাত্র কাগজটি তার দিকে বাড়িয়েছি তিনি এমনভাবে না বললেন না শব্দটি খুব বিস্তারিত হল, ঘরের মধ্যে আমরা প্রতিধ্বনি অনুভব করলাম- প্রতিধ্বনি মেলাতে না মেলাতেই তিননি অবশ্য বিদ্যা বিলোতে শুরু করেছিলেন: এই ছেলেরা মেঘনাদবধ পড়েছ? অন্নদামঙ্গল পড়েছ? ভাড়ুদত্ত কে জান? পড়াশুনার নামে ঘোড়ার ডিম, যত্তসব হাবিজাবি পদ্য লেখা-পদ্যের কিছু জান তোমরা, এইসব পদ্যটদ্য লিখে কোন লাভ নেই, পত্রিকা টত্রিকা কিনতে পারবনা যাও, ও তাহলে এই ভেবেছেন! আমরা তো আপনাকে অন্যরকম ভেবেছিলাম; তারা যেরকম ভাবেন সবাই হয়তো ওদের মত ভাতের জন্য লেলিয়ে আছে। আর সুধীন্দ্রনাথ দত্ত যে মধ্যযুগকে বলেন অপাঠ্য, সেই মধ্যযুগকে যারা ধ্যানজ্ঞান করেন, তাদের মুখে ছবক শুনলে একধরনের অস্থিরতা হয়, এবং এই অস্থিরতা বাড়ে যখন ইলিয়াসের খোয়াবনামার নাম শুনে তারা অতিশয় বিজ্ঞের মত বলেন, ও হ্যাঁ শুনেছি, ও নামে একখানা গল্পের বই নাকি আছে। আর ভাড়ুদত্ত! মুকুন্দরামের ভাড়ুদত্তকে অবশ্য আমরা জানি, কিন্তু ভাড়ুদত্ত যে সশরীরেও দ্যাখা দ্যান তা কে জানতো! এটা ঠিক বটে, কথিত অতিকায়দের কাছে আমরা বেশিই আশা করি। কিন্তু তারা যে, পর্বত নন, নিদেনপক্ষে টিলাও-বরং নিতান্ত তুচ্ছ মুষিক তা জানতে আমাদের কেবলই দেরি হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




