এই প্রথম আব্বার অসুখটা বর্ষাকালে দেখা দিলো, সাধারণত হেমন্তের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত খরাকারে থাকে। আমি শীতকালে বাড়িতে বেশি দিন থাকি। সব সময় একটা আশংকা থাকে, কখন কার মাথায় বাড়ি মেরে বসে। অসুখটা হলেই বিএ পাশ করা এই সরকারী চাকুরীজীবী লোকটা এক বদ্ধ উন্মাদে পরিণত হয়। আমরা যথাসম্ভব সামলানোর চেষ্টা করি, অনেক সময় দুই দুইটা কলোপিক্সল ডিপোটে যখন কাজে আসে না, তখন বাধ্য হই পৃথিবীর সবচেয়ে ন্যক্কার কাজটি করতে, আপন পিতার পায়ে শেকল! হাঁটা বন্ধ হলেও তো মুখ আর বন্ধ হয়না, চলতে থাকে অশ্রাব্য সব গালি গালাজ। তবুও তাঁর পাশে বসে থাকি। শক্ত করে বুকে চেপে ধরে বোঝাতে চেষ্টা করি।
এবার অসুখটা ভয়াবহ রকমের, ঘরের দরজা জানালা ভেঙ্গে সে এক লন্ডভন্ড অবস্থা। বাড়ির দুই জনের মাথা ফাটিয়েছে, যাকে তাকে মারার জন্য লাপাচ্ছেন। গ্রামের লোকজন সব ক্ষেপে আছে। সকালে যখন কাজের উদ্দেশ্যে বের হবো ঠিক তখন খবরটা পেলাম, বেলা সাড়ে এগারোটার ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
আমি সব সময় এ একটি ব্যপারে সিরিয়াস, আব্বার অসুখ। যেখানেই থাকি যেভাবেই থাকি, দুটো ইনজেকশন আর বাড়িতে যাওয়ার ভাড়াটা সঙ্গে রাখি। বাবাতো বাবাই! আমি কোন কালেও চাইনা, আমার বাবার অসুখের কারণে মানুষ বিরক্ত হয়ে বাবাকে কিছু বলুক কিংবা কেউ বাবার গায়ে হাত তুলুক। তবে এই অসময়ের এই অসুখ নিয়ে আমি খুব চিন্তায় পড়লাম।
সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস সাধারণত বিকেল চারটার মধ্যেই কুমিল্লা স্টেশনে এসে থাকে। আজ রাত সাড়ে ন'টায় আসায় আমার বাস না পাওয়ার আশংকায় গলা শুকিয়ে কাঠ। তবুও রওনা হলাম টমটম ব্রীঝ। না বাস আর ধরা হলোনা। কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত টেম্পুতে এসে যখন চাঁদপুরের বাসের আশায় দাড়িয়ে আছি, তখন চোখের সামনে সুস্থ সবল মাকে মরতে দেখা সন্তানের মত আকাশ গুমগুমিয়ে কেঁদে উঠলো, আহাজারি আর আর্তনাদে প্রকম্পিত জনপদে একা আমি, মাঝে মাঝে দু একটা বাস আসছে আবার চলে যাচ্ছে। ঢাকা চট্রগ্রাম মহাসড়কে অবিরাম গাড়ি থাকলেও এদিকে তেমনটা নেই। গাড়ি দেখে রাস্তায় নেমে এসে আবার ফিরে আসতে হচ্ছে। কোনটা কচুয়া আবার কোনটা লাকসামের, নোয়াখালী রোডের গাড়িগুলোও আমাকে ধোকা দিতে লাগলো।
অনেকক্ষন কেটে গেলে এভাবে। অনেকটা কাক ভেজা অবস্থা আমার। অবশেষে ফরিদগঞ্জগামী বিলাস সুপারের দেখা মিলল। হাজিগঞ্জ যখন নামলাম, তখন রাত দেড়টা। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। জানি এত রাতে কোন রিকসা কিংবা গাড়ির আশা করা ভুল হবে, তাই দেরি না করে হাটতে শুরু করলাম।
হাজিগঞ্জ থেকে আমাদের বাড়ির দুরত্ব প্রায় পাঁচ কিলোমিটারের মত। ছোট বেলায় অনেক বার হেঁটে হেঁটে এসেছি। এখন হাজিগঞ্জ থেকে পালিশারা পর্যন্ত রাস্তা পাকা হওয়ায় শেষ কবে হেঁটে এসেছি মনে নাই। ডাকাতিয়ার ব্রীজ পার হয়ে জিয়া নগরের শেষে শুরু হয় বড়বিল, বড়বিলের মাঝখান দিয়ে হাজিগঞ্জ রামগঞ্জ সড়ক। বড়বিলের এপার ওপার প্রায় দুই কিলো মিটারের মত। রাস্তার দুপাশে শিশু গাছ, কলমীর ঝোপ, কোথাও দু একটা ভিটা। এখানে বাতাসের মাত্রা একটু বেশি। গুড়ি গুড়ি বৃষ্টিও যেন বাতাসের ধাক্কায় সুইয়ে পরিনত হয়। বিলের মাঝামাঝি আসতেই বৃষ্টি তেড়ে আসার হুঙ্কারে কিছুটা ভয় পেলেও কাছেই একটি বাড়ি দেখে মনে সাহস পেলাম। দৌড়ে গিয়ে বাড়িতে উঠার আগেই ভিজে সারা। রাস্তার পাশে নতুন বাড়ি করেছে। একটি মাত্র চৌচালা ঘর, ঘরের টিন দেখে বোঝা যাচ্ছে পুরাতন বাড়িথেকে তুলে এনে এখানে বসানো হয়েছে। মনে মনে ধরে নিলাম কোন প্রবাসী হয়তো বাড়ি করেছে। এদিকের সব গুলো নতুন বাড়িই প্রবাসীদের। বৃষ্টি ধারা ধীরে ধীরে বাড়তে লাগলো, বাতাসের মাত্রাও তীব্রতর হচ্ছে। আমি ঘর ঘেঁষে ঘরের ওঁটার উপর দাড়িয়ে আছি, ঘরের চাল আমাকে বৃষ্টি কিংবা বাতাস কারো হাত থেকেই রক্ষা করতে পারছেনা। বাড়ির কাউকে ডাকারও সাহস পাচ্ছি না। অনেকক্ষন পর ঘরের ভেতর হারিকেনের আলো বাড়ানো হলো, দরজার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে টের পেলাম।
কে এখানে? নারী কণ্ঠ, পরিচিত ঠেকছে। আমি কোন জবাব দিলাম না।
আবারো ভেসে এলো সেই একই কণ্ঠ, চিনতে চেষ্টা করলাম, পারলাম না।
কাঁপা কণ্ঠে জবাব দিলাম, আমি।
আমি কে?
আমাদের বাড়ি ইসলামপুর। দরজা খোলার দরকার নাই, বৃষ্টি কমলেই আমি চলে যাবো।
আমার কথা শেষ না হতেই দরজা খুলে গেল।
ভেতরে আাসেন, আমি ঘরের ভেতর পা রেখে মুখ তুলতেই পৃথিবীর তাবৎ বিস্ময় যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে।
রোকেয়া! আমার ভেজা শার্ট পিঠে লাগতেই যেন দশ বছর আগে মারা মানিক বাবুর বেতের আঘাত গুলো জেগে উঠলো এবং তাতে লবনের ছোঁয়া পড়লো। ব্যাথা জেগে উঠলো সুপ্ত অগ্নিগীরির মত। তাকে দেখার পর আর এক মুহুর্তও আমি এখানে থাকতে পারিনা। কিন্তু পারলাম না।
আপনাকে আমি থাকতে বলবো না, বৃষ্টি কমে গেলেই চলে যাবেন। এখন একটু অপেক্ষা করুন। তার কথা আমি ফেলতে পারলাম না। শত হলেও আমি তাকে ভালোবাসতাম। জীবনের চেয়েও বেশি চাইতাম তাকে, সময়ের ব্যবধানে তাকে অবহেলা করা সাহস আমার নাই্ । টিপিন আওয়ারে তার বই ভেতর রাখা চিঠিটি স্কুল ছুটির আগে মানিক স্যারের হাতে যাওয়ায় আমি শুধু অবাক হইনি, জীবনকে সেদিন ভালোবাসা নামক শন্দ থেকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছি। আমি বলে ছিলাম আমাকে তোমার ভালো লাগলে আমার চিঠির উত্তর দিয়ে, অন্যথায় চিঠিটি ফেরত দিয়ে ক্ষমা করে দিয়ো। আমাকে চিরদিনের জন্য ছোট করে দিলো রোকেয়া । আজ আমি তার ঘরে বসে আছি! উঠে যেতে চেয়ে ছিলাম, দেখলাম আমার দিকে বিভোর হয়ে তাকিয়ে আছে সে। চোখ ভিজে আছে, হাতে ধরা গামছা আমার দিকে বাড়িয়ে দিলো। হাতে নিয়ে কোলের উপর রাখলাম।
আপনি এখনো আমার উপর রাগ করে আছেন?
আমি বললাম, বাড়িতে আর কে আছে? আমার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বললো, আমার শাশুড়ি।
আর কেউ নেই?
না।
তোমার ছেলে মেয়ে? কোন উত্তর দিলো না, শুধু একবার উপরের দিকে তাকালো।
জানেন, আমি আপনাকে ভালোবাসতাম।
আমি জানি তুমি মানিক স্যারের বেতের মার খাওয়ানোর জন্য আমাকে ভালোবাসতে। এবার আর চোখের পানি ধরে রাখতে পারেনি সে, আমি না দেখার বান করে গামছা দিয়ে চুলের পানি নিতে লাগলাম। সেও আঁচলে অশ্রু মুছে নিলো।
আমি বাধ্য না হলে .. কথা শেষ না হতেই আমি বাধা দিলাম। থাক এসব এখন আর শুনে কি হবে, যা হবার তা তো হয়েই গেছে, আর এসব কথা বলে কষ্ট বাড়ানোর কোনো মানে হয়না।
বিশ্বাস করেন, আপনি চিঠি দেওয়ার আগে থেকেই আমি আপনাকে ভালোবাসতাম। তার কথায় এতটাই হৃদয় ছিলো যে আমি আর তাকে বাধা দিতে পারলাম না। জানেন, আমার বান্ধবী নিপা আর সানিয়া বাধ্য করেছিল। আমি চাইনি আপনার নামে কোন অভিযোগ করতে। তারা বলেছে স্যারের কাছে না বললে তারা বাড়িতে বাবার কাছে বলে দিবে। তার বাধভাঙ্গা অশ্রু আমার রাগ মাড়িয়ে মায়ায় পরিনত করলো।
এসব বলে দুঃখ বাড়িয়ে লাভ নাই। তোমার শাশুড়ি শুনলে হয়তো খারাপ.. আমার কথা শেষ না হতেই বললো, উনি কানে শুনেন না।
সে দিনের পর আপনি কারো সাথে কথা বলতেন না। আমার কাছে খুব খারাপ লাগতো। স্কুলের সবচেয়ে চঞ্চল ছেলেটি সবসময় গোমড়ামুখে বসে থাকে। আমি আপনার সাথে কথা বলতে চাইতাম, কিন্তু সাহস কারে বলতে পারতাম না। আপনাকে মিস করতাম। এক সময় আমার বাবা ব্যপারটা জেনে যায় এবং আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি তার মুখের দিকে তাকালাম। রোকেয়া বললো, একদিন স্কুল থেকে বাড়িতে গিয়ে দেখি বিয়ের সব আয়োজন শেষ, আমার কোন কথাই শোনা হলো না। আমার বিয়ে হয়ে গেলো। আমি আপনার সাথে অনেকবার যোগাযোগ করা চেষ্টা করেছি। আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম কিন্ত পারিনি। আজ আপনি কি আমাকে ক্ষমা করবেন?
আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বৃষ্টি কমে গেছে। আমি উঠে দাড়ালাম। আমাকে একটু দাঁড়াতে বলে সে ঘরের ভেতরে গেলো। দুই মিনিট পর ফিরে এলো। হাতে একটা ভাঁজ করা কাগজ। আমার দিকে হাত বাড়িয়ে দিলো। নিঃশব্ধে হাতে নিলাম। খুলে দেখি আমার সেই চিঠি। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার বিশ্বাস হচ্ছিলনা। আমার প্রতি কারো ভালোবাসা এত গভীর হবে আমি জানতাম না।
আমর খুব ইচ্ছে হচ্ছিল তার হাত ছুঁয়ে দেখি। কিন্তু পারিনি। বৃষ্টি থেমে গেছে। আমি ঘর থেকে বের হচ্ছি, আমার খুব ইচ্ছে করছিল আরেকটু সময় থাকতে, রোকেয়া আমাকে আরেকটু থাকতে বললে ভালো হতো। আমি চিঠিটি তাকে ফিরিয়ে দিতে পেছনে তাকালাম। না রোকেয়া নেই। আমি চলে এলাম।
বাড়িতে এসে দেখি বাবার অসুখ নেই। একদম শান্ত। হঠাৎ করে চড়াও আবার হঠাৎ করে ঠান্ডা। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। চার পাঁচ দিন বাড়িতে ছিলাম। না আব্বার অসুখ নেই। বাড়ি থেকে আসার সময় খেয়াল করলাম পাশের বাড়িতে বিয়ে চলছে। দেখতে এসে বিয়ে। আমার একবন্ধুকে দেখে জিজ্ঞেস করলাম, কার বিয়েরে? জানালো তার চাচাতো বোনের। বললো তোদের সাথে পড়তে রোকেয়া, তার জামাই। রোকেয়া অনেকদিন অসুখে ভোগে পাঁচমাস আগে মারা গেছে। রোকেয়ার জামাই সৌদি আরব থাকে। মোটামুটি ভালো টাকা কামায়। আমি আর অপেক্ষা না করে চলে এলাম। বড় বিলের রাস্তায় এসে আমি রোকেয়ার বাড়িটি খুঁজতে লাগলাম, কোথাও নেই সেই বাড়ি। ম্যানিব্যাগ খুলে দেখলাম তার চিঠি আছে কিনা। হ্যাঁ চিঠি আছে। কিন্তু সে বাড়ির কোন চিহ্ণ নেই। আমি আমার ভালোবাসার চিহ্ণ শ্রীমঙ্গলে ফিরে এলাম। আমি কাউকে বলতে পারলাম না আমার শেষ সাক্ষাতের কথা। কারণ এসাক্ষাতের প্রায় পাঁচ মাস আসে রোকেয়া মারা যায়।
আলোচিত ব্লগ
শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"
মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন
দায়ী কে?

সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৪

পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন
টারজান ভিসা

সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়
তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।