মার্চ মাসের ২ থেকে ১০ তারিখ আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কঠিন ও দুঃস্বপ্নের একটি সময় ছিল। জীবনে কখনো ভাবতে পারিনি আমার জীবনে এমন বিপদ আসবে। আল্লাহ আসলে কাকে কখন কি পরীক্ষায় ফেলেন তা একমাত্র তিনিই জানেন। জানিনা এমন পরীক্ষা থেকে তিনি কবে আমাদের মুক্ত করবেন।
আমার স্বামী ঢাকা ইউনিভারসিটির একজন শিক্ষক, সব সময় নিজের পড়াশুনা ক্লাস আর ব্যাক্তিগত জীবন নিয়ে ছাপোষা জীবন যাপন করেছে, কখনো কোন বদ অভ্যাস তার মধ্যে ছিলোনা। ধূমপান পান বা বিড়ি এসবের কোন অভ্যাস ছিলোনা, জীবনে কখনো কারো ক্ষতি করেনি বা কারো ক্ষতির কথা কল্পনাও করেনি, বরং পারলে উপকার করেছে বা উপকারের চেষ্টা করেছে। এমন মানুষের এতো বড় বিপদে সে আমি যতটা হতবাক হয়েছি ঠিক তেমনটাই অবাক ও হতাশ হয়েছে আমাদের পরিচিতজনেরা ও শুভাকাংখিরা। অনেকদিন থেকেই তার সকালবেলায় বমি বমি ভাব হতো আর খাওয়া দাওয়ায় অরুচি ছিল। খাওয়া ঠিকমত হতনা বলে দুর্বল বোধ করতো প্রায়ই। বাংলাদেশের ডাক্তারদের বিচিত্র আচরণের অনেক ইতিহাস শুনে শুনে এক ধরনের ভীতি তৈরি হয়েছিল ওর মধ্যে, তাই অনেকবার বল্লেও ডাক্তার দেখাতে রাজী হয়নি কখনো। ২৫শে ফেব্রুয়ারি মনোবিজ্ঞান বিভাগের পিকনিকে যাই আমরা, তারপর দিন থেকে ওর অসুস্থতাটা বাড়ে। ও আরও বেশী দুর্বল বোধ করতে থাকে আর পেটের সমস্যায় পড়ে। অবশেষে ডাক্তারের কাছে যেতে বাধ্য হয়ে রাজী হয় ও। ২৭ তারিখে আমরা বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন মেডিসিন ডাক্তারের কছে যাই, উনি ওর সমস্যা শুনে যাবতীয় সব রকমের পরীক্ষা নিরীক্ষা করতে দেন। আমরা ঐ দিনই সবগুলো পরীক্ষা করিয়ে বাসায় ফিরে আসি। মার্চের ২ তারিখে রিপোর্ট দেয়ার তারিখ ছিল, আমরা সকালে বের হই ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে যার যার মতো অফিসে যাবো এমন প্রস্তুতি নিয়ে। রিপোর্ট হাতে পাই সকাল ১১ টা নাগাদ। রিপোর্টে দেখতে পাই ওর রক্তে ক্রিয়েটিনিন নামক একটি পদার্থের পরিমাণ অনেক বেশী যা সাধারণ মানুষের জন্য ০.৬ থেকে ১.২ মি.গ্রা. থাকা স্বাভাবিক প্রতি ডেসিলিটার এ সেখানে ওর ছিল ১৪.৮ মি.গ্রা.। হিমোগ্লোবিনের পরিমাণ ছিল ৬। আমরা তখনো জানিনা ক্রিয়েটিনিন লেভেল এতো বেশী থাকার ভয়াবহতা কি, ভাবছিলাম খাওয়া দাওয়ার অনিয়মের জন্য হয়তো হিমোগ্লোবিন কম। আর এজন্য হয়তো ও দুর্বল বোধ করতো সব সময়। ডাক্তার রিপোর্ট দেখে সাথে সাথে আমাদেরকে কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠান । আমরা কিছুটা ভয় পেয়ে যাই। কিডনি ডাক্তার ঐ সময় তার রুমে ছিলেননা, তবে তার সহযোগী একজন ডাক্তার ছিলেন, তিনি ফোনে ডাক্তারের সাথে কথা বলেন। রিপোর্ট এর বর্ণনা শুনে বিশেষজ্ঞ ডাক্তার তখনই ওকে হাস্পাতালে ভর্তি হওয়ার নির্দেশনা দেন। আমরা হতবাক হয়ে যাই। ঐ মুহূর্তে আমাদের মনোভাব আসলে ভাষায় প্রকাশ করার মতো কোন লেখনী কৌশল আমার জানা নেই। প্রতিটি মুহূর্ত কাটছিল আমাদের বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে, আমরা কোনভাবেই মেনে নিতে পারছিলামনা যেই সুস্থ মানুষকে নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি তাকে তৎক্ষণাৎ হাস্পাতালে ভর্তি করাতে হবে। আবার মেডিসিন ডাক্তারের কাছে ছুটে যাই, তিনি আমাদেরকে ওর সমস্যার ভয়াবহতা বোঝান। ডাক্তারদের মতে ওর কিডনি ক্ষতিগ্রস্থ অবস্থায় আছে, ইমারজেন্সি চিকিৎসা শুরু না হলে যেকোন সময় কিডনি ফেইল্যুরের আশংকা করছেন তারা। আমরা ফোনে কয়েকজনের সাথে কথা বললাম। এক পরিচিত ভাইয়ের বড় ভাই ডাক্তার, তিনি তার ভাইকে রিপোর্টের ব্যাপারে জানালেন, ভাইয়ার ডাক্তার ভাইও একই কথা বললেন, তবুও আমাদেরকে আরেকবার ঐ রিপোর্টগুলো করার ও আরেকজন ডাক্তারের সাথে কথা বলার সাজেশন দেন। আমরা তখনি ল্যাব এইড হাস্পাতালে ছুটে যাই, ওখানকার কিডনি বিশেষজ্ঞের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকি। ২ ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার আসেন, সন্ধ্যা ৬টার পর আমরা ডাক্তারের সাথে দেখা করি, তিনি রিপোর্টগুলো দেখে একই কথা বলেন আর ওকে একই টেস্ট আবার করতে বলেন। রাত ৯টা পর্যন্ত আমরা ঐ টেস্টগুলো করার জন্য ল্যাব এইডে থাকি, ওদিকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ থেকে আমাদের ফোন দেয়া হচ্ছিল আমরা কোথায় আছি তা জানার জন্য, কারন আমরা ওদের কথায় তখনই ভর্তি হয়ে এক ঘণ্টার জন্য বিশেষ অনুমতি নিয়ে হাস্পাতাল থেকে বের হয়েছিলাম। বাধ্য হয়ে আবার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাস্পাতালে ফিরে যাই। তখন পর্যন্ত আমরা Denial এ ছিলাম যে এটা সত্যি হতে পারেনা, ওখানে গিয়ে ওখানে অবস্থানরত ডিউটি ডাক্তারের সাথে কথা বলে সত্যকে মেনে নিতে বাধ্য হই আমরা। হাসপাতালে থাকার মতো আর্থিক মানসিক বা অন্যান্য আনুসাংগিক কোন প্রস্তুতি না থাকায় আমরা ঐ দিন ডাক্তারের কাছে অনুমতি নিয়ে বাসায় চলে আসি। বাসায় আমার মা আর বোনের কাছে ছিল আমার ছোট বাচ্চাটা, সারাদিন মা বাবাকে পায়নি বেচারি। বাসায় ফিরে আমার স্বামী ঘুমন্ত মেয়েকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে অনেকক্ষণ। সারারাত দুজনে কেঁদেছি আর ভেবেছি আমাদের কেন আল্লাহ এতো বড় শাস্তি দিলেন। পরের দিন সকালে আবার হাসপাতালে ফিরে গেলাম। যে মানুষটাকে আমি বিগত ১২ বছরে মাত্র একদিন কাঁদতে দেখেছি (আমাদের মেয়ের একমাস বয়সে জন্ডিসের টেস্টের জন্য রক্ত পরীক্ষা করাতে হয়েছিলো, বারডেমের লোকজন আমার মেয়েটার রক্তনালী খুঁজে পাচ্ছিলনা বলে একবার ডান হাতে একবার বাম হাতে আরেকবার পায়ে এভাবে অনেকবার ফুটো করছিল বলে ঐদিন আমরা ৩ জনই একসাথে কাঁদছিলাম) , সেই মানুষ বাসা থেকে বের হওয়ার সময় মেয়েকে বুকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছে। পরের দিন থেকে শুরু হয় তার উপর কষ্টকর সব চিকিৎসা। যে মানুষটা কখনো সর্দি কাশি বা জ্বর হলে ঔষধ খেতে চাইতোনা তাকে এখন প্রতিদিন ১৫/২০ টা করে ঔষধ খেতে হয়, আর শরীরের এখানে সেখানে ফুটো করা ডায়ালিসিসের জন্য ক্যাথেডার করা, হাতে ফিস্টুলা অপারেশন করা এগুলোতো আছেই। ১০ তারিখ পর্যন্ত হাসপাতালে থেকে আমাদেরকে ভয়াবহ দুঃস্বপ্নের এক সপ্তাহ কাটাতে হয়েছে। বর্তমানে ওকে প্রতি সপ্তাহে ৩টা করে ডায়ালিসিস নিতে হচ্ছে। আর প্রতি সপ্তাহে একটি করে রিকোমন ইঞ্জেকশন দিতে হচ্ছে।
আল্লাহ আমাদেরকে এমনভাবে প্রস্তুতি নেয়াচ্ছিলেন এমন বিপদ মোকাবেলার জন্য যা আমরা এখন বুঝতে পারছি। যে আমরা গত ৪/৫ বছর চাকরী করেও কখনো ৫০ হাজার টাকাও জমাইনি সে আমরাই গত ৪/৫ মাসের প্রচেষ্টায় প্রায় ৩ লক্ষ টাকার মতো জমিয়েছি, আমাদের মে মাসে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, মোনাস ইউনিভার্সিটিতে ওর পিএইচডি করতে যাওয়ার সবকিছু ঠিক হয়ে ছিল, এই টাকাটা আমরা তখনকার কথা ভেবে জমিয়ে ছিলাম। তাই আজ এখন পর্যন্ত কারো কাছে না চেয়ে আত্মসম্মান নিয়ে থাকতে পারছি। জানিনা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে কতদিন এভাবে আত্মসম্মান বজায় রেখে থাকা সম্ভব হবে। যেখানে প্রতি মাসে ওর ডায়ালিসিস আর ইঞ্জেকশন বাবদ খরচই আসবে ৫৫ হাজার টাকা, তার সাথে ঔষধ, ডাক্তার ফি আর অন্যান্য টেস্ট, নিজেদের জীবন যাপনের অন্যান্য খরচতো আছেই। তবুও আল্লাহর উপর আমাদের ভরসা আছে, তিনি একটা না একটা ব্যাবস্থা করবেন আমাদের জন্য। আমাদের সবচেয়ে বড় একটা ভরসার জায়গা তিনি আগে থেকেই আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, তা হল ঢাকা ইউনিভারসিটি। অর্থনৈতিক দিক থেকে হয়তো আমরা অনেকটাই নিশ্চিত থাকতে পারবো ঢাকা ইউনিভারসিটি পরিবার বিশেষ করে মনোবিজ্ঞান পরিবার আমাদের সাথে আছে বলে। আমাদের এখনকার বড় চিন্তা হচ্ছে কিডনি প্রতিস্থাপন নিয়ে। ডাক্তারদের মতে ওর জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হল কিডনি প্রতিস্থাপন । এখন নিজেদের মধ্যে কত অল্প সময়ের মধ্যে টিস্যু ম্যাচড কিডনি পাওয়া যাবে আর কত দ্রুত তা প্রতিস্থাপন করে ওকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবে সেটাই চিন্তার বিষয়।
আজ আমাদের মেয়েটার ২য় জন্মদিন। আজ ও ওকে আমরা ঠিকমত সময় দিতে পারবোনা, কারন আজও আমার স্বামিকে ডায়ালিসিস নিতে যেতে হবে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ও ওর আগামি প্রতিটি জন্মদিনে ওর বাবাকে সুস্থ অবস্থায় পায় আর অনেক আনন্দের মধ্য দিয়ে ওর জীবনের বিশেষ দিনটি কাটাতে পারে।
*** অনেকদিন ব্লগে লেখা হয়না, এসব ঘটনার আগেও ব্যাক্তিগত ব্যাস্ততার জন্য বেশী সময় ব্লগে দিতে পারতামনা। সেই লেখা লিখলাম অনেকদিন পর, এমন একটা বিষয় নিয়ে লিখতে হবে কখনো কল্পনাতেও ভাবিনি, এমন লেখা যেন আর কারো লিখতে না হয় সেই কামনা করি। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আল্লাহ আমাদের খুব দ্রুত এমন পরীক্ষা থেকে মুক্তি দেন। সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন এই দোয়া করি।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




