পটকার শব্দ আর তারা বাতির ঝলকানি ছাড়া শবে বরাত দেখব কোন দিন ভাবি নি।
আমার শৈশবে শবে বরাত আসার অনেক আগে থেকেই টাকা জমাতাম। মামা-কাকা যার কাছ থেকে পেতাম, টাকা সংগ্রহ চলত। তার পটকা আর তারা বাতি কিনে সে কি আনন্দ।
পটকার শব্দ হত বেশি এবং তারা বাতিও এখনকার তারা বাতির দ্বিগুণ বড় হত। কতগুলি পটকা ছুঁড়ে মেরে ফোটাতে হত এবং কতগুলি আগুন ধরিয়ে ফোটাতে হত। এক দম পিচ্চিকালে আগুনে পোটকা কিনি নি ভয়ে। কিশোর বয়সে আগুন দেয়ার পটকা কিনতাম।
মহল্লার বিশেষ বিশেষ বাড়ির সামনে পটকা ফুটিয়ে আনন্দ পেতাম। বিশেষত যে বাড়ির মুরুব্বি রগচটা, সেখানে পোটকা ফুটিয়ে ভদ্রলোককে ক্ষেপিয়ে খুব মজা করতাম।
সকালের দিকে পটকা কিনতাম। বিকেল হতেই ফোটানো শুরু হত। অনেকে আগের দিন অগ্রিম কিনে আনত। আমার মনে আছে বাজারে ২/৩ বোমের দোকান ছিল। ওরা শবে বরাতে প্রচুর ব্যবসা করত। সেই দোকান এখন আর নাই।
মা হালুয়া করতেন। আগের রাতে থেকেই শুরু হত প্রস্তুতি। বুটের হালুয়া বানাতে প্রচুর কষ্ট করতেন মা। বিশেষত বুটের হালুয়া শুকনা করে আনার জন্য প্রচুর নাড়তে হত। হাত ব্যথা হয়ে যেত নাড়তে নাড়তে। সুজির হালুয়া ও বুটের হালুয়া একটা বড় ট্রের মধ্যে নিয়ে তারপর বেলুন দিয়ে বেলতাম। তারপর কেটে কেটে সাইজ করতাম।
বিকেলে পটকা ফোটানোর সময় যখন মা বলতেন খালা বা মামার বাসায় হালুয়া দিয়ে আসতে হবে তখন আর ভালো লাগত না। তারপরও হালুয়া রুটি নিয়ে যেতে হত বাড়ি বাড়ি।
একটু বড় হওয়ার পর প্রতি শবে বরাতে কুকুরের লেজে বোম বেঁধে দিয়ে মজা করতাম। একটা দড়ির মধ্যে অনেকগুলো বোম বেঁধে তারপর সেই দড়িটা কোন একটা ঘুমন্ত কুকুরের লেজে বেঁধে দেয়া হত। বাঁধা শেষে দড়ির মাথায় আগুন লাগিয়ে দেয়া হত। বোম ফাটতে শুরু করলে কুকুর ভয়ে দৌড়াদৌড়ি শুরু করত। শেষ পর্যন্ত কখনও কখনও কুকুর ভয়ে পুকুরে গিয়ে ঝাঁপিয়ে পড়ত। আমরা হাসতে হাসতে এ ওর গায়ে লুটিয়ে পড়তাম।
আমাদের মহল্লায় এক ভদ্রলোক খুব মদ খেতেন। একবার শবে বরাতে কুকুরের লেজে বোম বেঁধে সেই কুকুর তার বাড়ি গিয়ে ঢুকল। ভদ্রলোক খুব বিরক্ত হলেন এবং মাতাল অবস্থায় আমাদের খুব গালাগালি করলেন।
আমরা গেলাম ক্ষেপে। কুকুরের লেজে যে রকম করে বোম বেঁধেছি, সে রকম করে দড়িতে বোমা বেঁধে শেষ রাতের দিকে ভদ্রলোকের জানালার কাছে ছুঁড়ে দিয়ে দৌড়ে পালালাম। ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে ঘুম থেকে জেগে গেলেন। কিন্তু আর গালাগালি করার সাহস পেলেন না।
পর দিন আমাদের মহল্লার মুরুব্বিদের কাছে বিচার দিলেন। আমরা কেউ স্বীকার করলাম না।
নামাজ পড়তে যেতাম দল বেঁধে। তারপর রাতে আড্ডা চলত। রিক্সা নিয়ে ঘুরতাম এখানে ওখানে। অবধারিতভাবে বোম ফাটাতাম যেখানে সেখানে।
এখন টেলিভিশনে দেখি, পুলিশ বোমাবাজি নিষেধ করে দেয়, তখন সেটা ছিল আনন্দের ব্যাপার। শুনেছি, পটকা তৈরিও নাকি নিষেধ। জেএমবির হাতে পড়তে পারে বিধায় সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করা হয়েছে।
আজ শবে বরাতের দিন কোন পটকার শব্দ পেলাম না। কোন তারা বাতি জ্বলতে দেখলাম না। বাচ্চারা সব সন্ধ্যার মধ্যেই ঘরের ভেতর সেধিয়ে রয়েছে। কেমন যেন মনমরা সবাই। ওদের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি। ভাবি, আমাদের সেই শৈশব ওরা কোন দিনও পাবে না। ইট, কাঠ, পাথরের ফ্লাটের ভিতর খাচায় বন্দী পাখির মতো ওদের কোন আবেগ নাই। আমাদের মতো স্বতঃস্ফুর্ত আনন্দ করার মতো ওদের সেই ক্ষমতাও বোধ হয় নাই।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


