সেইসব বিকেল-দুপুর আমার কাছে ঘোরজ্বরের প্রলাপের মতো মনে হতে থাকে। ঝাঁকরা বট গাছটা আরো বড় হয়েছে মনে হয়। পাতাগুলো আরো সবুজ। রোকেয়ার পুকুরের পারের মে ফ্লাওয়ারের গাছটাও বেশ সবুজ। বর্ষার কারণে ঘাসগুলোও বেশ বড় আর সবুজ। এই সবুজ নাকি প্রাণের, সজীবতার প্রতীক। আমি কোন প্রাণ পেলাম না! বরং ভীষণভাবে বিবর্ণ আর প্রাণহীন মনে হল পুরো ক্যাম্পাস। ছাত্র-ছাত্রীরা বেশ একটা আতঙ্কের মধ্যে আছে মনে হল। একজনকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কী। সে বলল, ছাত্ররা ক্যারিয়ার সচেতন হয়েছে বলে বিকেলে আর তেমন বের হয় না। পড়াশোনা করে। হাসব না কাঁদব ভেবে পেলাম না। ক্যাম্পাসের নাটকের, গানের, আবৃত্তির সংগঠনগুলো কোথায়? খুঁজে পেতে একটি সংগঠন পেলাম পশ্চিম সীমানায় (পূর্ব সীমানা হচ্ছে রাকসু ভবন কেন্দ্রিক নাটক, গান, আবৃত্তি চর্চার দল আর পশ্চিম সীমানা হচ্ছে মমতাজ উদ্দিন কলাভবন, শহীদুল্লাহ্ ভবন, সিরাজী ভবন কেন্দ্রিক নাটক-গান-আবৃত্তি চর্চার দল)। তারা মহড়া করছে (শেষ খবর এই নাটকের দলটি গত ১৭ তারিখ তাদের নাটকটি মঞ্চস্থ করেছে। তাদের অনেক অভিনন্দন)।
রাস্তায় কোন উড়নচন্ডী বাউন্ডুলের হেড়ে গলার গান শোনা গেল না। ঢোল বাজাতে বাজাতেও গেল না কোন নাটক/গানের গ্রুপ। সমাগত সন্ধ্যায় বান্ধবী/প্রেমিকা/বোনকে হল পর্যন্ত এগিয়ে দিতে আসা ছেলেদের সংখ্যাও কম। দর্শনার্থী আরো কম। ছোট ভাইরা আমাকে তথ্য সরবরাহ করে-ক্যাম্পাসের বিশেষ বিশেষ জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তর জন্য। অথচ সেই দিন (৬ আগস্ট) দুপুরেই জিয়া হলে শিবির আর ছাত্রলীগের কর্মীরা (!ক্যাডার।) বিপুল উৎসাহে মারামারির মহড়া দেয়। তাহলে কী দাঁড়াল বিষয়টা? ক্যাম্পাসের ছোট ছোট চা সিগারেটের দোকানগুলো তুলে দেয়া হয়েছিল সম্ভাব্য বিপদ এড়াতেই। তারপরেও বিপদ থেকে থাকছে না। অথচ থেমে গেছে চা-সিগারেট বিক্রেতাদের আয়রোজগার।
খুব মজার বিষয় হচ্ছে, আগে আমরা থাকতাম শিবিরাতঙ্কে আর এখন সবাই থাকে লীগাতঙ্কে। প্রকৃতির একটি সূত্র আছে না-শূন্য স্থান কোনদিন শূন্য থাকিবে না। (কেউ না কেউ দখল করিবেই- যেভাবেই হউক না কেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




