
অনেক দুর্ভাবনা,
অনেক আশঙ্কা পেরিয়ে পিচ রাস্তাটা গড়িয়েছে অনেকটা দূর,
মৃত শহর জুড়ে শুধু দুটি মাত্র প্রানী হেঁটে বেড়ায় তাতে মাঝদুপুরে,
মেঘের আড়ালে তখন সূর্যের অহংকার
আড়ালে চলে গেছে লোকজন
আড়ালে চলে গেছে গোটা শহর,
সঙ্কোচ ভুলেছি দুজনেই
ভুলে গেছি সভ্যতার নিয়ম।
দুজন মিলে তখন মনে করার আপ্রান চেষ্টা করছি
বিগত শতকের ফেলে আসা শহরের পথঘাট
হারিয়ে যাওয়া কোনো অজ্ঞাত পথিকের পদচিহ্ন।
সঙ্গী আনড্রয়েড গুলিয়ে ফেলছে দিক বারেবারে,
বিশৃঙ্খল পদক্ষেপে এগিয়ে চলছি আমরা
সাথে আবিষ্কারী চোখে গিলে খাচ্ছি ইঁট-কাঠের জঙ্গল।
আগাম সতর্কতা ছাড়াই বৃষ্টি নামে হঠাৎ,
ছন্নছাড়া হয়ে যায় বাসেদের শোকমিছিল
ট্রাফিক জ্যামে আটকে পড়া বড়ো গাড়িগুলির স্লোগান,
আকাশ থেকে ঝরতে থাকে ছয়ই শ্রাবণের ধারা
একসাথে ভিজতে থাকে গোটা শহর,
আর সাথে আমরা দুজনেও
একই ছাতার দুপাশে।
একা শূন্য বড়োরাস্তা এখন বাঁধনহারা আনন্দে নেচে ওঠে আমাদের পদক্ষেপে
হরিণের মতো আমরা ছুটে বেড়াই শহরের অলি-গলি, আনাচ-কানাচে,
জল-কাঁদা মাখা আমাদের হাসি ছড়িয়ে যায় এখানে-ওখানে।
স্তব্ধ শহর জুড়ে শুধু আমরা দুটি প্রানী
পাগলের মতো নেচে বেড়াই,
গেয়ে যাই বুড়ো গায়কের গান।
আহা কত কিছুইনা দেখা হয়ে ওঠে নি এতদিন
আর কত কিছুইনা বলা হয়ে ওঠে নি এতদিনে,
সব যদি নাও দেখা হয়
সব যদি নাও বলা হয়,
আগামী দিনগুলো খুঁজে নেবে বাকি থাকা ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


