প্রশ্ন করায় মেয়েটি হেসে ফেলল। এ ধরনের প্রশ্ন সে সম্ভবত আগে কখনও শোনেনি। খুব সহজ এবং সাধারণ একটি প্রশ্ন। এই মেয়েটিকে কোনওদিন এই প্রশ্ন কেউ করেনি বলেই আমার ধারণা হলো।
আকাশে মেঘ। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ। সন্ধ্যার খানিক আগে চন্দ্রিমা উদ্যানের পাশে লেকের ধার দিয়ে হাঁটার সময় মেয়েটিকে দেখি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কিছু একটা আকর্ষণের চেষ্টা করছে। দেখেই কথা বলতে ইচ্ছে করে। তারপর ভবনের লেকের ব্রিজের একপাশে বসে কথা হয় তার সঙ্গে। কিন্তু আমার প্রথম প্রশ্নটি শুনে সে হেসে ফেলবে ভাবিনি। হাসতে হাসতেই সে উত্তর দেয়, ‘ভাইজান, আমি কেমন আছি এইটা জাইন্যা কী করবেন? কোনও কামের কথা থাকলে কন। দরদাম মিটাই। তারপর চলেন যাই।’
তাকে জানাই কিছু সময় তার সঙ্গে গল্প করব। কিন্তু সে রাজি নয়। গল্প করার সময় তার নেই। তার কাস্টমার ধরতে হবে। কিন্তু নিজের পরিচয় এবং গল্প করার বিনিময়ে আর্থিক সমঝোতা হওয়ায় রাজি হয়। বলে, ‘কন, কী কইবেন?’
আপনার নাম কী?
‘আমার তো অনেকগুলা নাম। একেকজনের কাছে একেক নাম কই। নাম দিয়া কী যায় আসে বলেন?’
কিন্তু আপনার সঙ্গে কথা বলতে হলে তো একটা নাম দরকার।
‘মনে করেন বীথি। অবশ্য এই নাম একেবারে নতুন। এইমাত্র মনে আইল, তাই কইলাম। তবে একজন আমারে এই নামে ডাকে।’
কে সে?
‘বলা যাইব না।’
ঠিক আছে। আপনার গ্রামের বাড়ি কোথায়?
‘সত্যি বলব না মিথ্যা বলব?’
সত্যি বলাতে যদি কোনও সমস্যা না থাকে তাহলে সেটাই বলেন।
‘আর সমস্যা! আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।’
নিজের গ্রামের বাড়ি কথা বলতে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বীথি। শ্বাসটা মিলিয়ে যাওয়ার মুহূর্তেই আকাশে বিদ্যুৎ চমকায়। হালকা অন্ধকারে সেই আলোটা খুব বেশি তীব্র হয় না। তার কিছুক্ষণ পরে দূরে কোথাও বাজ পড়ার শব্দ হয়। সেই শব্দে চমকে ওঠে বীথি। চমকাই আমিও। ভয় দূর করার জন্য বীথি বুকে থুথু দেয়। আমি অন্যদিকে তাকাই। ঠিক সেই মুহূর্তে মাগরিবের আজানের শব্দ ভেসে আসে। পাশের কোনও মসজিদ অথবা সংসদ ভবনের কোনও মসজিদ থেকে ভেসে আসে আল্লাহু আকবার ধ্বনি। বীথি সেই শব্দ শুনে মাথায় ওড়না তুলে দেয়। মসৃণ এবং পাতলা ওড়নাটা মাথায় চুলের সঙ্গে আটকে না থেকে কাঁধের ওপর এসে পড়ে, বীথি আবার তুলে দেয়। এভাবে দুবার। অবশেষে সফল হয় সে। লাল রঙের ওড়নায় গোধূলির সেই রাঙা আলোয় বেশ লাগছিল বীথিকে। যান্ত্রিক এই নগরীতে আকাশের ফাঁক গেল এক চিলতে আলোও যেন মুখে এসে পড়ে বীথির। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করতে যাই। কিন্তু দু ঠোঁটের মাঝখানে তর্জনী নিয়ে আমাকে থামায়। অপেক্ষা করতে বলে আজান শেষ হওয়ার জন্য।
বাদামওয়ালা হাঁক দেয়। ১০ টাকার বাদাম কিনে আমাদের দুজনের মাঝামাঝি রাখি। লবণ মাখিয়ে মুখে দেওয়ার মুহূর্তে আজান শেষ হয়।
‘সন্ধ্যা বেলা কোনও কিছু খাওয়া ঠিক না। আল্লায় নাকি এই সময় কবরের মানুষেগো খাওয়ায়। মরা মানুষগো সম্মান করার জন্যই নাকি এই সময় কিছু খাইতে হয় না।’
আমি বীথির দিকে থাকাই। বাদাম খাওয়া বন্ধ করে জানতে চাই, কার কাছে শুনেছেন এসব?
‘খুব ছোট বেলায় মা কইত। তার কথামতো এহনও চলি।’
এ ব্যাপারে আর কথা বাড়াই না। জানতে চাই আপনার মা-বাবা কোথায় থাকে?
‘বাবা মাটির নিচে, মা আর ছোট দুই ভাই গ্রামে। ভাই দুইডা পড়াশোনা করে।’
আপনি সবার বড়?
‘হুম।’
হুম বলতে গিয়েও দীর্ঘশ্বাস ফেলে সে। আমি তার দিকে তাকিয়ে বলি, আপনার বাবা কী করতেন?
‘কী আর করব, ক্ষেতের কাম। নিজেগো কিছু জমি আর অন্যর জমি বর্গা নিয়া চাষ করত। মারা যাওয়ার পর সংসারে অভাব শুরু হইল। দুই ভাইয়ের পড়াশোনা বন্ধ হওয়ার মতো অবস্থা হইল। আমি তহন আইএ পরীক্ষা দিমু। পরে পরীক্ষা না দিয়াই ঢাকা চইল্লা আসলাম।’
ঢাকায় এসেই কী...?
প্রশ্নটি বুঝতে পারে বীথি। ‘না, ঢাকায় আইসাই এসব শুরু করি নাই। গার্মেন্টসে কাম করতাম। ৫-৬ বছর আগে এলাকার এক আপার সঙ্গে ঢাকায় আইসা তার মাধ্যমেই চাকরি নেই। কিন্তু ওইহানে শান্তিতে আছিলাম না। পরে অন্য একটা গার্মেন্টসে চাকরি নিলাম। কিন্তু সেইখান থাইক্যা একদিন হঠাৎ কইর্যা চাকরি চইল্যা গেল। এইডা মনে করেন প্রায় বছর দুই আগের কথা। তহন গার্মেন্টসে খালি মারামারি হইত। তাই তহুন নতুন কোথাও চাকরি পাওয়াও কঠিন হইয়া যায়। কিন্তু বাড়িতে টাকা পাঠানো তো বন্ধ করা যায় না! নাইলে তো মা-ভাইয়েরা না খাইয়া থাকব! তাই একজনের মাধ্যমে এই পথে আসলাম।’
এটা কী বাড়িতে জানে?
‘অসম্ভব। এটা বাড়িতে জানলে মা আর ছোট ভাইয়েরা কী মনে করব! আর গ্রামের মানুষ কী মনে করব। তারা কি গ্রামে রাখব?’
তাহলে তারা সবাই জানে আপনি গার্মেন্টসে কাজ করেন?
‘হুম’।
এবারও দীর্ঘশ্বাস ফেলে বীথি।
আমি বীথি দিকে তাকিয়ে জানতে চাই, এখন কি বাদাম খাওয়া যাবে?
সে চারদিকে তাকায়। ‘এহন তো সন্ধ্যা শেষ হইয়া গেছে। খান।’
তাকে বাদাম নিতে বলে আমিও হাত বাড়াই দুজনের মাঝে রাখা বাদামের টোঙার দিকে। খেতে খেকে বলি, আপনার চেহারা কিন্তু বেশ সুন্দর।
হাসে বীথি। তবে সেই হাসিতে কেন জানি অবজ্ঞা ফুটে ওঠে। সেই অবজ্ঞাভরা হাসিটি মিলিয়ে যাওয়ার আগেই জানতে চাই ওর পেশা নিয়ে কোনও প্রশ্ন করতে পারব কি না? সে সম্মতি জানালে জানতে চাই, আপনার কাছে সাধারণত কারা আসে?
‘এইটার কী ঠিক আছে, ছাত্র থাইক্যা শুরু কইর্যা ট্যাক্সি ড্রাইভার, চাকরিজীবী, এমনকি বড় ব্যবসায়ীরাও আসে। তয় আসে কইলে ভুল হইব। আমরাই তাগো সঙ্গে যাই।’
কী রকম?
‘বুঝলেন না, তারা এইহানে আসে। দেখে। পছন্দ করে। তারপর সঙ্গে কইর্যা নিয়া যায়।’
যাওয়ার পরে কোনও ঝামেলা হয় না?
‘হয়। অনেক সময় ঠিকমতো টাকা দিতে চায় না। আবার দেহা গেলÑ একজন বা দুইজনের কথা কইয়্যা নিয়া গেল; যাওয়ার পরে দেহি মানুষ ৩/৪ জন। তহন ট্যাকা বেশি চাইলে দিতে চায় না। উল্টাপাল্টা কথা কয়।’
টাকা-পয়সা কেমন দেয়?
‘তারও ঠিক নাই। যেদিন আমরা দেহি কাস্টমার একটু বেশি সেদিন দাম বাড়াইয়া দেই। আবার লোকজন কম মনে হইলেই দাম কমাইয়া দেই। আবার মাঝে মাঝে ফ্রিও করা লাগে।’
ফ্রি মানে?
‘বোঝেন না, পুলিশ আছে, দালাল আছে। আরও কত ঝামেলা পোহাইতে হয়! তাদের সঙ্গে তো ফ্রি শুইতে হয়!’
আপনার সঙ্গে যারা এইসব করে তারা কী কনডম ব্যবহার করে?
‘তারা তো করতে চায় না, আমি বাধ্য করাই করতে।’
কেন বলেন তো?
‘আরে বাবা, এইডা কী আপনে জানেন না? এইডস রোগের ঝুঁকি আছে না? কনডম ছাড়া করলে তো যে কারও এই রোগ হইতে পারে! জাইন্যা-শুইন্যা কেন এই রোগ বানামু? আর এই রোগ হইলে তো কোনও চিকিৎসা নাই। প্রতিরোধ করা ছাড়া কী কোনও উপায় আছে।’
আর কী কী কারণে এইডস হতে পারে? এ সম্পর্কে কি কিছু জানেন?
‘জানি। পরীক্ষা না কইর্যা রক্ত নিলে এবং এক সুচ বা সিরিঞ্জ দিয়া নেশা করলে যে কারও এইডস হতে পারে।’
আর একটা কারণ কিন্তু আছে।
‘কোনটা? যে মায়ের এই রোগ আছে তার পেট থেকে যদি সন্তান হয় তাইলে সেই সন্তানও এই রোগের ভাইরাস নিয়ে জন্মাইব এই কারণডার কথা কন তো?’
তাহলে তো আপনি এইসব রোগ সম্পর্কে বেশ ভালোই জানেন।
‘কেন জানুম না বলেন। এখন তো এই রোগ নিয়ে অনেক কিছু হইতাছে। টিভি-রেডিওতে এত কিছু দেহায়, না জাইন্যা কী উপায় আছে।’
আপনি তো জানেন। কিন্তু যারা আপনার মতো এ ধরনের কাজ করেন এবং এই রোগের ঝুঁকির মধ্যে থাকেন তারা কি জানেন?
‘মনে হয় জানে। অবশ্য আমার পরিচিত যারা আছে সবাইকেই আমি কনডম ব্যবহার করার জন্য কই। আগে তো কেউই ব্যবহার করত না। আর এহন আপনি সবগুলা মাইয়ার ব্যাগেই কনডম পাইবেন।’
এটা কিন্তু একটা ভালো দিক।
‘হুম, এ ক্ষেত্রে রোগের ঝুঁকিটা অনেক কইম্যা যায়।’
কিন্তু আপনারা কী ওই ব্যাপারটা জানেন যে, এইডস রোগের ভাইরাস আছে এটা জানার পরও তার সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করা যায়?
‘এটাও তো সব জায়গায়ই কয়। এইডস রোগীর সঙ্গে নাকি খাওয়া-দাওয়া, গোসল, থাকা সবই করা যায়। এমনকি ওই কাজও করা যায়, কিন্তু কনডম ব্যবহার করতে হয়। সবকিছু মিলাই তার সঙ্গে খুবই স্বাভাবিকভাবে মেলামেশা করা যায়।’
আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যার এই রোগ ধরা পড়েছে?
‘না, এহনও ধরা পড়ছে এমন কেউ নাই। কিন্তু সাবধানের তো মাইর নাই!’
ঠিক। কিন্তু আমি তো মনে হয় আপনাকে অনেক দেরি করিয়ে ফেললাম।
‘না, এহনও তো লোকজন আসা শুরু হয় নাই। তারা আসবো। সবাইরে দেখব। দামদর করব তারপর না সঙ্গে কইর্যা নিয়া যাইব!’
একটানা কথাগুলো বলে থামে বীথি। তারপর ব্যাগ থেকে লিপস্টিক এবং চিরুনি বের করে। ল্যাম্পপোস্টের হালকা আলোয় সে মাথায় চিরুনি বুলিয়ে নেয়। শুকিয়ে যাওয়া ঠোঁটের ওপর আবার লিপস্টিক দেয়। লাল রঙের ঠোঁট দুটোকে আমার কাছে কমলার কোয়ার মতো মনে হয়। লিপস্টিকের ছোঁয়ায় যেন এইমাত্র পেকে উঠল ঠোঁট দুটো।
আমি বীথির দিকে তাকিয়ে বিদায় নিতে চাই। কিছু টাকা বের করে দিলে দাঁড়িয়ে পড়ে বীথি।
‘ভাইজান, আপনের সঙ্গে কথা বইল্ল্যা ভালো লাগছে। এমনে কইরা কহনও কারও কাছে কিছু বলি নাই। আইজ বইল্যা আমারে অনেক হালকা মনে হইতাছে। মাঝে মাঝে আইসেন। গল্প করমু।’
বীথি চলে যায়। আমি তার চলে যাওয়া দেখতে দেখতে ভাবি, এক নারী কত রূপেই না আবির্ভূত হয়!
(লেখাটি সাপ্তাহিক ২০০০ এ চলতি সংখ্যায় প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




