সঞ্জয়ের আইনজীবী সতীশ মানেশিন্ডে জানিয়েছেন,তিনি সঞ্জয়ের সঙ্গে কথা বলেছেন। বলিউড অভিনেতা এই সাজা মেনে নিয়েছেন।রায় শোনার পরও সঞ্জয় মানসিকভাবে শক্তই রয়েছেন। সুপ্রিম কোর্ট এদিন বলেছে, সঞ্জয়ের অপরাধের পরিপ্রেক্ষিত ও সাক্ষ্যপ্রমাণ খুবই গুরুতর।তাই তাঁর সাজা মকুবের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।সঞ্জয় দত্তের বিরুদ্ধে টাডা আদালতের দণ্ডাদেশ সঠিক ছিল বলেও মন্তব্য করেছে আদালত।তবে সঞ্জয় দত্তের এই রায়ের পর্যালোচনা করার আর্জি জানানোর রাস্তা খোলা থাকছে।
বেআইনিভাবে ৯ এমএম পিস্তল ও একে-৫৬ রাইফেল রাখার অপরাধে টাডা ২০০৬-এ সঞ্জয় দত্তের ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত৷ দেড় বছর জেলও খাটেন সঞ্জয়৷ ২০০৭-এ জামিনে মুক্তি পান৷
বৃহস্পতিবার বিচারপতি পি এস সাতাশিবম ও বি এস চৌহানের ডিভিশন বেঞ্চ মামলার ১১৭ নম্বর কয়েদি সঞ্জয় দত্তের সাজা ঘোষণার আগে তাঁর আইনজীবী বলেন, ২০১১ সালে আদালতে হলফনামা দিয়ে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন কোনও অসত্ উদ্দেশে নিজের কাছে অস্ত্র রাখেননি তিনি৷ ১৯৯৩ সালে তাঁর বাবা সুনীল দত্ত ও বোন প্রিয়া দত্তের কাছে লাগাতার হুমকি ফোন আসছিল৷ সেজন্য নিরাপত্তার কারণেই নিজের কাছে অস্ত্র রেখেছিলেন তিনি৷ ইতিমধ্যেই দেড় বছর জেল খেটেছেন সঞ্জয়৷ তারপর সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেছেন৷ ইতিমধ্যে বিয়েও করেছেন৷ সন্তানদের দেখভালের দায়িত্বও তাঁর উপর৷ সবদিক বিবেচনা করেই তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ মকুব করা হোক৷
কিন্তু সুপ্রিমকোর্ট এই আর্জি খারিজ করে জানায়, যে অপরাধে সঞ্জয় দত্ত দোষী সাব্যস্ত হয়েছেন, তা গুরুতর৷ তাঁর কারাদণ্ডের মেয়াদ পুরোপুরি মকুব করা সম্ভব নয়৷ তবে, তাঁর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হল৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




