
অসংখ্য মৃত চোখ চেয়ে আছে
আমার দিকে
আমি স্বপ্নের মধ্যে শুনেছি
তাদের চিৎকার চেঁচামেচি ।
সমস্বরে তারা ধ্বনি প্রতিধ্বনি তুলে
প্রতিবাদ করে ওঠে
কণ্ঠে তাদের প্রতিবাদী গান- শ্লোগান
‘’ আমাদের অধিকার ফিরিয়ে দাও
লোভের গদি ছেড়ে দাও
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও!’’
তার পর দেখি আমিও শামিল
অগণিত সেই মৃত মানুষের মিছিলে
শ্লোগানে শ্লোগানে প্রতিবাদের বিস্ফোরণ
চোখে মুখে তোলে আলোড়ন ।
আমি চিৎকার করে উঠি ঘুমের মধ্যে,
মুঠো ফোনে এলার্ম বেজে ওঠে,
আমি দেখি লাল আলো জ্বেলে
নেভি ব্লু রঙের জিপে চড়ে সাইরেন বাজিয়ে আসছে
অসংখ্য দাঙ্গা পুলিশ
টিয়ার শেল ছোড়া হয় আমাদের দিকে
ছিটানো গরম পানির ফোঁটায় ফোস্কা পড়ে শরীরে ।
ধোঁয়ায় অন্ধকার দেখা আতঙ্কিত
মানুষ ছোটে দিগবিদিগ !
আমি নিপীড়িত মানুষের অধিকার
বুঝিয়ে দেবার প্রত্যয় নিয়েছি তুলে স্কন্ধে
আমিও আমার মত আরও অনেকের
সঙ্গে ইটকেল মারতে থাকি পুলিশের দিক ।
কণ্ঠ রোধ করে দিতে নির্বিচারে লাঠি চার্জ করা হয়
গুলি এসে বুকে লাগে হঠাৎ
ঘুম ভাঙে অকস্মাৎ !
আমি স্বপ্নের মধ্যেই জেগে যাই
আমি স্বপ্নের মধ্যে মৃত মানুষ হয়ে
পুনরায় মরে যাই !
এই জন্মে হাজার জনমে
বঞ্চিতরা যদি অধিকার বুঝে না পায়
ফের জন্মাবো মোরা হয়ে অকুতোভয় ।
এসো সাহসী এসো সাহসিকা,
দেখো মানব সত্ত্বার মৃত্যু নাই ।
এসো প্রতিবাদী সাহস করে একবার মরে যাই
ওরে অবিনশ্বর ভয় নাই
তোর আত্মার কোন বিনাশ নাই ।
কবিঃ রুদ্র আতিক, রায়গঞ্জ
রচনা কালঃ সকাল ০৭.১০ মিনিট
২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ
ছবিঃ যমুনা নদীতে ঐ দিন বিকেলে ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




