আবছা অন্ধকারে ঘুম ভেঙ্গে যায়। তারপর ক্ষণিকের ঘোর। তারপর ধীরে ধীরে আবছা অন্ধকারে সচেতন হয়ে ওঠা। এখন কত রাত কে জানে? একটু আগেও একটা শিশু বুকের ওপর জড়িয়ে ছিল। এখন নেই। স্বপ্ন? এখন ও কাঁদবে না ঠিক করল। বরং এখন তলপেটে চাপ টের পেল ও। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না এখন। আরেকটু সচেতন হতেই ও টের পেল ঘামের ঘন গন্ধ ... পাউডারের মৃদু গন্ধ। ফ্যানটা ঘুরছে মাথার ওপরে। জুলাইয়ের শেষ। ক’দিন হল তেমন বৃষ্টি পড়ছে না। যা গরম। কপালে আর ঘাড়ে ঘাম জমেছে। আবছা অন্ধকার সত্ত্বেও ওদিকটায় জানালার কাছে কিছু আলো চুইয়ে পড়েছে। রাত শেষ হয়ে এল বুঝি। অন্ধকারেই অসার হাতটা বাড়ায় সেতু। হাতটা থমকে যায় ঘামে ভেজা চটচটে বাহুর ওপর ...পারভেজ; ঘুমিয়ে। ঘুমিয়ে? না ঘুমের ভান করে পড়ে আছে ও? সেতু দীর্ঘশ্বাস ফেলে। আজকাল রাতে পারভেজের ঠিকঠাক ঘুম হয় না। সেতু জানে। তারপরও মড়ার মতো পড়ে থাকে। সেতুর তখন ভীষন অস্বস্তি হয়। মনে হয় পাশে মৃত একটা দেহ পড়ে আছে। এবং অনেককাল আগে দেখা একটি মর্মান্তিক দৃশ্য ভেসে ওঠে সেতুর মানসপটে...অনেককাল আগে; সেই বালিকা বয়েসে, ফুলগাজী থেকে পরশুরাম যাওয়ার পথে রেললাইনের পাশে একটা মড়া লাশ দেখতে পেয়েছিল ...থেতলানো রক্তাক্ত লাশ। আর কী রকম একটা গন্ধ (সম্ভবত কাল্পনিক) ভাসছিল বাতাসে...তারপর থেকে সেই কাল্পনিক গন্ধটাই বারবার ফিরে আসে। পারভেজের ঘামে ভেজা চটচটে বাহুতে ডান হাতটা ছুঁয়েছিল... এখন হাতটা সরিয়ে নেয় সেতু। ওর বমি পায়। ওর গা গুলিয়ে ওঠে। বেশ কিছুদিন আগে স্বপ্ন দেখেছিল সেতু-বৃষ্টিভেজা সন্ধ্যায় ফুলগাজী থেকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে পরশুরাম দিকে যাচ্ছে পারভেজ । সেতু শিউরে উঠেছিল। পারভেজ মানেই এখন অস্বস্তি। অথচ, দুবছর আগেও পারভেজ শব্দটায় সমস্ত শান্তি লুকিয়ে ছিল। এই কিছুদিন আগেও সব ঠিকই ছিল। প্রথম দেখা ... তমার বিয়ের দিনে; তমার সঙ্গে জাহাঙ্গীরনগরে পড়ত সেতু। পারভেজ তমাদের কী রকম আত্মীয় হয়। পারভেজও বছরখানেক হল নতুন অফিসে জয়েন করেছে। বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। পারভেজের ভালো চাকরি; তার ওপর রাজাবাজারে চারতলা পৈত্রিক বাড়ি ... পরে তমার মাধ্যমে টেলিফোন নম্বর বিনিময়। প্রথম প্রথম অনিয়মিত কথা। একদিন সাহস করে দেখা। ইস্টার্ন প্লাজায়। ... তারপর নিয়মিত যোগাযোগ। ধানমন্ডি লেক ... বসুন্ধরা ... ইত্যাদি। তখন পারভেজ সিগারেট খেত খুব। সিগারেট সেতুই কিনে দিত। বলত-বিয়ের পর কিন্তু খেতে পারবেন না। পারভেজ রাজী। ... এই কিছুদিন আগেও সব ঠিকই ছিল। একসঙ্গে ঢাকা শহরের এখানে ওখানে ঘোরা। গায়ে হলুদ । বিয়ে। কক্সবাজারের হোটেলের সেই ঘর। তবে সমস্যা যে হয়নি তা নয়। সেতুর বাবা কী কারণে বিয়েতে রাজী ছিল না; পারভেজরা সিলেটের- সেতুরা ফেনীর ফুলগাজীর। এ জন্য কি? নাঃ। এসব আর আজকাল কে দেখে? যা হোক। শিরিন আপাই তখন যা করার করল। শিরিন আপা আর শরীফুল ভাই বাবাকে রাজী করাল। বাবা বড় মেয়ের ব্যাপারে অন্ধ-মেয়ের জামাইকেও ছেলের মতন দেখেন । যা হোক। বিয়েটা হয়েছিল ঢাকায় । বিয়ের পর ফেনী গেল নবদম্পতি । ফুলগাজীর বাড়িতে যতœআত্তি কম করা হয়নি। তারপর ফেনী থেকেই হানিমুনে কক্সবাজার। কক্সবাজারের হোটেলের সেই ঘর...সেই শিহরন ...। তলপেটের চাপটা টের পায় সেতু। অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ায়। বাথরুমে যেতে যেতে কান্না পায় ওর। সেই কাল্পনিক গন্ধটাও পায়। বাবার কথা মনে পড়ে। রাত শেষে অন্ধকারে বাথরুমে কাঁদতে হয় আজকাল। বাবা কি অভিশাপ দিল? কেন?
২
ক’দিন পর। অফিস থেকে বাড়ি ফিরছিল পারভেজ । তখন সবে সন্ধ্যা। সিএনজি পায়নি। বাসেও উঠতে পারেনি সে। বড় ভিড় ছিল বাসে। কাওরান বাজার থেকেই হাঁটছিল। ফুটপাতে ভিড়, পেট্রলের গন্ধ । থিকথিকে একটা গরম জড়িয়ে আছে শহরটাকে। হাঁটতে হাঁটতে ঘেমে যায় পারভেজ। ফুটপাতের ধারে একটা দোকানে বড় স্পিকারে গান বাজছিল- ভালো আর লাগে না/এত কেন মায়া/যত কাছে আমি লাগে শুধু শান্তনা/ অবুঝ ভালোবাসা/ জানি এ নয় খেলা/তবু এ মনে হয় ... অদ্ভূত তো কোরাসটা। কার গান? পুরুষকন্ঠ। এখন আর গানটান আগের মতন শোনা হয় না। চাকরিটাই ওর সারাদিনের সমস্ত শক্তি-উদ্যম শুষে নেয়। ভীষনই ক্লান্ত লাগে। তারপরও এরই ফাঁকে কানে হেডফোন গুঁজলেও গানে মন বসাতে পারে না; আগের মত গান উপভোগ করতে পারে না। অথচ, এখন চারিদেকে কত গান ...পেট্রলের গন্ধভরা সন্ধ্যায় ফুটপাতের ওপর ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পাভেজ সিগারেট টানছিল। রোজ অফিস থেকে বেরিয়েই দুটো সিগারেট কিনে ও। বাড়ি ফিরতে ফিরতে টানে। বিয়ের পর সেতু অবশ্য সিগারেট খেতে দিত না। লুকিয়েই খেত পারভেজ এবং যথারীতি ধরাও পড়ত, বকুনিও খেত... আজকাল অবশ্য সেতু কিছু বলে না-হাল ছেড়ে দিয়েছে সম্ভবত। তবে ভোরবেলা পারভেজকে খালিপেটে আমলকি ভেজানো পানিটুকু মনে করে ঠিকই খাওয়ায় সেতু। কার কাছে শুনেছে-খালি পেটে আমলকি ভেজানো পানি নাকি শরীরের জন্য ভীষন উপকারি। খালি পেটে আমলকি ভেজানো পানি পারভেজের বমি বমি লাগে। তারপরও খায়। কি করবে সে? সেতুর মনে কষ্ট দেওয়া তো সম্ভব না।
হাঁটতে হাঁটতে কখন ইন্দিরা রোডে চলে এল সে। এখানেই পারভেজের ছোট বোনের বাড়ি। অনেকদিন হল রিনাদের যাওয়া হয় না। টেলিফোনে কথা হয় যদিও। আজ কী মনে করে ও বাড়ি যেতে ইচ্ছে করল। রিনার একটাই বাচ্চা। রুপাইয়ের বয়স সাড়ে তিন বছর। সে কথা মনে পড়তেই একটা দোকানের সামনে দাঁড়িয়ে চকোলেট কিনল। দীর্ঘশ্বাস ফেলল। সেতু বাচ্চার পুতুল পর্যন্ত কিনে রেখেছে। অথচ, ...রিনাদের ফ্ল্যাটটা তিনতালায়। বাড়ি ছিল না। কাজের মেয়েটা আর রুপাই ছিল। দেখেই ছুটে এল। পারভের ওর গাল টিপল; দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কোলেও তুলে নিল, চকোলেট বার করে দিল। কত কথা বলল রুপাই। আম্মু বাছায় নাই। আর, আছবে না। পারভেজ দীর্ঘশ্বাস ফেলেই যায়। কত সহজে পৃথিবীতে এসে গেল রুপাই। রুপাই এর বাবা, রিনার বর, নাজমূল ভাই -ব্যাঙ্কার। জীবনের একেকটা স্তর কী সুন্দর করে পেরিয়ে গেল নাজমূল ভাই। আর আমি?
আরও কিছুক্ষণ বসে রুপাইকে আদরটাদর করে পারভেজ নিচে নেমে এল। গলিতেই সিএনজি পেল। উঠতেই ফোন এল। শরীফুল ভাই। সেতুর বড় বোন শিরিন আপার হাজবেন্ড। পারভেজ?
হ্যাঁ। বলুন।
খবর কী। আছ কেমন?
এই আছি। আপনি ভালো? পারভেজ বলল।ওর বুকটা কাঁপছে।
হ্যাঁ। আমরা আছি এক রকম। এইদিকে একদমই আসটাসো না মিঞা। কি হইল তোমার?
পারভেজ কী বলবে।
শুন। পারভেজ।
বলেন।
শরীফুল ভাই বললেন, আমি খোঁজখবর নিয়া জানলাম ...আমার এক বন্ধুর বোন-মানে, খালাতো বোন আর কি ...বুঝলা; বড় ডাক্তার। ডাক্তার জেরিন আফরোজ। যাইবা? গেলে কও, আমি অ্যাপোয়েন্টমেন্ট কইরা দেই...
পারভেজ চুপ করে থাকে। একটু আগে রুপাইকে জড়িয়ে ধরে ভাল্ লাগছিল। এখন সে ভালো লাগা নিমিষে কই উধাও হয়ে গেল। শরীফুল ভাই বললেন,আচ্ছা, আমি তোমারে মেসেজ কইরা নম্বরটা সেন্ড করতেছি। তুমিই অ্যাপোয়েন্টমেন্ট করে নিও ...পারভেজ হঠাৎই রেগে যায়। ফোনটা অফ করে দেয় সে । বড় দুলাভাই মাইন্ড করলে করুক। রাগে গা জ্বলছে তার। সেতু সরাসরি কিছু বলবে না। বড় দুলাভাইকে দিয়ে বলাল। সেতুর এই বাজে ট্রিকটা ভালো লাগল না। আফটারওল এসব স্বামী-স্ত্রীর ব্যাপার। বড় দুলাভাই নাক গলাতে আসে কেন? ঘড়ি দেখল পারভেজ। নটার মতন বাজে। আরেকটা সিগারেট ধরালো। সিএনজি-টা ততক্ষণে গ্রিনরোডে উঠে এসেছে। জ্যামে পড়েছে। সেতু কথাটা আমাকে নিজের মুখে বললেই পারত। তিনমাস ধরে খালি পেটে আমলকি ভেজানো পানি খাচ্ছি। এখন ডাক্তারের কাছে যেতে হলে যাব। কিন্তু, তার আগে ঠিক করতে হবে না-সমস্যাটা কার? সবাই আমার দিকেই আঙুল তুলে দেখাচ্ছে কেন?
বাড়ির সামনে এসে সিএনজিটাকে থামতে বলল পারভেজ । চারতলা বাড়ি। অন্ধকারে ডুবে আছে। লোড শেডিং। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। চারতলার বাঁ পাশের ফ্ল্যাটটা ওর। কত শখ করে গুছিয়ে ছিল বিয়ের আগে। এখন? যেমন আজ সারাদিনে একবারও সেতুর ফোন আসেনি। নাঃ, আজকাল সেতু আর আগের মতন মিনিটে-মিনিটে ফোন করে না। আজকাল বিধ্বস্ত বোধ করে পারভেজ । অথচ ওর বন্ধুরা সব বলে: পারভেজ কপালটা ঝাক্কাস; কোন ফাঁড়াই নেই। একেবারে নিখুঁত। ফ্যামেলি, পড়াশোনা ...চেহারা ... চাকরি ...পারভেজ আধো অন্ধকারে ম্লান হাসে। চাকরি? সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে কাঁধ ব্যথা করে। ergonomics এর নিয়ম মেনেই অফিসের চেয়ার টেবিলগুলি তৈরি করেছে। তারপরও একটা সময় ঘাড়-মাথা ব্যাথা করে। মনিটরের সামনে বসে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে যায়। মাথা টলে ওঠে। সিগারেট খেতে ইচ্ছে করলে ওঠা যায় না- যেন পরীক্ষা হল। এর পর আছে কলিগদের জেলাসি। একদল আছে-কোনও কারণ ছাড়াই ইর্ষা করে, টিজ করে ...এসব বন্ধুরা জানে? অথচ ওর বন্ধুরা বলে পারভেজের মতন কপাল হয় না। ওর লাইফে কোনও ফল্টই নেই। নিখুঁত একটা জীবন। পারভেজের বউটাও জোস। পারভেজ আধো অন্ধকারে ম্লান হাসে। ক্লান্ত শরীরটা টেনে টেনে তুলতে থাকে। আগে ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠতে খারাপ লাগত না। নিচ থেকে মিস্ কল দিত। সেতু ঝলমলে হয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকত। আজকাল কলিংবেল চেপে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকক্ষণ পর সেতু দরজা খোলে।
পারভেজেরে আজকাল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।
৩
আজ দুপুরে জিকাতলা গিয়েছিল সেতু। বড় আপার ফ্ল্যাটটা ওখানেই। মনেশ্বর রোডে। বাবা কখনও ঢাকায় এলে সেখানেই ওঠেন । বাবা কি অভিশাপ দিল? নৈলে পারভেজ কেন-বিয়ের দু’বছর হল। কথাটা আজও সকাল থেকেই মাথায় ঘুরছিল। পারভেজের সঙ্গে বিয়েতে বাবা কেন রাজী ছিল না? লোকে বলে বাবার নাকি আধ্যাত্বিক ক্ষমতা আছে। সেও এক বিস্ময়কর কাহিনী। আগে ফুলগাজী স্কুলে পড়াতেন সেতুর বাবা। তারপর কি হল। রাতারাতি বদলে গেলেন ইয়াসিন মাষ্টার। ঘন ঘন চট্টগ্রাম যেতে লাগলেন; আমানত শাহর মাজারে। চুলে জটা পড়ল। মাস্টারি বাদ দিয়ে দিনরাত ঘরে বসে থাকতেন। লোকজন তদবির নিয়ে আসা শুরু করল। মাষ্টার বাড়ি হয়ে গেল পীরবাড়ি। সেতু তখন ক্লাস এইটে পড়ে। এর অনেক আগেই সেতুর বড় আপার বিয়ে হয়ে গেছিল। সেতুও এস এস সি পাস করে ঢাকায় শিরিন আপার বাড়ি চলে এল। সে সবও কথা মনে পড়ে। রাত শেষে অন্ধকারে বাথরুমে কাঁদতে হয় আজকাল।
শিরিন আপার মনেশ্বর রোডের ফ্ল্যাটে বাবা একাই ছিল। বাবার সত্যিই বয়েস হয়েছে। তামাটে মুখে অজস্র ভাঁজ। কেমন ঘোলাটে চোখ। মাথায় জট। কাছে গেলে আতরের তীব্র গন্ধ পাওয়া যায়। বাবা আজকাল ঢাকা শহরে আসতেই চায় না। তারপরও বড় আপা আর শরীফুল ভাই জোর করে নিয়ে আসে। শরীফুল ভাই সিটি কলেজে পড়ান: ব্যবস্থাপনার অধ্যাপক । সেতু তো মনেশ্বর রোডের ওই বাড়িতেই থেকেই কলেজ আর ইউনিভারসিটি জীবন শেষ করল। তারপরই তো পারভেজের সঙ্গে দেখা। তারপর ...
বাবা বললেন, খালি পেটে আমলকির পানি খায় নি তর জামাই?
খায় আব্বা।
ভালো। শুন, একটা মাটির পাতিল কিনবি। পাতিলে বুড়িগঙ্গার পানি ভইরা খাটের নিচে রাখবি। চিন্তার কিছু নাই। বুড়িগঙ্গার পানি শরীফুলে যোগার করে দিবে।
আচ্ছা।
আর এই তাবিজটা নে। এই তাবিজটা পাতিলে রাখবি। আগে তাবিজ রাখবি। পরে বুড়িগঙ্গার পানি ভরবি।
তাবিজটা নিতে নিতে সেতুর শরীর কেঁপে ওঠে। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছে। সে সময় ওর আশৈশব লালিত বিশ্বাসগুলি সব ঝরে পড়েছিল। ছাত্রীজীবনে সেতু আর তুক-তাক, ঝাঁড়-ফুঁকে বিশ্বাস করত না। আর, এখন? কঠিন এক সমস্যার মুখোমুখি হয়ে জাহাঙ্গীরনগরের অ্যানথ্রোপোলজির ক্লাসে শেখা সমস্ত তথ্যউপাত্ত এখন প্রাণপন ভুলে যেতে চাইছে। সেতু আজ জিজ্ঞেস করেই ফেলল, আব্বা, আপনি কিছু বুঝতে পারছিলেন? আপনি বিয়াতে রাজি ছিলেন না।
আমি আর কি বুঝব রে মা? সবই শাহ পীরজানের ইচ্ছা। তয় আমার ইচ্ছা ছিল সালামতের লগে তর বিয়া দিমু। অখন-
কথাটা শুনে সেতু দীর্ঘনিঃশ্বাস ফেলে। ওর সারা শরীর শীতল হয়ে ভিজে যেতে থাকে। সালামত আব্বার প্রিয় শিষ্যদের একজন। চট্টগ্রামের ছেলে। এখন ফুলগাজীতেই থাকে। তিরিশের মতন বয়স। সেতুর দীর্ঘশ্বাস ঘন হয়ে উঠতে থাকে। অনেক কিছু পরিস্কার হয়ে যেতে থাকে আজ।
মনেশ্বর রোড থেকে ফিরল সন্ধ্যার আগে আগে। ঘরে অসহ্য লাগছিল। রাত আটটার পর ছাদে গিয়েছিল সেতু। অন্ধকার আকাশে কিছু মেঘ জমেছিল। সেতু জানে- বৃষ্টি ঝরবে না। ছাদের কিনারে একা একা ঘুরল কতক্ষণ।
এখন নিচে নামার সময় অন্ধকারে সিঁড়িঘরে পা রেখে থমকে গেল।
পারভেজ বসে রয়েছে সিঁড়ির ওপর। সেতু দীর্ঘশ্বাস ফেলে। তারপর সন্তপর্নে পারভেজ যেখানে বসেছে-তার ঠিক একধাপ ওপরে বসল। পারভেজ টের পায়। তারপরও ঘাড় ঘুরিয়ে দেখল না। চুপচাপ বসে থাকে। অনেক কথা পারভেজ বলতে পারে। পারভেজ বলতে পারে: তুমি আমাকে যা বলার বলতে-শরীফুল ভাইকে দিয়ে ফোন করালে কেন? বলে না। চুপচাপ বসে থাকে। আধো অন্ধকারে ছোট ছোট দীর্ঘশ্বাস পড়ে ওর।
অনেকক্ষণ পর সেতু বলে, বাবা ঢাকা এসেছেন।
পারভেজ চুপ করে থাকে।
আমি বাড়ি যাব।
পারভেজ চুপ করে থাকে।
রাত বাড়ে। ওরা চুপচাপ বসে থাকে।
কথাভাষাহীন।
৪
পরদিন। অফিস থেকে রাত দশটার দিকে ফিরে সেতুকে খুঁজে পেল না। সেতুর নাম্বারে ফোন করল পারভেজ। মোবাইল অফ। শরীফুল ভাইকে ফোন করল। ধরলেন না। রাগ করে আছেন সম্ভবত। তারপর শিরিন আপাকে ফোন করল পারভেজ। শিরিন আপাই যা বলার বলল ...
৫
বিছানার ওপর বসে আছে সেতু । বসার ভঙ্গিটা ভারি করুন। দু-পা ভাঁজ করে হাঁটুর ওপর মুখ রেখে বসে আছে। আর, খাটের কাছে একটা চেয়ারে বসে আছে পারভেজ । আজও সকালে অফিসে যেতে হয়েছিল। পারভেজের জীবনে কী ঝড় যাচ্ছে-অফিস সেসব বুঝবে না। অফিস কেবলই কাজ চায়। তারপরও কলিগকে বলে বেলা ১০টার দিকে বেরিয়ে পড়েছে সে।
সময়টা এখন সন্ধ্যা - সন্ধ্যা ঠিক হয়নি; হব হব করছে। বিদ্যুৎ নেই। যে কারণে টেবিলের ওপর হারিকেন রাখা। তারই ম্লান আলো ছড়িয়ে আছে ঘরে। বাইরে ঝিরঝির বৃষ্টিটা পড়েই যাচ্ছে। বাসটা ফেনী শহরে ঢোকার আগেই বৃষ্টি ঝরতে শুরু করেছিল। বাস থেকে নেমে ভিজে গিয়েছিল পারভেজ। সে সব অবশ্য সে পাত্তা দেয়নি; সেতুর শ্যামলা মুখটা দেখার জন্য অস্থির হয়েছিল । কেমন একটা ঘোরের মধ্যেই মিষ্টি কিনতে একটা মিস্টির দোকানে ঢুকেছিল ও। এরা এসব খুব খেয়াল করে। ফুলগাজীর বাড়িতে শ্বশুর ছাড়াও পারভেজের শাশুড়িও এখনও বেঁচে আছেন। পারভেজের বড় সমুন্ধিও থাকে। ঘর ভরতি লোকজন ফুলগাজীর বাড়িতে । মিষ্টি কিনে সে ফুলগাজীর বাসে উঠেছিল। তারপর বাসটা চলতে চলতে কখন মেঘবৃষ্টি সব কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছিল। তখন বিকেল। আশ্চর্য! বাসস্টপে শ্বশুড় দাঁড়িয়েছিলেন। বৃদ্ধকে ঘিরে কেমন এক রহস্যময়তা। চুলে জটা। কাঁচাপাকা দাঁড়ি, ঘোলাটে চোখ। কী ভাবে জানলেন যে আমি আসছি। পরক্ষণেই মনে হল- ফেনী আসার কথা তো শিরিন আপা জানেন। বৃদ্ধ হাসিমুখে অর্ভ্যথ্যনা করলেন। শেষ বিকেলের হলদে রোদ ঝলমল করছিল। পারভেজের শ্বশুরের পাশে দাঁড়িয়ে ছিল সালামত । লোকটা লম্বা ঢ্যাঙ্গা মতন । সাদ টুপি আর মেরুন রঙের পাঞ্জাবি পরে ছিল । ফরসা মুখে বসন্তের দাগ। দেখলে গাটা শিরশির করে ওঠে। লোকটাকে বিয়ের সময়ই প্রথম দেখেছিল পারভেজ। মিষ্টির বাক্সটা সেইই নিল।
এখন পারভেজ সেতুর মুখের দিকে তাকাল। তখন থেকে খুব একটা কথা বলেনি সেতু । বলেছে, আপাতত আমি এখানেই থাকবে। তুমি ক’টা দিন এখানে থেকে ঢাকায় ফিরে যাও।
কথাটা শুনে সিগারেট খেতে ইচ্ছে হল। সে উঠে দাঁড়ায়। তারপর ঘরের বাইরে এসে দাঁড়ায়। সন্ধ্যাটা আরও গাঢ় হয়ে উঠেছে। সেই সঙ্গে ঝিরঝির বৃষ্টি। উঠানে আলো জ্বলে ছিল। লোকজনের ভিড়। পীরবাড়ি বলেই হয়তো। ওধারে আম গাছ। অস্থির বাতাস দুলছে পাতাগুলি। ওদিকটায় সালামত দাঁড়িয়ে। পারভেজের গা টা কী রকম ছমছম করে ওঠে। সে উঠান পেরিয়ে বাইরে চলে যেতে থাকে । শ্বশুরও দেখছে তাকে। ডাকলেন না। এদিকে একটা পুকুর। পুকুর পাড়ে মসজিদ। এখানে সিগারেট ধরানো যাবে না। আরও অনেকদূর যেতে হবে। এরা কনজারভেটিভ। বিয়ের পর প্রথম যখন সেতুর সঙ্গে ফুলগাজী এসেছিল-সব শিখিয়ে দিয়েছিল। অথচ এখন চারপাশে অন্ধকার। দু’পাশের গাছের পাতার সরসর শব্দ। ব্যঙের ডাক। ভেজা মাটির গন্ধ। রাস্তায় লোকজন আছে। সে ধীরে ধীরে হেঁটে হাইওয়ের কাছে চলে আসে। এখানে একটা ’স মিল। রাস্তার পাশে কাটা গুঁড়ির স্তুপ। কর্কস শব্দ তুলে একটা ট্রাক চলে যায়। সে বাঁ দিকে ঘুরে হাঁটতে থাকে। ওদিকেই পরশুরাম। বিয়ের পর সেতুর সঙ্গে একবার গিয়েছিল। পারভেজ দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তারপর হাঁটতে থাকে। সে জানে-কিছুক্ষণের মধ্যেই সেতুর সঙ্গে একটা অসীম দূরত্ব তৈরি হতে যাচ্ছে। এই দূরত্ব সহজে ঘুচবে না। হঠাৎই যেন মনে হল ... কে যেন আসছে পিছন পিছন। সালামত? সে চমকে যায় না। কারণ-একটু পর যা ঘটতে যাচ্ছে সেতু অনেক আগেই তা দেখে ফেলেছিল। অনেককাল আগে; সেতুর সেই বালিকা বয়েসে, ফুলগাজী থেকে পরশুরাম যাওয়ার পথে রেললাইনের পাশে ...। তারপর কী রকম একটা গন্ধ পেত ( গন্ধটা সম্ভবত কাল্পনিক)... পারভেজকে ঘটনাটা খুলে বলেছিল ... কাজেই, পারভেজ এখন ট্রেনের শব্দ পায়। পরশুরাম অবধি ট্রেন লাইন চলে গেছে সীমান্ত অবধি। সীমান্তের ওপারে ত্রিপুরা। ভারত। ত্রিপুরা পাহাড়ময় একটি স্থান...ঠিক যে কেমন- সে সম্বন্ধে তার তেমন ধারনা নেই। ট্রেনের শব্দট তখন একবার শুনেছিল। মনে হয় ভুল শুনেছিল। তাহলে এটাও কি ভুল? সে আলোর খোঁজে মুখ বাড়ায়। আলো পায় না। অন্ধকার আর অস্থির বাতাস আর ঝিরঝির বৃষ্টি। পারভেজ হাঁটতেই থাকে। হাঁটতেই থাকে। কেননা, সেতু আর ফিরে যাবে না। আর, ও তো জোর করতে জানে না। তাহলে তারও শহরে ফিরে কি আর লাভ? ও বৃষ্টিভেজা অন্ধকারে পাহাড়ের দিকে মুখ করে হাঁটতে থাকে। রেললাইনটা ডানদিকে। সালামত কি এখনও পিছন পিছন আসছে? সম্ভবত। ও জানে -সেতু যত দিন বেঁচে থাকবে-একটা কাল্পনিক গন্ধ পাবে। শান্ত্বনা এখানেই ...
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




