গ্রামটি আমার শান্ত কোমল সবুজ শ্যামল ঘেরা,
শালিক পাখির কিচির মিচির বাবুই পাখির ঢেরা।
নদীর কথা, পাখির কথা, ফুলের কথা কই,
লিখতে গেলে হবে শোন হাজার পাতার বই।
সারা বছর রয়না সমান আমার গ্রামের রূপ,
কানটি খুলে শোন সবাই, এক্কেবারে চুপ!
গ্রীষ্ম কালের কাঠফাটা রোদ ওঠায় নাভীঃশ্বাস,
প্রানটা জুড়ায় কচি ডাব আর মিষ্টি তালের শাঁশ।
বাগান ভরা আম কাঁঠালের সুগন্ধ মৌ মৌ
মুচকি হেসে ঘোমটা টানে মিষ্টি লাজুক বৌ।
ঈষান কোনে কাল মেঘে কাল বোশেখীর ভয়,
বৃষ্টি হবে এই আশাতে কৃষাণ চেয়ে রয়।
বর্ষা এলেই টাপুর টুপুর ঝরছে সারাদিন,
রিমঝিমিয়ে ছন্দ শোনায় ঘরের চালের টিন।
ভেজার ভয়ে রয়না বসে কৃষক মাঝি জেলে,
কলা গাছের ভেলা ভাসায় দস্যি কিছু ছেলে।
আস্তে ধীরে কালো মেঘের কমে আনাগোনা,
সাদা মেঘের ফাঁকে তখন সূর্য তরল সোনা।
নদীর ধারে কাশ বাগানে সাদা ফুলের মেলা
শরৎ ঋতু এমনি করে মাতায় সারা বেলা।
মনটা যখন ভরে উঠে নতুন ধানের ঘ্রানে,
কৃষান মনে স্বস্থি আসে, স্বস্থি আসে প্রানে।
নবান্নতে নতুন চালের পিঠা পায়েস মুড়ি
এরই মাঝে গুটি পায়ে আসে শীতের বুড়ি।
খেজুর রস আর ভাপা পিঠার মন মাতানো স্বাদে,
কিংবা ধরো মেলায় যাওয়া চড়ে মামার কাঁধে।
খড় জ্বালিয়ে আগুন ঘিরে গল্প সবার সাথে,
দাদুর মুখের পানের আশায় সবাইযে হাত পাতে।
হালকা হলে শীতের আমেজ, বষন্তরাজ আসে,
বাতাস জুড়ে নতুন ফুলের গন্ধ তখন ভাসে।
ঈদ বল আর পূজা বল সবার মিলন মেলা,
একের সুখেই অন্য সবাই ভাসায় সুখের ভেলা।
হরেক রকম রঙের মেলায় রঙিন থাকে গ্রাম
বলছি শোন কাটাখিলা আমার গ্রামের নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




