অনেকদিন ছাদে যাইনা,
টবের গাছগুলো বাঁকা দৃষ্টিতে আমার
আপাদমস্তক মাপে আর হিংসেয় জ্বলে পুড়ে মরে;
কিছু পোষা পায়রা আছে ছোট্ট খুপরি'তে,
তোমায় কাছে পেয়ে একদিন ওদেরকেও
অবহেলায় দূরে সরিয়ে রেখেছিলাম,
অরণ্য- মনে পড়ে তোমার? খুব বেশী দিন হয়নি-
যেদিন ঝুম বৃষ্টি'তে দু'জন হাত ধরে হাঁটছিলাম,
বকসাদা পায়রা'টা ছোট্ট দরজা দিয়ে আমাদের
খুব মুগ্ধ হয়ে দেখছিল,আর ওমে বসা সঙ্গীণীটাকে
ঠুকরে ঠুকরে আদর করছিল;
তুমি বিস্ময়ে তাকিয়েছিলে ওদের পানে।
ঠোঁট জুড়ে খেলা করছিল এক মুগ্ধতার হাসি,
আমার খুব লজ্জা লাগছিল- কিছুটা অস্বস্তিও;
ছোট ছোট সন্ধ্যা মালতিগুলো সন্ধ্যের আগেই
পুরো পাঁপড়ি মেলে ধরতে দারুণ ব্যতিব্যস্ত।
কড়া ম্যাজেন্টা রঙের ফুলগুলোতে ইচ্ছে করেই
আমি এঁকে দিয়েছিলাম নরম ওষ্ঠের চুম্বন।
আজ তুমি নেই- অনেক কিছুই বদলে গেছে;
বিবর্ণ খসখসে পলেস্তারা খুলে পড়া এক ছাদ,
নেই এখন আর সেই শান্তির প্রতীক জোড় পায়রা;
কিন্তু এক অদৃশ্য আহ্বান প্রতিদিন নিয়ম করে,
আমায় মন্ত্রমুগ্ধের মত চিলেকোঠায় টেনে নিয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



