আজ যখন সব দরজা খোলা
তবুও কেন লুকিয়ে তারে দেখি,
উদাসিনী চশমা আড়াল তোলা
ক্লান্ত তাহার দুটি ভ্রমর আঁখি।
সুযোগ পেলেই নানান গল্প করি
প্রাত্যহিকের টুকিটাকি কথা,
তারই মাঝে এ ওর আঁচল ভরি
অপরশে ছুঁই দুজনার ব্যাথা।
জন্মদিনে আসবেই ফোন জানি
রিং বাজলে তবুও কাঁপে মন,
সোনার ধানে পূর্ণ তরী খানি
তবুও বাকি সে কোন উত্তরণ।
নেই ত কিছু এখনো না বলা
তবু কিছুর অপেক্ষাতে থাকি,
এ বছরে চুয়ান্নে পা ফেলা
অবুঝ আজও রাখে যে ধারবাকি।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


