অভাজন কবি
নায়ের পাঠাতনে শুয়ে আছে মাঝি
প্রবাসে দিয়েছে পাড়ি বাস্তভিটা
বেদেনীর কন্ঠে শুনি ভাসানের গান
বিসর্জনের পথে হাঁটে হলুদ অভ্যাস।
এইখানে পোতেছিলাম ধুপের হৃদয়
নীল কালি লিখেছিলো শিউলীর স্মৃতি
উড়াল হাওয়ার কথক পড়ে মনোবেড়ি
সময়ের পাতাঝরায় ক্লান্ত দেহমন ।
জলেই তলিয়ে গেল যতনের ছবি
খেরোখাতা গুটানো হউক অভাজন কবি।
নৈঃশব্দের রাত
বাবুই পাখি শহরে এলে ঘটে শিল্প বিভ্রাট
চতুর চড়ুই তড়িৎ গতিতে আগলায় রাজপথ
স্বপ্ন কুড়িয়ে আমি যদি ছেলেবেলাকেই ডাকি
পায়ে হাঁটা পথগুলো তবু কেন বিপরীতমুখী হয়।
গাওনা দলের সাথে হেঁটেছি অনেক পথ
ক্লান্ত রাতের উঠোন ঝরিয়েছে জ্যোৎস্নার আলো
বাড়ির কায়িক মানুষ আঁকে পিটুলির আলপনা
জীবনের নোনাজলে শুধু আমারই বিছানা হয়।
কত কথা স্বপ্ন বেধে রেখেছিলাম অশ্বত্থ তলায়
মোম গলা নৈঃশব্দের রাত শেষ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


