পদ্মা সেতুর দরকার নেই এ কথা বাংলাদেশের কোন পাগলেও বলবে না। এর নাম কী হবে তা জানি না। সে নামটি কতদিন থাকবে তাও জানি না। পাচ বছর পরে অন্য নামটি কি হবে তাও অজানা। ভবিষ্যতের জন্য রেখে দেয়া হল এ সব প্রশ্ন।
তবে আমার ব্যথা অন্য একটি স্থানে।
আমাদের অফিসের দারোয়ান মান্নান মিয়া। চব্বিশ ঘন্টা কাজ করেন। খাওয়া-থাকা অফিসে, মাসে বেতন পান মাত্র তিন হাজার দুশো টাকা। তার বাড়ী নাডুবা-নরিয়া-জাযিরা- শরীয়তপূরে। বিগত প্রায় এক বছর যাবত সে খূব খুশী ও আনন্দ জাহির করে আসছে। তার বাড়ীর কাছ দিয়ে যাবে পদ্মা সেতু। সেখানে লোকেরা অনেক কাজ পাবে। মিল কারখানা হবে। তার এলাকার উন্নতি হবে। জমি-জমার দাম বাড়বে। তাই সে আর এ অফিসে চাকুরী করবে না। বাড়ীতে চলে যাবে এমন সিদ্ধান্তও অফিসকে জানিয়েছে। আমি প্রশ্ন করেছিলাম, আপনার জমি তো আবার সেতুতে খাবে না? সে বলল, না, না, সার! সেতুর জমি একোয়ার হয়ে গেছে। আমার বাড়ী ও জমি জমার অনেক দূর দিয়ে গেছে ব্রীজের জমি।
কয়েকদিন আগে এসে সে কাদতে কাদতে বলল, সার সব শেষ হয়ে গেছে। আমার বসত বাড়ীসহ পাচ বিঘা কৃষি জমি সব লাল নিশানের মধ্যে পড়ে গেছে। বাপ-দাদার বাড়ী ছাড়তে হবে। ব্রীজের জন্য কিন্তু এ জমি লাগবে না। এখানে নাকি আমোদ-ফুর্তি করার জন্য অনেক কিছু হবে। মিল কারখানা করবে। এখন আমরা কই যামু? বিঘা প্রতি টাকা দেয় মাত্র এক লাখ করে। যাদের অবস্থা ভাল তারা তাড়াতাড়ি করে জমিতে একটা দো-চালা ঘর উঠিয়ে দিচ্ছে। টাকা বেশী পাবে। কিন্তু আমরা যারা গরীব তারা কী করবো? আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু যারা নেতৃত্ব দেবে তাদের টাকা পয়সা ও লোভ দেখিয়ে সাইজ করা হয়েছে। এখন আন্দোলন করারও উপায় নাই। যে জমির পরিবর্তে তারা এক লাখ টাকা দেবে সে ধরনের জমি ওর আশে পাশে কিনতে আমাদের লাগবে পাচ লাখ টাকা। আশে পাশে জমি কিনে যে থাকবো সে সুযোগও নাই। শত শত পরিবার এখন জমি কেনবে। তারা জমি খুজছে। যারা জমি বিক্রি করবে তারাও দাম বাড়িয়ে দিয়েছে। কোথায় যামু এখন? মাত্র পাচ লাখ টাকায় কোথাও জমি পাওয়া যাবে না। বাড়ীঘর তো পরের কথা। আমার বউ ব্রীজের কথা মনে করলে এতদিন হাস দিতো, আর এখন রাতে ঘুম থেকে ব্রীজ আইল! ব্রীজ আইল বলে চিতকার দিয়ে উঠে পাগলের মত আচরণ করে। ছোট ছেলেটা বলেছে, বাবা এমন জায়গায় জমি কেনবা যেখানে ব্রীজ নাই আর কোন দিন ব্রীজ হবেও না। তারা এখন ব্রীজকে জ্ঞান করে সর্বনাশী রাক্ষুস।
আমি মান্নান মিয়া-কে শান্তনা দিয়ে বললাম, দেখুন, যদি আপনার জমি নদীতে ভেঙ্গে নিত তাহলে তো জমির দাম পেতেন না। এখনতো দাম পাচ্ছেন। সে বলল, বাপ-দাদার জমি চিরকালের জন্য ছাড়তে হবে এটা কীভাবে মেনে নেই। আর যে টাকা দেয় তা দিয়ে যদি আশে পাশে সে রকম জমি কিনতে পারতাম তবেও এত দু:খ থাকতো না। নদীতে নিলেও মনটাকে বুঝ দিতে পারতাম।
জিজ্ঞাসা করলাম, এখন তাহলে কী করবেন? কোথায় বাড়ী করবেন? সে বলল, ময়মনসিংহের দিকে নাকি জমি জমা সস্তা সে দিকে যামু বলে নিয়্যত করেছি। ও এলাকায় থাকলে বউ, ছেলে মেয়ে জমির জন্য চিন্তা করে পাগল হয়ে যেতে পারে।
আমার মনে পড়ে গেল আবুল কালাম শামসুদ্দীনের গল্পটা, পথ জানা নেই। সেখানে দেখা গেল, যে গহুর আলী একদিন রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছিল সেই গহুর আলী পাগল হয়ে কোদাল নিয়ে সারা দিন রাস্তা কাটতো। রাস্তা তাকে সর্বনাশ করেছে বলে. . . .।
আমার প্রশ্ন করতে ইচ্ছে হয়, ব্রীজের সাথে আমোদ-ফুর্তির স্পট করতেই হবে এটা কোন কিতাবে আছে? আর এটা কতটা লাভ জনক সেটা কে বিবেচনা করবে? যমুনা সেতুর ওখানে তো অনেক কিছু করা হল, তা এখন সংরক্ষণ করতে লাখ লাখ টাকা খরচ হয় প্রতি মাসে। কি কাজে লাগে এগুলো? তিস্তা ব্রীজের কাছে দেখেছি সুন্দর অবকাশ যাপন কেন্দ্র। কিন্তু সারা বছর তো খালি থাকে। কত গরীব মানুষকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে এ সবের জন্য তার হিসাব কে দেবে?
তারপর প্রশ্ন থেকে যায়, ব্রীজের জন্য যাদের জমি নেয়া হবে তাদের জমির যৌক্তিক ও ন্যায্য মূল্য দিতে সমস্যা কোথায়?
তবুও পদ্মা সেতু হবে। তার ইতিহাসে বহু নাম লেখা হবে। কিন্তু লেখা হবে না সেই ইতিহাসে মান্নান মিয়াদের করুণ কাহিনী। তাদের ত্যাগের কাহিনী। তাদের বাপ-দাদার বাস্তু-ভিটা হারানোর কাহিনী। কারণ ইতিহাসে মজলুম আর নির্যাতিতদের কোন স্থান নেই। এভাবেই মানুষের করুণ-কাহিনী আর নিস্ফল আশা আকাশে বাতাশে হাহাকার হয়ে থেকে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


